বিশ্ববিদ্যালয়ে সেলফি কোর্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজব সেলফি
আজব সেলফি

সেলফি নিয়ে বিশ্বজুড়েই চলছে মাতামাতি। সবাই এখন সেলফি তুলতে ব্যস্ত। ২০১৩ সালে অক্সফোর্ড অভিধানের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে এটি। অভিধানটির সম্পাদকদের মতে, সামাজিক যোগাযোগের মাধ্যম ও নিজের ছবি তোলার ক্ষেত্রে যে ইংরেজি শব্দ ব্যবহৃত হয় তা থেকেই ‘সেলফি’ শব্দটির উৎপত্তি।

‘সেলফি’কে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েব ক্যামে ধারণ করা এবং তা যেকোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেওয়া) করা। অক্সফোর্ড অভিধানের সম্পাদকদের তথ্য অনুযায়ী, ২০০২ সালে একটি অনলাইন ফোরাম প্রথম সেলফি শব্দটি ব্যবহার করেছিল।

সাম্প্রতিক এই সেলফি তোলার জোয়ার নিয়ে কেউ বলছেন হাল আমলের উন্মাদনা কেউবা বলছেন ‘আসক্তি’। তবে যে যাই বলুন না কেন, তরুণেরা যে সেলফি ভক্ত তা গুগলের সাম্প্রতিক এক গবেষণাতেই দেখা গেছে। গোটা বিশ্বের তরুণ-তরুণীরা এখন প্রতিদিন গড়ে ১৪টি করে সেলফি তোলে বলেই জানিয়েছে গুগল। তবে, এখনকার তুমুল জনপ্রিয় এই সেলফি যে পড়ানোর বিষয়ও হতে পারে তা করে দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়। বিষয়টি এখন বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখন সেলফি তোলার নিয়মকানুনগুলো রীতিমতো পড়ানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি নর্থওয়েস্টের শিক্ষকেরা সেলফি বিষয়ে নতুন কোর্স করানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেলফির জনপ্রিয়তা ও এ বিষয়টি নিয়ে আরও জানার জন্য অনেকে শিক্ষার্থী এ কোর্সটির জন্য নিবন্ধন করেছেন।

বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক ইভ বোটান্ডো বলেন, সেলফি নিয়ে যেসব গবেষণা হয়েছে সেগুলো আলোচনা করার পাশাপাশি আমাদের সমাজে সেলফি নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সে বিষয়েও পড়ানো হবে। শিক্ষার্থীরা অনেকেই নতুন এই বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী।’

শুধু ইন্ডিয়ানা ইউনিভার্সিটিই নয়, সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ও সেলফি নিয়ে একটি কোর্স চালু করেছে। তাদের মতে, সেলফি হচ্ছে ‘কালচারাল আর্টিফ্যাক্ট’। আত্মপরিচয় অনুসন্ধান করতে সমাজের প্রভাব ও বৈশ্বিক সংস্কৃতিতে সেলফির কী ধরনের প্রভাব ফেলে সে বিষয়টি বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক সি. ম্যারিনো ‘হ্যাসট্যাগ সেলফি ক্লাস’ নামের কোর্সটি পড়াচ্ছেন।


ক্যালিফোর্নিয়া-লস অ্যাঞ্জেলেস বিশ্ববিদ্যালয়েও সেলফি সংক্রান্ত একটি বিষয় পড়ানো হচ্ছে। ডিজিটাল কলা অনুষদের শিক্ষক মিরিয়াম পোজনার ‘সেলফি, স্ন্যাপচ্যাট, অ্যান্ড সাইবারবুলিং: কামিং অব এজ অনলাইন’ বিষয়টি পড়াচ্ছেন। (আইএএনএস)