
বাংলাদেশের তরুণেরা যে বিশ্ব মঞ্চে নিজেদের প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছেন, তার আবার প্রমাণ পাওয়া গেল লন্ডনে অনুষ্ঠিত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৫-এ। বাংলাদেশের ছেলে রাহুল তালুকদারের ছবি ‘ফেডেড হিস্ট্রি অব দ্য লস্ট’ জিতে নিল সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৫-এর ‘কনসেপচুয়েল ফটোগ্রাফার অব দ্য ইয়ার’-এর সেরা পুরস্কার।

গত ২৩ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৫ প্রতিযোগিতায় রাহুলের ফেডেড হিস্ট্রি অব দ্য লস্ট শীর্ষক ছবি সিরিজটি একই ক্যাটাগরিতে ৮৭ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতা করে সেরা নির্বাচিত হয়। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিখোঁজ শ্রমিকের ছবি-সংবলিত পোস্টার নিয়ে রাহুলের ছবি সিরিজটি মানবসৃষ্ট এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বৈশ্বয়িক প্রতিবাদের অনন্য চিত্র।
প্রতিযোগিতার পরপরই লন্ডনে বাংলাদেশি তরুণ ফটোগ্রাফার রাহুল তালুকদারের সঙ্গে কথা হয়। হাঁটতে হাঁটতে স্বল্পভাষী রাহুলের কাছে জানতে চাইলাম, ‘কনসেপচুয়েল ফটোগ্রাফার অব দি ইয়ার’ নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া কী? বিনয়ের সঙ্গে রাহুল বলেন, ‘বিস্ময়কর অভিজ্ঞতা। আমার জন্য এক বড় পাওয়া, কাজের বিশাল স্বীকৃতি। নিঃসন্দেহে এটি আমাকে আমার কাজের প্রতি আরও বেশি মনোযোগী করে তুলবে।’
রাহুল বলেন, ‘মানবসৃষ্ট দুর্ঘটনা রানা প্লাজায় নিখোঁজ হওয়া স্বজনদের চেনার শেষ সম্বলটাই ছিল ছবি-সংবলিত পোস্টারগুলো। একসময় বৃষ্টি-ধুলায় বিবর্ণ হতে থাকে। আমরাও ধীরে ধীরে ভুলতে শুরু করি নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি।’ তিনি আরও বললেন, ‘রানা প্লাজা ট্র্যাজেডির দ্বিতীয় বর্ষপূতিতে ছবিগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি স্মরণ কিংবা একটু সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে, তাতেই আমি ধন্য।’
রানা প্লাজার ধ্বংসস্তূপের বাইরে টাঙানো পোস্টারের ছবিগুলো বিষয় হিসেবে বেছে নেওয়ার কারণ কী? এমন প্রশ্নে রাহুল বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের ছবিগুলো টাঙানো ছিল সেখানকার দেয়ালে, দেয়ালে। সাভারের অধর চন্দ্র স্কুল এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সব জায়গায় লাশ আর লাশ। কিছু লাশ আবার বিকৃত হয়ে গিয়েছিল। যাদের চেনা যাচ্ছিল না। সেই সঙ্গে বৃষ্টির পানিতে দেয়ালে টাঙানো ছবিগুলোর রং চুইয়ে পড়ে চেহারাগুলো চেনা যাচ্ছিল না। চাপা পড়া লাশ আর দেয়ালের ছবিগুলো যেন এক হয়ে যাচ্ছিল। দেয়ালে সাঁটানো প্রিন্ট করা নিখোঁজ সংবাদের পৃষ্ঠা থেকে চুইয়ে পড়া রং...বিকৃত হয়ে যাওয়া মৃতদেহের মতো চেনা না যাওয়া ছবি। নিজের কাছে বড় শূন্যতা অনুভব করি।’
বাংলাদেশের ফটোগ্রাফি নিয়ে স্বপ্ন দেখেন রাহুল। বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ফটোগ্রাফি অনেক দূর এগিয়ে গেছে। আমরা জিতেই চলেছি, দরকার নিজেদের তৈরি করার সহনশীল পরিবেশ।’
বিশ্বের ১৭১টি দেশের আলোকচিত্রীদের কাছে থেকে এবার ১ লাখ ৭৩ হাজার ৪৪৪টি ছবি জমা পড়েছিল ওয়ার্ল্ড ফটোগ্রাফির সবচেয়ে বড় এই আসরে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাহুলকে ‘কনসেপচুয়েল ফটোগ্রাফার অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড ও লেটেস্ট সনি ডিজিটাল ইমেজিং ইকুইপমেন্ট প্রদান করেন সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের শীর্ষ কর্মকর্তারা। রাহুলের তোলা ছবি লন্ডনের সমারসেট হাউসে প্রদর্শিত হচ্ছে গত ২৪ এপ্রিল থেকে, চলবে ১০ মে পর্যন্ত। এ ছাড়া বার্ষিক সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড বুকেও স্থান পাচ্ছে রাহুলের ছবি।
প্রতিবছর বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে থাকে সনি। এই বছর মোট ১৩টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
রাহুলের জন্ম ১৯৯১ সালের ৫ নভেম্বর, সুনামগঞ্জে। ২০১০ সালে অনলাইন ফটোগ্রাফি গ্রুপ টিটিএলের মাধ্যমে আলোকচিত্র অঙ্গনে প্রবেশ করেন। রাহুল এখন পড়ছেন পাঠশালা—সাউথ এশিয়ান মিডিয়া একাডেমিতে। এর আগে ২০১৪ সালে পেয়েছেন ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার। স্পট নিউজ স্টোরি বিভাগে সেবার তিনি পেয়েছিলেন তৃতীয় সেরা পুরস্কার।