বিশ্বমানের ব্যাংকার গড়ে তুলতে উদ্যোগী এমটিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিস এ খান
আনিস এ খান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) তৃতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে দেশের ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সারা দেশে রয়েছে এর শাখা। এ বিশাল কর্মযজ্ঞে বিপুলসংখ্যক তরুণদের কর্মসংস্থান তৈরি হয়েছে।
কর্মী নিয়োগের ক্ষেত্রে এমটিবি সব সময় তরুণদের প্রাধান্য দেয়। সদ্য পাস করা স্নাতকেরা কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ পেতে পারেন এই ব্যাংকে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান বলেন, ‘আমাদের ব্যাংকের বেশির ভাগ কর্মকর্তাই তরুণ এবং ব্যাংকের কর্মীদের গড় বয়স ৩৩ বছর। তরুণদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট ট্রেইনি এবং প্রবেশনারি অফিসার নামে দুটি পদ্ধতি রয়েছে। যেখানে নতুন স্নাতকদের নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা বিবেচনা করা হয় না। বর্তমানে এ ব্যাংকে মোট কর্মীর সংখ্যা ১ হাজার ৭৬৭ জন। গত বছরে ব্যাংকটি প্রায় ২০০ কর্মী নিয়োগ দিয়েছে। এ বছর এখন পর্যন্ত এ সংখ্যা ২২৪ জন।
আনিস এ খান বলেন, কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে এমটিবিতে ম্যানেজমেন্ট ট্রেইনিদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর তাঁদের বিশ্বমানের ব্যাংকিং প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে বিশদ প্রশিক্ষণ দেওয়া হয়। এমটিবি ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। এ ছাড়া স্থায়ী প্রত্যেক সদস্যকে প্রতিবছর দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ম্যানেজমেন্ট ট্রেইনিদের প্রশিক্ষণ শেষ হলে দুই ধাপ পদোন্নতি প্রদানের মাধ্যমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে চাকরিতে স্থায়ী করা হয়। একজন ম্যানেজমেন্ট ট্রেইনি পদোন্নতি পেয়ে ব্যাংকের শীর্ষ পদে যেতে পারেন। নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে
তিনিও অন্য একটি ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছিলেন এবং বর্তমানে এমটিবির শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন।
আনিস এ খান বলেন, ‘ম্যানেজমেন্ট ট্রেনিদের আমরা এমনভাবে তৈরি করি, যেন তাঁরা আন্তর্জাতিক মানের ব্যাংকার হতে পারেন। পরবর্তীকালে কোনো ম্যানেজমেন্ট ট্রেইনি প্রশিক্ষণ গ্রহণের পরে আমাদের ব্যাংক ছেড়ে অন্য কোথাও চলে গেলেও আমাদের মনে কোনো দুঃখ থাকে না। কারণ, কোথাও না কোথাও সে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। আর এর মাধ্যমেই আমরা দেশের সেবায় ভূমিকা রাখতে পারছি—এটাই আমাদের অর্জন।’
ব্যাংকিং পেশা কেন তরুণদের আকৃষ্ট করছে, এমন প্রশ্নে আনিস এ খান বলেন, ব্যাংকিং পেশায় নিজেকে প্রমাণ করে নির্দিষ্ট সময় পরপর পদোন্নতির সুযোগ রয়েছে। ব্যাংকিং পেশায় রয়েছে সময়োপযোগী ও প্রতিযোগিতামূলক বেতনকাঠামো। এ ছাড়া একজন ব্যাংকার ব্যাংক থেকে অন্যান্য সুযোগ-সুবিধাও পেয়ে থাকেন।
যাঁরা এ পেশায় আসতে চান, তাঁদের জন্য আনিস এ খান বলেন, ব্যাংকে চাকরি পেতে প্রথমত ব্যাংকিং সম্পর্কিত বিষয়ে পড়াশোনা থাকা জরুরি। গণিত বা হিসাববিজ্ঞানে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় সমানভাবে দক্ষ হতে হবে। মানুষের সঙ্গে ভালো বোঝাপড়া তথা ভালো ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে। তিনি বলেন, দেশে এখন অনেক ব্যাংক রয়েছে। তবে ভালো গ্রাহকসেবা না পেলে সহজে কেউ অন্য ব্যাংকে যান না। সে ক্ষেত্রে গ্রাহককে সঠিক সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। এ ছাড়া ব্যাংকিং পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দীর্ঘ সময় কাজ করার এবং চাপ নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।