বিশ্বব্যাপী অনলাইনে লাইভ অপেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় কম্পোজার জিওসেপ্পে ভার্দির লা ট্রাভিয়াটা অপেরার একটি দৃশ্য। ছবি: দ্য অপেরা প্ল্যাটফর্ম ডট ইইউ
ইতালীয় কম্পোজার জিওসেপ্পে ভার্দির লা ট্রাভিয়াটা অপেরার একটি দৃশ্য। ছবি: দ্য অপেরা প্ল্যাটফর্ম ডট ইইউ

মাদ্রিদের তিয়াত্রো রিয়াল বা রাজকীয় নাট্যমঞ্চে আজ মঞ্চস্থ হতে যাচ্ছে ইতালীয় কম্পোজার জিওসেপ্পে ভার্দির ঐতিহাসিক অপেরা লা ট্রাভিয়াটা। আনন্দের খবর হলো বিশ্বের যেকোনো জায়গা থেকেই অনলাইনে সরাসরি দেখা যাবে অপেরাটি। খবরের এখানেই শেষ নয়, বরং শুরু। কেননা লা ট্রাভিয়াটা সম্প্রচারের মধ্য দিয়েই শুরু হচ্ছে বিশ্বব্যাপী সরাসরি অপেরা সম্প্রচারে ইউরোপীয় ইউনিয়নের নতুন উদ্যোগ দ্য অপেরা প্ল্যাটফর্ম-এর কার্যক্রম।

বিশ্বব্যাপী দর্শক-শ্রোতাদের জন্য বিখ্যাত অপেরাগুলো দেখার সুযোগ অবারিত করতে অনলাইনে সরাসরি অপেরা সম্প্রচারের এই উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দ্য অপেরা প্ল্যাটফর্ম নামে এই উদ্যোগে ইতিমধ্যেই একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ‘দ্য অপেরা প্ল্যাটফর্ম ডট ইইউ’ ঠিকানার এই ওয়েবসাইটে লগইন করে বিশ্বের যেকোনো দেশ থেকে বিনা মূল্যে সরাসরি অপেরা দেখতে পারবেন যে কেউই। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

দর্শকদের সুবিধার্থে অপেরা সম্প্রচারের সময় ফরাসি, ইংরেজি, জার্মান, স্প্যানিশ, ইতালীয় ও পোলিশ ভাষায় সাবটাইটেল দেওয়া হবে। ওয়েবসাইটটিতে অপেরা বিষয়ক নানা প্রামাণ্যচিত্র, আলোকচিত্র ও ভিডিওচিত্রের সংগ্রহ এবং বিভিন্ন অপেরার প্রযোজনা সংক্রান্ত তথ্য-উপাত্তও থাকবে। গড়ে প্রতি মাসে একটি অপেরার সরাসরি সম্প্রচার করা হবে এই ওয়েবসাইটে।

ইউরোপীয় ইউনিয়নের সৃজনশীল ইউরোপ কর্মসূচি অপেরা ইউরোপার সঙ্গে মিলে এই উদ্যোগ বাস্তবায়ন করছে। ১১৫টি অপেরা কোম্পানি ও অপেরা উৎসবের সংঘ এই অপেরা ইউরোপা। পাশাপাশি বিশ্বের আরও ১৫টি অপেরা কোম্পানি এবং সংস্কৃতি বিষয়ক টেলিভিশন চ্যানেল ‘আর্টে’ সরাসরি অপেরা সম্প্রচারের এই কার্যক্রমে যুক্ত রয়েছে। এই ওয়েবসাইটটি পরিচালনায় তিন বছর মেয়াদি এই প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ৪০ লাখ ইউরো। এই বাজেটের অর্ধেকটাই আসবে ইউরোপীয় ইউনিয়নের সাংস্কৃতিক বাজেট থেকে।

 সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে,‘দ্য অপেরা প্ল্যাটফর্ম অপেরাকে তুলে ধরা এবং অপেরার বিনোদন ছড়িয়ে দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম। যারা আগে থেকেই অপেরার দর্শক তাঁদের কাছে এবং যারা হয়তো এই প্রথম অপেরা দেখবেন তাঁদের কাছেও সমভাবে অপেরার আবেদন পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাজানো হয়েছে এই ওয়েবসাইটটির কার্যক্রম।’

মাদ্রিদের তিয়াত্রো রিয়াল মঞ্চে লা ট্রাভিয়াটা অপেরার একটি দৃশ্য। ছবি: দ্য গার্ডিয়ান
মাদ্রিদের তিয়াত্রো রিয়াল মঞ্চে লা ট্রাভিয়াটা অপেরার একটি দৃশ্য। ছবি: দ্য গার্ডিয়ান

দ্য অপেরা প্ল্যাটফর্মের উদ্বোধনী সম্প্রচার
ইতালীয় অপেরা কম্পোজার জিওসেপ্পে ভার্দির ‘লা ট্রাভিয়াটা’।
(এক প্রাসাদের অভিজাত রমণীর প্রেমে পড়েন মফস্বলের এক মেধাবী যুবক। প্রাসাদের এক নিমন্ত্রণে দুজনের দেখা হয়। অনেক বাধা পেরিয়ে দুজনের প্রণয়ের দিন এলেও চিরতরে দুজনকে বিচ্ছিন্ন করে দেয় নিয়তি। ১৮ শতকের প্যারিসকে ঘিরে এই প্রেমকাহিনি ফুটিয়ে তোলা হয়েছে লা ট্রাভিয়াটা অপেরায়।)
মঞ্চ: তিয়াত্রো রিয়াল, মাদ্রিদ, স্পেন।
সময়: ০৮ মে, ২০১৫। মাদ্রিদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট
(বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিট। উল্লেখ্য, বিশ্বের যেকোনো স্থান থেকে লগইন করলেই সেখানকার স্থানীয় সময়ের হিসেবে সরাসরি সম্প্রচারের কতক্ষণ বাকি আছে ওয়েবসাইটে তা দেখা যাবে।)
সরাসরি দেখার ওয়েব ঠিকানা: http://www.theoperaplatform.eu/en