বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিফাত বাঁচবেন তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের অক্টোবরে প্রথম সন্তানের মা হয়েছেন সিফাত মুনতাহা। পরিবারে তখন আনন্দের বন্যা। সেই বন্যাতেই যে সুখের সংসারে বিষাদ নেমে আসে, সে কথা কে ভেবেছে! সন্তান আবরার শানিলের জন্মের ১০ দিনের মাথায় এল সেই মন খারাপ করা খবর। চিকিৎসকের ধারণা, সদ্য মা হাওয়া সিফাতের শরীরে দেখা যাচ্ছে ক্যানসারের প্রাথমিক লক্ষণ। শুরু হলো স্বামী শাকিল আহম্মেদের দৌড়ঝাঁপ। তবে সবার অগোচরে সব ধরনের পরীক্ষার পর চিকিৎসকের ঘোষণা ব্লাড ক্যানসার।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সিফাত মুনতাহার স্বামী শাকিল আহম্মেদ সম্প্রতি উত্তীর্ণ হয়েছেন সহকারী জজ হিসেবে। যশোরের মেয়ে সিফাত মুনতাহাকে কাছের মানুষেরা চেনেন সনি নামে। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। শাকিলের সঙ্গে পরিচয় সেই সুবাদেই। কারণ শাকিলও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন। পরিচয় থেকে প্রণয়। ২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। বিয়ের প্রায় দুই বছর পর্যন্ত একের পর এক সুখের সংবাদের মধ্যে হঠাৎ যেন উল্টো স্রোতে ঝড় বয়ে এনেছে সনির ক্যানসারের খবর। যে খবরে ম্লান হয়ে পড়েছে শাকিলের হাইকোর্ট বিভাগে ওকালতির সনদ বা প্রথম সন্তানের জন্মও।

তবে ক্যানসারের খবর পাওয়ার পর থেকে বসে নেই শাকিল আহম্মেদ। নিজেদের যেটুকু সম্বল তা দিয়েই স্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যান। সেখানে সনিকে দেওয়া হয়েছে কেমোথেরাপি। তবে সে থেরাপিও ব্যর্থ হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, সনিকে বাঁচাতে হলে দ্রুত ক্যানসার আক্রান্ত কোষের জায়গায় সুস্থ কোষ প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট) করতে হবে। যার জন্য প্রয়োজন প্রায় ৯০ লাখ থেকে সোয়া ১ কোটি টাকা।

শাকিল এত দিন চেষ্টা করেছেন নিজের সর্বস্ব দিয়েই। তবে এখন তাঁর হাত প্রায় ফাঁকা। শাকিল তাঁর প্রিয়তম স্ত্রীকে বাঁচাতে চান। চাইলে তাঁকে সহযোগিতা করা যাবে। ব্যাংক হিসাব: নাম: মো. শাকিল আহম্মেদ ও মোছা. সিফাত মুনতাহা সনি, হিসাব নম্বর: ১১০.১৫১.০০৭৫৪৪৮, ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। সুইফট কোড ডিবিবিএলবিডিএইচ ১১০।