এবার আসা যাক নারীর মহাকাশযাত্রার বিষয়ে। ১৯৩৭ সালে জন্ম নেওয়া ভ্যালেন্তিনা তেরেসকোভা বিশ্বের প্রথম নারী মহাকাশচারী। ‘ভোস্তক সিক্স’ মিশনের অংশ হয়ে মহাকাশে গিয়েছিলেন তিনি। ১৯৬৩ সালের জুনে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই অভিযান চালিয়েছিল।
ভ্যালেন্তিনা ছিলেন সাধারণ কৃষক পরিবারের সন্তান। পরিবারে সচ্ছলতাও ছিল না। আর্থিক অনটনের মধ্যেই বড় হন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর বাবা মারা গিয়েছিলেন। মাত্র ৮ বছর স্কুলে পড়াশোনা করতে পেরেছিলেন ভ্যালেন্তিনা। এরপর তিনি কলকারখানায় কাজ নিয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয়েছিল স্নায়ুযুদ্ধ। ওই সময়টায় দুই পক্ষকে বিভিন্ন ক্ষেত্রে একে-অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই চেষ্টার অংশ হিসেবেই সোভিয়েত কর্তৃপক্ষ নারী মহাকাশচারীদের নির্বাচন ও বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে। প্রায় ৪০০ নারীর মধ্য থেকে নানা ধাপে চূড়ান্ত করা হয়েছিল পাঁচ নারীকে। এই পাঁচজনের একজন ছিলেন ভ্যালেন্তিনা তেরেসকোভা। প্যারাস্যুট ব্যবহার করে আকাশ থেকে মাটিতে অবতরণে বিশেষভাবে দক্ষ ছিলেন তিনি। আর এটিই তাঁকে চূড়ান্ত মনোনয়ন পেতে সাহায্য করেছিল। ‘ভোস্তক সিক্স’ মিশনে ভ্যালেন্তিনাকে মহাকাশে পাঠানো হয়। এর পাইলট ছিলেন তিনি। প্রায় ৭০ ঘণ্টার মতো মহাকাশে ছিলেন ভ্যালেন্তিনা, পৃথিবীর চারদিকের কক্ষপথে পরিভ্রমণ করেছিলেন ৪৮ বার। ওই সময় ভ্যালেন্তিনার বয়স ছিল মোটে ২৬ বছর। এরপর নিরাপদেই পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি। সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সাবেক সোভিয়েত ইউনিয়নের নানা মর্যাদাপূর্ণ খেতাবে ভূষিত হয়েছিলেন ভ্যালেন্তিনা তেরেসকোভা। পেয়েছিলেন ‘হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন’, ‘দ্য অর্ডার অব লেনিন’ প্রভৃতি সম্মাননা।
দ্য গার্ডিয়ান, অ্যাডভেঞ্চার জার্নাল ডটকম অবলম্বনে