বিশ্বশান্তি প্রত্যাশায় ৯৮ মাইল পথ হাঁটা
‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক’—এ চেতনায় বৌদ্ধ যুবনেতা স্নেহাশিস বড়ুয়া (৪৩) দীর্ঘ প্রায় ১৫৯ কিলোমিটার (৯৮ মাইল) পথ হেঁটে অতিক্রম করেন। তিনি রাউজান থানার আবুরখীল গ্রামের বাসিন্দা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. প্রণব বড়ুয়ার তৃতীয় সন্তান। প্রবারণা পূর্ণিমা তিথিতে ১১ অক্টোবর সকাল ছয়টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে কক্সবাজারের উদ্দেশে হেঁটে যাত্রা শুরু করেন তিনি। তাঁর এ যাত্রা শেষ হয় পরদিন সন্ধ্যা সোয়া সাতটায়। এ সময়ে তিনি ১১ অক্টোবর রাতে এক ঘণ্টা পাঁচ মিনিট হালকা ঘুম ছাড়া সারা রাতই হেঁটেছেন।স্নেহাশিস নাশতা, ভাত, পানীয়র জন্য মোট ১২ বার ও শুধু বিশ্রামের জন্য দুবার থামেন। সুকঠিন পারমী পূরণের চেষ্টায় চট্টগ্রাম থেকে প্রায় ১৪৫ কিমি. দূরে রামুর রামকোট বৌদ্ধ বিহারে ১২ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে পৌঁছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বুদ্ধ পূজা দেন ও ধ্যান করেন। এ রামকোট (রাংকূট) বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য পবিত্র ও অন্যতম তীর্থস্থান। কারণ, এখানে গৌতম বুদ্ধের বক্ষাস্থি আছে। বিশ্বশান্তির পাশাপাশি নিজের ভাগ্য পরিবর্তনও ছিল এ দীর্ঘ পদযাত্রার কারণ।