বিশ্বায়নের যুগে বাংলা নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগে যুগে দেশে দেশে সমাজের বিবর্তন হয়েছে। সেই বিবর্তনের সঙ্গে বদলেছে মানুষের জীবনধারা, সংস্কৃতি। পরিবর্তন হয়েছে জীবিকার ধরন। আর এসব কিছুর সঙ্গে সমান্তরালভাবে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে নাটক। বিশ্ব কিংবা বাংলা নাটকের ইতিহাস তাই বদলের ইতিহাস। আজকের বিশ্বায়নের যুগেও বাংলা নাটক তার গতিপথ নির্দিষ্ট করে নেবে। বিশ্ব নাট্য দিবসে গত বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় বক্তাদের মুখে এ রকম আশার কথাই উচ্চারিত হয়েছে। ইনস্টিটিউটের নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানে আলোচনা ছাড়াও ছিল নাটক, গান, নৃত্য ও আবৃত্তির এক জমজমাট আয়োজন।আলোচনার বিষয় ছিল বিশ্বায়নের যুগে বাংলা নাটক। এ বিষয়ে প্রথমে আলোচনার সূত্র ধরিয়ে দেন খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। তিনি বর্তমান বিশ্বের পটভূমিতে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, মানুষ ক্রমেই তার ক্রমবর্ধমান চাহিদার কাছে অসহায় হয়ে পড়েছে। বিশ্বায়নের এই যুগে মানুষ জীবনের চাহিদা মেটাতে গিয়ে মনন ও সৃজনশীল চর্চার অবকাশ পাচ্ছে না। তিনি বলেন, মানুষ যখন ভোগের দিকে ধাবিত হয়, তখন তার ভাবনা কমে যায়। তার সব কাজকর্ম ভোগের জন্য কিংবা পণ্যনির্ভর হয়ে পড়ে। এই অবস্থায়ও নিবেদিত নাট্যকর্মীরা আছেন, যাঁরা এই বহু শিল্পনির্ভর মাধ্যমটিকে বাঁচিয়ে রেখেছেন। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নাটকেরও নিশ্চয় পরিবর্তন হবে। কারণ, মানুষের চেতনাকে শাণিত রাখতে, সজীব রাখতে, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে নাটক একটি অনিবার্য মাধ্যম। আহমেদ ইকবাল হায়দারের সঞ্চালনায় শহীদজায়া বেগম মুশতারি শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন নাট্যজন শিশির দত্ত, সনজীব বড়ুয়া, মুহাম্মদ সাইফুল আলম চৌধুরী, কুন্তল বড়ুয়া, সুচরিত দাশ ও কবি ওমর কায়সার।আলোচনার আগে আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় জিয়া হায়দার রচিত নাটক স্মৃতি ৭১ পরিবেশন করে তির্যক নাট্যদল। শহীদ আবদুল আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিনের স্মৃতিকথা অবলম্বনে রচিত নাটকটিতে অভিনয় করেছেন শায়লা শারমিন, রমিজ আহমেদ, মাহবুবুল ইসলাম, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, মিঠুন সিংহ, তৃণা বড়ুয়া, কিশোর শর্মা, মানিক মিয়া, মোহাম্মদ রুবেল ও শ্যামল কান্তি বড়ুয়া। আলোচনার ফাঁকে ফাঁকে দুলাল দাশ গুপ্ত, কঙ্কন দাশের আবৃত্তি, অঙ্গন থিয়েটার ইউনিট ও গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটকের গান, স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের শিক্ষার্থীদের দলীয় নৃত্য উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আয়োজিত এ উৎসব নাট্যকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।