বিশ্বসুন্দরীদের মেলায়

১৪ ডিসেম্বর লন্ডনে হয়ে গেল মিস ওয়ার্ল্ড ২০১৪-এর চূড়ান্ত পর্ব। এবারে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার রোলিন স্ট্রস। বিশ্বের অন্যতম আলোচিত এই আসরে হাজির থাকার সুযোগ পেয়েছিলেন উজ্জ্বল দাশ। তিনি লিখেছেন লন্ডন থেকে।

গন্তব্য প্রিন্স রিজেন্টস স্টেশন। শহর লন্ডনের উড়াল রেলপথে (ডিএলআর) চড়ে এ পথে চলা নতুন নয়! কিন্তু আজকের যাত্রাটা অন্য রকম। মাথায় ঘুরপাক খাচ্ছে নানা চিন্তা। সত্যি সত্যি বিশ্বের অন্যতম জৌলুশপূর্ণ আসরে হাজির হওয়ার সুযোগ মিলবে তো? ট্রেন থেকে নামতেই জাপটে ধরল কনকনে শীত। কিন্তু মনের ভেতরের উত্তেজনায় সেই শীতকে বিশেষ আমলে নিচ্ছি না। পকেটে বারবার পরখ করে নিচ্ছি মহামূল্যবান প্রবেশপত্রের অস্তিত্ব। হ্যাঁ, যাচ্ছিলাম বিশ্বসুন্দরী নির্বাচনের বড় আসর মিস ওয়ার্ল্ড ২০১৪-এর চূড়ান্ত আয়োজন দেখতে। কে না জানে টিভি পর্দায় কিংবা অনলাইনে এই অনুষ্ঠান দেখতে মুখিয়ে থাকে বিশ্বের কোটি কোটি দর্শক।
মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়
যতই এগোচ্ছি জলঘেরা এক্সেল লন্ডন (এক্সিবিশন সেন্টার লন্ডন) মিলনায়তনজুড়ে অনন্য আবহ। সৌন্দর্যপ্রেমী মানুষের ভিড় বেড়েই চলেছে। প্রবেশপত্র দেখিয়ে ঢুকতে কোনো অসুবিধাই হলো না। কড়া নিরাপত্তা পেরিয়ে ঢুকলাম হলের ভেতরে। একদম পেছনের দিকে সিট খুঁজে পাওয়া গেল। অপেক্ষার পালা শুরু। অপেক্ষা মাহেন্দ্রক্ষণের; অপেক্ষা সরাসরি মিস ওয়ার্ল্ড নির্বাচনের অসাধারণ মুহূর্ত উপভোগ করার।

১৪ ডিসেম্বর, লন্ডন সময় বেলা দুইটা ১৫ মিনিট। পাশের সিটে বসা ব্রাজিলিয়ান তরুণী ইথোলায়ান আগ বাড়িয়ে জানতে চাইলেন, কোন দেশ থেকে এসেছি? আমার দেশের প্রতিযোগী নিয়ে আশাবাদ কেমন? তাঁকে বললাম, এবার বাংলাদেশ মিস ওয়ার্ল্ড জিততে আসিনি, বাংলাদেশ এসেছে ‘পর্যবেক্ষক’ হয়ে!
অনুষ্ঠান শুরুর প্রাক্-প্রস্তুতি চলছে, এই ফাঁকে বলে নিই সামনাসামনি বসে মিস ওয়ার্ল্ড দেখার নেপথ্য গল্প। মনিরুজ্জামান সামি লন্ডনে আলোকচিত্রী হিসেবে চেনামুখ। এক সন্ধ্যায় তিনি বললেন, ‘মিস ওয়ার্ল্ড ফিনালে কাভার করতে যাচ্ছি। যাবেন নাকি?’
আমি শুনেও না শোনার ভান করলাম। মনে মনে বলছিলাম, যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু টিকিট পাব কই? দুই-চার দিন পর আবার সামি মনে করিয়ে দিলেন, ‘চলেন ভাই, আপনি রিপোর্ট লিখবেন আর আমি ছবি তুলব।’
সামির ওপর ভরসা আছে। তিনি যখন বলছেন ভরসা করা যায়। ১০ ডিসেম্বর সত্যি সত্যি হাতে এল বিশ্বের সেরা সুন্দরী নির্বাচনের চূড়ান্ত আসরের প্রবেশপত্র।
হলের বড় একটা অংশজুড়ে মূল মঞ্চ, দুদিকে বড় পর্দা। উপস্থাপক অভিনেতা িটম ভিনসেন্ট ও মিস ওয়ার্ল্ড ২০১৩ মিগান ইয়ং অনুষ্ঠানে স্বাগত জানালেন সবাইকে। সামি ততক্ষণে ক্যামেরা নিয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করে দিয়েছেন। ১২১টি দেশের সেরা সুন্দরীরা এসেছেন মূল পর্বে লড়তে। প্রতিযোগীদের মতো দর্শকসারিতেও বৈচিত্র্য দেখার মতো। দর্শকসারিতে আছেন বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগীদের উত্সাহ দিতে আসা প্রায় হাজার তিনেক অতিথি।
আলোর খেলা আর সংগীতের মূর্ছনার মধ্যে একে একে নিজেদের দেশি পোশাকে মঞ্চে আসতে শুরু করলেন রূপসীরা। তাঁদের বর্ণিল সম্মিলিত পরিবেশনা মুগ্ধ করল দর্শকদের। শুধু সুন্দরী হলেই এই প্রতিযোগিতায় জেতা যায় না। একই সঙ্গে চাই ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা আর সবার তরে নিজেকে উজাড় করে দেওয়ার বাসনা।
খ্যাতিমান র্যাপ গায়ক স্কাই ব্লুর সঙ্গে প্রতিযোগীদের যুগলবন্দী হলো দেখার মতো।

