বিশ্বমেলা নিয়ে উঠে এল সাংহাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪৯ সালে মাও সে তুংয়ের হাতে গণপ্রজাতন্ত্রী চীন গঠিত হওয়ার পর কয়েক দশক একরকম ঘুমন্ত ছিল দেশের অন্যতম বৃহত্তম নগর সাংহাই। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে এই শহর জেগে উঠেছে। শুধু জাগা বললে কেন, রীতিমতো জেঁকে বসেছে। সাংহাই এখন শুধু চীন নয়, বিশ্বের অন্যতম বৃহত্তম নগর। কেবল এক কোটি ৯০ লাখ জনসংখ্যার জন্য নয়, বিশ্ব বাণিজ্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই মহানগর। সাড়ে সাতশর বেশি বহুজাতিক কোম্পানির অফিস সাংহাইতে। আছে গগনচুম্বী অসংখ্য অট্টালিকা। ৬০০ ফুটের বেশি উঁচু ভবনই আছে ৩০টির বেশি। শহরের মধ্য দিয়ে হাঁটার সময় মনে হতেই পারে এশিয়ার কোনো বর্ধিষ্ণু দেশ নয়, বুঝি নিউইয়র্কের ম্যানহাটনে আছি।এত সাংহাই বন্দনার উপলক্ষ হলো এই নগরে শুরু হওয়া ‘ওয়ার্ল্ড এক্সপো-২০১০’ নামে বিশাল বিশ্বমেলা। এবারের বিশ্বমেলার স্লোগান ‘বেটার সিটি, বেটার লাইফ’। ১ মে থেকে শুরু হয়েছে এ এলাহি মেলা। চলবে পাক্কা ছয় মাস। ১৯২টি দেশ এবং ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। বলা হচ্ছে, এ যাবত সবচেয়ে বড় বিশ্বমেলা বা ‘ওয়ার্ল্ড এক্সপো’ এটি। আয়োজকেরা আশা করছেন, প্রায় সাত কোটি দর্শনার্থী আসবে এ মেলায়। প্রথম তিন দিনেই মেলায় দর্শনার্থী ছিল চার লাখ ৩৩ হাজার।চীন এখন যা করে বড় করেই করে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক আয়োজনের মাধ্যমে তা তারা দেখিয়ে দিয়েছে। বিশ্বমেলার আয়োজকেরা জানিয়েছেন, এই মেলার আয়োজন সেবারের অলিম্পিক আয়োজনের চেয়েও বড়। খরচ হবে প্রায় ৫৮ বিলিয়ন মার্কিন ডলার, যা অলিম্পিকের চেয়েও বেশি। খরচ করতে একটুও কার্পণ্য নেই চীনাদের। কেননা গণচীন এখন বিশ্বকে দেখাতে চায়, আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দিতেই তৈরি হচ্ছে তারা।রাজকীয়ভাবেই মেলার সূচনা করেছে চীন। প্রেসিডেন্ট হু জিনতাও যখন উদ্বোধন করেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিসহ বিশ্বের অনেক দেশের নেতা ও প্রতিনিধিরা। পরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় আড়াই হাজার শিল্পীর একটি দল সংগীত পরিবেশন করে। এরপর শুরু হয় আতশবাজির খেলা। পোড়ানো হয় লাখ লাখ আতশবাজি।নিরাপত্তার দিক দিয়েও আছে বেজায় কড়াকড়ি। সাংহাইয়ের নিজেরই পুলিশ আছে ৪৬ হাজার। তার পরও বাইরে থেকে আনা হয়েছে আরও আট হাজার। এ ছাড়া অবসরে গেছে এমন এক হাজার পুলিশকে মেলা উপলক্ষে দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে শহরটি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নগরের বাসিন্দারা অভিযোগ করছে তারা কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। ছয় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় পত্রপত্রিকা জানিয়েছে।শহরের কেন্দ্রস্থলে হুয়াংপু নদীর দুই পাশে ৫ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসেছে এই মেলা। শুধু মেলা উপলক্ষেই শহরের হংকাইয়ো বিমানবন্দরে তৈরি করা হয়েছে বিশাল এক টার্মিনাল। অনেক দূর প্রসারিত করা হয়েছে পাতাল রেলপথ। এ ছাড়া নির্মিত হয়েছে নতুন নতুন সড়ক ও পার্ক। তিন বছর ধরে নেওয়া হয়েছে এই প্রস্তুতি।মেলার প্রতিটি প্যাভিলিয়নই বিশাল। প্রতিটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য। প্রতিটি দেশ নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছে প্যাভিলিয়নের মাধ্যমে। এ মেলার মাধ্যমে অন্যরা উদীয়মান বিশ্বশক্তি চীনের সঙ্গে সম্পর্কের বন্ধন জোরদার করতে চাইছে। অস্ট্রেলিয়ার প্যাভিলিয়নের দেখভালের দায়িত্বে থাকা কূটনীতিক লিনডাল শস যেমনটা বলছিলেন, ‘আমরা চীনের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছি। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়াটা নিশ্চিত করতে চেয়েছি আমরা।’কিন্তু প্রশ্ন উঠতে পারে, ইন্টারনেটের এ রমরমার যুগে এক ক্লিকেই যখন সমগ্র বিশ্ব হাতের মুঠোয় পাওয়া যায়, তখন এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে এমন মেলা আয়োজনের কী-ই বা অর্থ। মেলার মুখপাত্র জু ওয়েইয়ের কাছেই শুনুন, ‘এটা একটা বড় প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক বিনিময়ের একটি বড় আয়োজন। আমরা চেয়েছি, ভিন্ন দেশ ভিন্ন মানুষের সমগ্র বিশ্বকে একত্র করতে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হওয়ার জন্য চীনাদের জন্য এটি একটি বড় সুযোগ।’মুখপাত্রের এ কথার মধ্য দিয়েই আসল বিষয়টি বেরিয়ে এসেছে। তিনি যা বোঝাতে চেয়েছেন তা হলো চীন দেশবাসীকেও দেখাতে চাইছে, বোঝাতে চাইছে বিশ্ব দরবারে তাদের দেশ কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রভাবশালী হয়ে উঠেছে। বহির্বিশ্বকে চমকে দেওয়া তো আছেই।সূত্র: নিউজ উইক ও টাইম