বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে বিয়ে, অতঃপর...
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে প্রেম এবং পরে বিয়ে করেন যুবক ইমরান হোসেন (২৩)। তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ফাঁস হওয়ার পর মেয়ের পরিবার এ বিয়ে ভেঙে দেন। মেয়েটি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। গত বৃহস্পতিবার সকালে ইমরান পরীক্ষার কক্ষে হানা দিয়ে মেয়েটিকে নিয়ে টানাহেঁচড়া করছিলেন। পরে উপস্থিত লোকজন তাঁকে মারধর করে পুলিশে দেন। ইমরানের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকায়। তিনি এসএসসি পাসও করেননি। পেশায় পাইপ মিস্ত্রি বলে জানা গেছে। অথচ তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে শহরের এক মেয়ের সঙ্গে প্রেম করে আসছিলেন। গত ১১ ফেব্রুয়ারি মেয়েটিকে ১৫ লাখ টাকার কাবিনে বিয়ে করেন ইমরান। এরপর মেয়ের পরিবার বোয়ালখালীর গ্রামের বাড়িতে ছেলের বিষয়ে খোঁজ নেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নেজামউদ্দিন বলেন, ইমরানের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন মেয়ের বাবা। আসলে ইমরান বিশ্ববিদ্যালয় তো দূরের কথা মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিও পেরোতে পারেননি। প্রতারণা করে তিনি শিক্ষিত ওই মেয়েকে বিয়ে করেন। আর বিয়ের কাবিন ধরা হয় ১৫ লাখ টাকা, যা বিস্ময়কর। এ কারণে মেয়ের পরিবার বিবাহবিচ্ছেদ ঘটাতে বাধ্য হন।পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে ইমরানের সাবেক স্ত্রী চট্টগ্রাম কলেজকেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। ওই সময় ইমরান সবার চোখ ফাঁকি দিয়ে পরীক্ষার কক্ষে ঢোকেন। একপর্যায়ে তাঁর সাবেক স্ত্রীর হাত ধরে টানাহেঁচড়া করছিলেন তিনি। পরে তাঁকে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেওয়া হয়। কলেজের সামনে উপস্থিত লোকজন তাঁকে মারধর করে পুলিশে দেয়।ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি তো প্রেম করে বিয়ে করেছি। মেয়ের বাবা অকারণে আমার ওপর ক্ষিপ্ত হন। আমার বিরুদ্ধে লোকজন লেলিয়ে দেন। বৃহস্পতিবার আমাকে বেদম পেটানো হয়।’