বিশ্বভরা প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরটার যোগ-সাধনায় যেন হঠাৎই ছেদ পড়ল। কোরিয়ার রাজধানী থেকে বেশ দূরে নির্জন সেই ইনচন শহরের বড় বড় গাছ আচমকা ঘুমভাঙা শিশুর মতো অবুঝ চোখে তাকিয়ে দেখল ৬৩টি দেশের ছয় শতাধিক শিক্ষার্থীর ব্যাপক কর্মকোলাহল। কী হচ্ছে, কেন হচ্ছে—এসব বুঝতে বুঝতেই শহরটা পার করে ফেলল পাঁচ-পাঁচটি দিন। আশ্চর্য মেঘদল আর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু অট্টালিকার এ শহর অবশেষে জানল, ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত তার বুকেই অনুষ্ঠিত হয়ে গেল মডেল জাতিসংঘ অধিবেশনের (জিমুন) তৃতীয় বৈশ্বিক সম্মেলন (www.un.org/gmun)।১৮ থেকে ২৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের প্রথম আসরটি অবশ্য বসেছিল ২০০৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় আর দ্বিতীয়টি ২০১০ সালে মালয়েশিয়ায়। এবারের তৃতীয় আসরটি কোরিয়ায়, যা কিনা জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেশ।কোরিয়ার নতুন শহর ইনচনকে কোলাহলমুখর করতে শরিক হয়েছিল বাংলাদেশের দুটি দল—ডিমুনা ও ইউনিস্যাব। ডিমুনা দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধার্থ গোস্বামী, মামুন মিয়া, জানিবুল হক, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম। অপরদিকে ইউনিস্যাব দলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কানিজ ফাতেমা ও আদিবা নাছের, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) তানজিনা আহমেদ চৌধুরী, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির ফরহাদ রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফারাহ মালিহা।নৈঃশব্দ্যের সেই শহর থেকে তাঁরা ফিরে এসেছেন নিজ শহর ঢাকায়। স্মৃতির বারান্দায় তবু ছড়ানো ইনচনের কতগুলো স্বপ্নময় দিন। সেই স্মৃতির কিছুটা ভাগ আমরাও উপভোগ করি তাঁদের মুখ থেকে। শুরুতেই ইউনিস্যাবের ডিরেক্টর কানিজ ফাতেমা জিমুন বিষয়টি খোলাসা করলেন এভাবে, ‘জিমুন জাতিসংঘের একটি প্রতীকী অধিবেশন, যা আসলে আগামী দিনের নেতৃত্ব তৈরির উদ্যোগ। এই অধিবেশনে জাতিসংঘের মতোই বিভিন্ন সদস্য দেশ, নিরাপত্তা পরিষদ, এডিবি, ইউনিসেফ, ইউনেসকো ইত্যাদি অঙ্গসংগঠন অংশগ্রহণ করে এবং জাতিসংঘের অধিবেশনের মতো একই নিয়মে পূর্বনির্ধারিত বিষয়ে আলোচনা-সমালোচনা ও পর্যালোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করে।’‘মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেক শিক্ষার্থীই কোনো না কোনো দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, কেবল নিজ দেশ ছাড়া। কানিজের কথা শেষে জুড়ে দেন তানজিনা আহমেদ চৌধুরী। তিনি এবার সুযোগ পেয়েছিলেন গ্যাবনের হয়ে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিত্ব করার।