বিশ্বসাহিত্যিককে কাছ থেকে দেখা

থাকতেন একদম নিভৃতে বড় কোনো শহর বা নগর নয়, জার্মানির প্রায় একদম দক্ষিণে ছোট লুবেক শহরের প্রান্তে, বেলেনডর্ফে। খামারবাড়ির আদলের বাড়ি, সঙ্গে আপেল বাগান আর বহমান খাল।
নিভৃতে থাকতেন বটে, তবে যেখানেই যেতেন, থাকতেন শিরোমণি হয়ে। সেবার ২০০৪ সালের ৯ নভেম্বর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় তাঁর প্রকাশিত বই আমার শতাব্দী থেকে পাঠকদের সামনে পাঠ করবেন। কয়েক শ সাহিত্যপ্রেমী মানুষ ফ্রাঙ্কফুর্ট বইমেলার বিশাল হলরুমের কার্পেট বিছানো মেঝেতে বসে আছেন। মধ্যখানে লাল কার্পেট বিছানো চৌকিসম মঞ্চে এসে সোফায় বসলেন বিশ্বসাহিত্যের এই মহানায়ক, পাশে বসলেন তাঁর বইয়ের প্রকাশক বন্ধু গেরহার্ড স্টাইডেল। তাঁর লেখা থেকে পাঠ করছেন, মাঝেমধ্যে স্বভাবসুলভ ভঙ্গিতে পানীয়র গ্লাসে চুমুক দিচ্ছেন। দুই ঘণ্টার সেই অনুষ্ঠানে মাঝে মাঝে গ্যুন্টার তাঁর লেখার অনুপ্রেরণা বা পটভূমির কথা তাঁর কলকাতা ও ঢাকা শহরের অভিজ্ঞতার কথা বলেছিলেন।
তাঁর আড্ডাধর্মী এসব পাঠ অনুষ্ঠানে কয়েকবার থাকার অভিজ্ঞতা হয়েছে—তিনি সব অনুষ্ঠানেই তাঁর লেখার বইয়ের বিষয়ে ঢুকে পড়তেন, খুব সহজ করে বলতেন জার্মানির সমাজব্যবস্থা, ইউরোপীয় ও বিশ্বরাজনীতির অপছন্দের বিষয়গুলো নিয়ে।
হ্যানোভার শহরে থাকতেন তাঁর কাছের বন্ধু হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ওসকার নেগট। সেই সূত্রে প্রায় প্রতিবছরই আসতেন এই শহরে আর এলে হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের অডিওম্যাক্স মিলনায়তনে গ্যুন্টার গ্রাসের পাঠচক্র বসত। ২০১৪ সালের নভেম্বর মাসে সেই আড্ডাধর্মী বই পড়ার অনুষ্ঠানে হলভর্তি ঠাসা মানুষ। এই বিশ্বসাহিত্যিকের প্রয়াণের ঠিক আগে মার্চ মাসে দুটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হামবুর্গের টাইলা থিয়েটারে নিজের বিখ্যাত লেখা টিন ড্রামের মিউজিক্যাল শো দেখতে আর লুবেক শহরের দশম লেখক সম্মেলনে।
গ্যুন্টার গ্রাসের মৃত্যুর এক দিন পরই তাঁর প্রকাশক বন্ধু গেরহার্ড স্টাইডেল জানিয়েছেন, গ্রাসের লেখা সর্বশেষ বইটির সব কাজ লেখক সপ্তাহ খানেক আগেই শেষ করেছিলেন ফন এন্ডলিশকাইট বা সবকিছুর শেষে নামের বইটি আগামী জুলাই-আগস্ট মাসে প্রকাশিত হবে। বইয়ের প্রতিপাদ্য বিষেয় গেরহার্ড স্টাইডেল শুধু বলেছেন, এই বইটি হবে কবিতা ও গদ্য সাহিত্য নিয়ে ছোট পরীক্ষা-নিরীক্ষা।
গ্যুন্টার গ্রাস ১৯৫৯ সালে তাঁর সাড়া জাগানো উপন্যাস টিন ড্রাম–এ যেমন বিশ্ব বিবেককে শুনিয়েছিলেন নাৎসিদের যুদ্ধ-বর্বরতার কাহিনি, তেমনটি ৫৬ বছর পর জীবনসায়াহ্নে এসেও অত্যন্ত সাদামাটা ভাষায় সহজ সত্য কথা বলে গেছেন।
তিনি তাঁর কলম শাণিত করেছেন যুদ্ধ-বর্বরতা আর সব অপশক্তির বিরুদ্ধে, কখনো বিতর্কের ভয়ে মুখ বন্ধ রাখেননি। মানুষ হিসেবে এখানেই এই মানবতাবাদী সাহিত্যিকের আসল সার্থকতা।
১৪ এপ্রিল ২০১৫