মঞ্চে যখন ঐশ্বরিয়া
সেরা ১০ প্রতিযোগীর নান্দনিক পরিবেশনা চলছিল একে একে। নিজ দেশের প্রতিযোগী এলেই হর্ষধ্বনি করছিলেন তাঁর দেশের দর্শকেরা। এর মধ্যেই শুনি সামনের সারিতে এক ভদ্রমহিলা ফিসফিস করে বলছেন, ‘ওই যে ঐশ্বরিয়া; দেবদাসের পারু।’ ঘাড় ফিরিয়ে দেখি সত্যিই মঞ্চে হাজির বচ্চন পরিবারের বউ!’
বিশেষ সম্মাননা জানানোর জন্য মঞ্চে ডাকা হলো সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রীকে। ঐশ্বরিয়ার সঙ্গে মঞ্চে উঠলেন স্বামী অভিষেক বচ্চন, একমাত্র মেয়ে আরাধ্য ও মা বৃন্দা রাই।
১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব জয়ের পর থেকে এখন পর্যন্ত নানা ধরনের দাতব্য কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন ঐশ্বরিয়া। তারই স্বীকৃতি হিসেবে বিশেষ এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঐশ্বরিয়া বলেছেন, ‘আমাকে এভাবে সম্মানিত করার জন্য বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ। এই সম্মাননা পেয়ে আমি অভিভূত। তাঁরা আমাকে গবের্র সঙ্গে বিশ্বসুন্দরীর মুকুট পরার ও খেতাব ধরে রাখার সুযোগ করে দিয়েছিলেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’
দক্ষিণ আফ্রিকার রূপসীর বিজয়
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চারদিকে নীরবতা নেমে আসে। ফলাফলের অপেক্ষার চিত্র পৃথিবীর সব জায়গায় প্রায় একই। কে হচ্ছেন মিস ওয়ার্ল্ড ২০১৪! টানটান উত্তেজনা! অবশেষে মিস ওয়ার্ল্ড ২০১৪ হিসেবে শিরোপা জিতে নিলেন দক্ষিণ আফ্রিকার ২২ বছর বয়সী অপরূপা রোলিন স্ট্রস। তিনি দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে জিতলেন এই মুকুট। তাঁর মাথায় মুকুট পরিয়ে দিলেন বিদায়ী মিস ওয়ার্ল্ড ফিলিপাইনের মেগান ইয়ং। প্রথম রানারআপ হাঙ্গেরির এডিনা কুলসার আর যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফরিত হলেন তৃতীয়। সেরা ১১ জনের মধ্যে আরও ছিলেন ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, গায়ানা, ব্রাজিল, কেনিয়া ও মেক্সিকোর প্রতিযোগীরা।
বিজয়ী হওয়ার পর দর্শকদের অভিবাদনের জবাব দিয়ে মেডিকেল কলেজের ছাত্রী রোলিন বলেছেন নিজের দেশের কথা। বলেছেন, ‘প্রিয় দক্ষিণ আফ্রিকা পুরস্কারটি তোমার জন্য। আমার দায়িত্ব আরও বেড়ে গেল।’