সিদ্ধার্থ গোস্বামীও কম সৌভাগ্যবান নন। তিনি ছিলেন ইইউভুক্ত দেশ স্লোভেনিয়ার প্রতিনিধি; আর তার বদৌলতে শাণিত বক্তব্য দিয়ে সন ডু কনফারেন্স সেন্টার মাতিয়ে তুলেছিলেন। একইভাবে জানিবুল হক ফিনল্যান্ডের, জাহাঙ্গীর আলম উরুগুয়ের, আদিবা নাছের ইকুয়েডর, ফরহাদ রহমান অ্যাঙ্গোলার, ফারাহ মালিহা কলম্বিয়ার এবং কানিজ ফাতেমা ইথিওপিয়ার হয়ে জাতিসংঘের এই প্রতীকী অধিবেশনে কথা বলার সুযোগ পেয়েছেন।সিদ্ধার্থ গোস্বামী ও মামুন মিয়া বলেন, ‘জাতিসংঘের উপমহাসচিব কিও আকাসাকার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মারক তুলে দেওয়ার মুহূর্তটি এ সফরের বিরাট প্রাপ্তি।’এসব অভিজ্ঞতার পাশাপাশি তাঁরা ঝুলিতে ভরেছেন বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন ভাষা। প্রমাণ হাজির করতে বললে আদিবা তৎক্ষণাৎ বলে ফেলেন, ‘আন্নে আসেও চিংগু!’। মানে কী এর? হুম্ম্... এখন তো বলা যাবে না...আদিবার মুখে রহস্যময় হাসি। অবশেষে অর্থটা বললেন, ‘কেমন আছো বন্ধু।’অংশগ্রহণকারীরা যেমন ভিন্ন জাতি, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা সম্পর্কে জেনেছেন, তেমনি নিজ দেশের পরিচয় জানাতেও ভুল করেননি। সে জন্য দেশ থেকে বয়ে নিয়ে গেছেন মাটির গয়না ও বিভিন্ন তৈজসসহ নানা কিছু। তা দেখে অন্যদের চোখ নাকি চড়কগাছ। মাটি দিয়ে এত সুন্দর জিনিস হয়!!বাঙালি শিক্ষার্থীরাও কম বিস্মিত হননি, শুধুই শুঁটকির জন্য নির্ধারিত আলাদা শুঁটকি বাজার দেখে। অক্টোপাসের শুঁটকি, কাঁকড়ার শুঁটকি, জেলি মাছের শুঁটকি... চারপাশে কেবল শুঁটকি আর শুঁটকি।এই শুঁটকির রাজ্য ছেড়ে ইনসাদুং স্ট্রেট শহরে পা দিয়ে দেখেন, সেখানেও অপেক্ষা করছে আরেক বিস্ময়। রাশি রাশি গাড়ি, সারি সারি দালান, দলে দলে মানুষ—ঠিক যেন আরেক ঢাকা! সেই তুলনায় ইনচনকে ধ্যানমগ্ন ঋষি বলেই আখ্যা দিলেন মামুন মিয়া। জনকল্লোল নেই, জ্যাম-জট নেই, ধূলি-ধোঁয়া নেই—কেবল ইতস্তত ছড়ানো-ছিটানো মেঘছোঁয়া বিল্ডিংয়ের নীরব তপস্যায় দিন গুজরান।তবে কোরিয়ার গ্রামগুলো নাকি অনেক নয়নাভিরাম। ছায়াঢাকা, পাখিডাকা ছবির মতো। আর গ্রামের মানুষগুলোও নাকি অতি আপন আপন। ‘তারা আমাদের মতোই বাড়ির বারান্দায় বসে লুডু খেলে, চড়কা কাটে, জমিতে ফসল বোনে আর তিন বেলা খায়।’ বলছিলেন দ্বিতীয়বারের মতো জিমুনে অংশ নেওয়া ফরহাদ রহমান।তাঁরা পাঁচ দিন ধরে মুগ্ধ হয়েছেন, বিস্মিত হয়েছেন কোরিয়ার পথে পথে, শহরে ও গ্রামে। স্বল্প সময় তাই হয়তো দেখার সুযোগ মিলেছে সামান্যই আর অদেখাই থেকে গেছে বেশি। তবু খেদ নেই মনে। কেননা এ সফরের অভিজ্ঞতা স্মৃতির সঞ্চয়ে চির-অক্ষয় হয়ে থাকবে মডেল জাতিসংঘ অধিবেশনফেরত ১০ শিক্ষার্থীর।[email protected]