
পার্বত্য চট্টগ্রামে হানাহানি বন্ধসহ সবার সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে রাঙামাটি রাজবনবিহারে ৪০তম কঠিন চীবরদান উত্সব শেষ হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে চীবর (বৌদ্ধ সাধকদের পরনের কাপড়) তৈরি করে ১৫ নভেম্বর বেলা তিনটায় বৌদ্ধ সাধকদের দান করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের লক্ষাধিক নারী-পুরুষ বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন।
দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী স্থানীয় নেতাদের মাধ্যমে পৃথকভাবে বাণী পাঠান এবং ভিক্ষুদের চীবর দান করেন। আগের দিন বেলা তিনটায় চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় চরকায় সুতা কেটে চীবর তৈরির আনুষ্ঠনিকতা শুরু করেন।
চীবরদান অনুষ্ঠানে রাঙামাটি রাজবনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির বলেন, গৌতম বুদ্ধ ও ধর্মীয় গুরু বনভান্তের পথ অনুসরণ করে লোভ, দ্বেষ, হিংসা পরিহার করতে হবে। ক্ষমা ও মৈত্রীর মনোভাব নিয়ে নিজের মনের, সমাজের ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান তিনি।
রাজা দেবাশীষ রায় বলেন, ‘বনভান্তের অনুপ্রেরণায় পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধযুগের আদলে কঠিন চীবরদান উত্সব শুরু হওয়ায় বৌদ্ধ সংস্কৃতি আর আদিবাসী সংস্কৃতির সম্মিলন ঘটেছে। আমরা সংস্কৃতির ভালোটা গ্রহণ করে মন্দ দিককে পরিহার করব।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বৌদ্ধধর্মীয় সাধক ইন্দ্রগুপ্ত মহাস্থবির, জ্ঞানপ্রিয় মহাস্থবির, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, রাজবনবিহার উপাসক উপাসিকা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান ও ভারত থেকে আসা ন্যাশনাল ফ্রেন্ডস ফোরাম নিউ দিল্লির সাধারণ সম্পাদক টি এম কুমার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাণী পড়ে শোনান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান।