পড়াশোনা আর চাকরিসূত্রে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ছোট শহর লাবকে থাকি। দেশটির সবচেয়ে ‘ঝোড়ো’ বাতাসপ্রবণ জায়গাগুলোর একটা হিসেবে পরিচিত এই শহর ‘আমেরিকান উইন্ডপাওয়ার সেন্টার’-এর প্রাণকেন্দ্র হিসেবেও সমাদৃত। মরুভূমিময় এলাকার মাঝখানে অবস্থিত বলে প্রাকৃতিকভাবে এখানকার ভূদৃশ্যকে খুব বেশি আকর্ষণীয় বলা যাবে না। মাটি বালুময়, গাছপালা না লাগালে জন্মায় না বললেই চলে। এখানকার খুবই শুষ্ক আবহাওয়া গরমের সময় একদম অসহ্য মনে হয়, বিশেষ করে জুলাই-আগস্টে তাপমাত্রা যখন প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে।
পশ্চিম টেক্সাসের এদিকটায় শহর থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সময় চোখে পড়বে লম্বা সাদা ডান্ডার মতো একটা জিনিসের মাথায় পাখার মতো একটা চক্র ঘুরছে। দূর থেকে দেখে বোঝার উপায় নেই কত উঁচু এই যন্ত্রগুলো, একেকটা আসলে ২০ তলা দালানের সমান উঁচু! এগুলোই ‘উইন্ড টারবাইন’ বা ‘উইন্ডমিল’, বাংলায় ‘বায়ুকল’। বাতাসের শক্তিকে বিদ্যুতে রূপান্তর করা এগুলোর প্রধান কাজ। অনেকেই বিশাল এসব বায়ুকলকে এ এলাকার সৌন্দর্য নষ্টের জন্যও দায়ী করেন। কিন্তু আমার মতে, এই বায়ুকলগুলোই লাবকের অভিনবত্বের অন্যতম কারণ।
দেখতে অত্যাধুনিক যন্ত্র হলেও এর ইতিহাস কিন্তু বহু পুরোনো; উইকিপিডিয়া ঘেঁটে দেখে অবাকই হলাম। এখন মূলত বিদ্যুৎ উৎপাদনেই এগুলো ব্যবহৃত হলেও ইতিহাসে এর বহুবিধ ব্যবহার দেখা যায়। প্রথম শতাব্দীতেই প্রায় একই রকম কিছু যন্ত্রের বর্ণনা পাওয়া যায়, যেগুলো বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে যন্ত্রের মতো কাজ করত। লম্বা, দাঁড়িয়ে থাকা বায়ুকলগুলো আসে আরও পরে। নবম শতাব্দীর দিকে ইরানে এগুলোর প্রথম বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে কিছু যন্ত্র ব্যবহৃত হতো শস্য মাড়াইয়ে, কিছু কাজে লাগত মাটি থেকে পানি তোলার কাজে, আবার কিছু সেচের পানি বণ্টনে। পশ্চিমা বিশ্বে বায়ুকলের প্রচলন তারও অনেক পরে, দ্বাদশ শতাব্দীতে। যুক্তরাষ্ট্রে বায়ুকলের ব্যবহার শুরু হয় মধ্য ঊনবিংশ শতাব্দীতে। এখানকার বায়ুকলগুলো ইউরোপীয়গুলোর থেকে অনেকখানিই আলাদা ছিল; ছোট, সস্তা এবং সহজে বানানো যায়—এমন প্রকৌশলে তৈরি। যুক্তরাষ্ট্রে বিস্তীর্ণ সবুজ অঞ্চল, যা ‘গ্রেট প্লেইনস’ হিসেবে পরিচিত, সেখানে সেচ ও অন্যান্য কাজের জন্য মাটির গভীর থেকে পানি ওঠানোর কাজে এগুলো সাহায্য করত।
আমেরিকার বায়ুকলের ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরতে এই লাবক শহরেই আছে ‘আমেরিকান উইন্ডমিল মিউজিয়াম’, যা বিশ্বের বৃহত্তম। শহরের একদম শেষ প্রান্তে ম্যাকেঞ্জি পার্কের এক কোনায় এর অবস্থান। গাছপালায় ছাওয়া জায়গায় দূর থেকে দেখলে হয়তোবা জাদুঘরটার উপস্থিতি বোঝাই যেত না, যদি না সামনেই প্রায় ২০০ ফুট লম্বা অত্যাধুনিক একটা বায়ুকলের নমুনা বসানো থাকত।
টকটকে লাল রঙের একতলা দালানের পুরোটা এই জাদুঘর। সামনের বিশাল ফাঁকা সবুজ জমিনে বিভিন্ন সময়ের কয়েকটা বায়ুকল একটার পর একটা দাঁড়িয়ে আছে। আজকালকার বায়ুকলগুলো দেখতে সব একই রকম হলেও পুরোনো বায়ুকলগুলো দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়। এগুলোর কয়েকটা মডেল যুক্তরাষ্ট্রের গ্রামাঞ্চলে বাড়ির সামনে দর্শনীয় স্থাপনা হিসেবেও ব্যবহার করা হতো একসময়। জাদুঘরের সামনে রাখা খুবই নান্দনিক এই যন্ত্রগুলোর মধ্যে নজরকাড়া ছিল বাড়ির আদলে তৈরি একটি বায়ুকল, দেখলে মনে হয় এখনই যেন পাখা নাড়িয়ে পুরো বাড়ি উড়াল দিতে প্রস্তুত!
এবার ভেতরে যাওয়ার পালা। বাইরে থেকে বোঝা না গেলেও একতলা দালানটা আশপাশে অনেকখানি ছড়ানো। যুক্তরাষ্ট্রের প্রথম দিককার বায়ুকলের নমুনা থেকে শুরু করে ছোট–বড় মিলিয়ে প্রায় ২০০ বায়ুকলের নমুনা রাখা আছে এখানে। কিছুদূর ঢুকতেই চোখে পড়ল উজ্জ্বল হলুদ রঙের দৃষ্টিনন্দন একটা বায়ুকল, নাম ‘ডুপ্লেক্স ভেনলেস’, লম্বায় ১০ ফুট। বিংশ শতাব্দীর প্রথম দশকে বানানো এই বায়ুকলে নিখুঁতভাবে বসানো কলকবজাগুলো বাতাসের গতির সঙ্গে এর পাখার গতির সামঞ্জস্য রক্ষা করতে পারত, যা ছিল তখনকার সময়ের তুলনায় বেশ উন্নত প্রযুক্তি।
দুপাশে একই রকম দুটি পাখাওয়ালা আরেকটি বায়ুকল পাওয়া গেল, নাম ‘টুইন হুইলস’। ১৯১৭ থেকে ১৯২৮ সালের এখানে রাখা এই বায়ুকল আসলেই ‘অ্যান্টিক’। প্রতি মিনিটে প্রায় ২০০ গ্যালন পানি উত্তোলনে সক্ষম এই বায়ুকল ওই সময়ের তুলনায় ছিল খুবই শক্তিশালী।
রাশিয়া থেকে আসা একটি বায়ুকল পাওয়া গেল, নাম ‘রোমাশকা’। আছে ডাচ্দের তৈরি ‘ফ্লাইং ডাচ্ম্যান’। এ রকম আরও নানা রং–ঢঙের বায়ুকলে পুরো জাদুঘরই ঠাসা।
জানতে পারলাম কীভাবে যুক্তরাষ্ট্রের রেলওয়ে বায়ুকলের শিল্পায়নে বিশেষ ভূমিকা রেখেছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকার শিল্পবিপ্লবের শুরুর সময় এ দেশের বিস্তীর্ণ রেলপথগুলোর অবদান ছিল অনস্বীকার্য। প্রচুর পানির প্রয়োজন হতো রেলগুলোর, এ জন্য রেলপথে নির্দিষ্ট ব্যবধান পরপর বায়ুকল স্থাপনের ব্যবস্থা করা হয়। রেলের বায়ুকলের এই বিপুল চাহিদাই ওই সময়ে বায়ুকল উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে সাহায্য করে।
এভাবে একটার পর একটা বায়ুকল দেখতে দেখতে দালানটার শেষ প্রান্তে চলে আসা। শেষের ঘরটি মিলনায়তন, যেখানে সেদিনই বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। যুক্তরাষ্ট্রের অনেকেই এ রকম ইতিহাসকে সঙ্গী করে তাঁদের বিশেষ মুহূর্তগুলো উদ্যাপন করতে পছন্দ করেন। বের হয়ে আসার মুহূর্তে মিলনায়তনের তিন দেয়ালজুড়ে আঁকা এক বিশাল ম্যুরালে চোখ চলে গেল। একসময়ের সমৃদ্ধ গ্রামাঞ্চলের এক বিশাল চিত্র আঁকা রয়েছে সেখানে, যা যে কাউকে কিছুটা স্মৃতিকাতর করে দেবেই। বায়ুকলের শতাব্দীপ্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে আমাকেও কি কিছুটা স্মৃতিকাতরতায় পেয়ে বসেছিল, কী জানি!