বিশ্বের ১০ কোটি পাঠকের কাছে প্রথম আলো
ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে ফ্রান্সে একত্র হয়েছিলেন বিশ্বের ২২টি প্রথম সারির পত্রিকার সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সেখানে ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বিস্তারিত লিখেছেন এবারের প্রচ্ছদ প্রতিবেদনে।

দেশ-সমাজ-রাষ্ট্রে বিশ্বব্যাপী মানুষের বহু সম্ভাবনা, বহু সফল উদ্যোগ। মানুষের নেওয়া সেসব উদ্যোগ পরিবর্তন করে চলেছে আরও বহু মানুষের জীবন। মানুষের জীবন বদলে দেওয়া সে ধরনের কিছু সংবাদ নিয়ে ২০ সেপ্টেম্বর বেরোবে একটি বিশেষ সংখ্যা। প্রচারিত হবে বিশ্বজুড়ে। প্যারিসভিত্তিক স্পার্ক নিউজের প্রতিষ্ঠাতা খ্রিস্তিয়ঁ দো বোয়ারেদোঁ প্রথম আলোকে সে আয়োজনে যোগ দিতে অনুরোধ করেন। ২০ সেপ্টেম্বরের ইমপ্যাক্ট জার্নালিজম ডে সামনে রেখে চলতি বছরের মাঝামাঝি হঠাৎ করেই প্রস্তাবটি আসে। আমরা দ্রুত সাড়া দিই এবং তাত্ক্ষণিকভাবে প্রস্তাবটি গ্রহণ করি।
এ উদ্যোগ স্পার্ক নিউজ নিচ্ছে গত বছর থেকে। গত বছরের ২০ জুলাইকে তারা প্রথম ইমপ্যাক্ট জার্নালিজম ডে হিসেবে ঘোষণা করে। বিশ্বের ২২টি দেশের ২২টি বড় দৈনিক পত্রিকা সেদিন যোগ দিয়েছিল। ২২টি দেশের মানুষের সফল ও ইতিবাচক উদ্যোগের সংবাদ বা স্বীকৃতিমূলক লেখাগুলো তারা একযোগে ছাপে। এই ২২টি দৈনিক পত্রিকার মধ্যে ছিল লন্ডনের সানডে টাইমস, প্যারিসের লা মদঁ, টোকিওর আসাহি শিম্বুন, দিল্লির টাইমস অব ইন্ডিয়াসহ আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার স্বনামধন্য সব বড় কাগজ।
স্পার্ক নিউজের এ বছরের পরিকল্পনা ছিল বিশ্বের ৪০টি বড় দৈনিক পত্রিকাকে এর সঙ্গে যুক্ত করা। দিনটিকে সামনে রেখে আমরাও প্রস্তুতি নিতে শুরু করি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখি। ৪০টি পত্রিকার কাছেই তারা চেয়েছিল ইতিবাচক সাংবাদিকতার দৃষ্টান্ত, যে সাংবাদিকতা তুলে ধরবে মানুষের সৃষ্টিশীল ও ইতিবাচক কোনো উদ্যোগের গল্প। দেশে দেশে একক বা মিলিত প্রচেষ্টায় স্থানীয় সংকটের সমাধান করে মানুষের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাময় কাহিনি তারা পৃথিবীর পাঠককে শোনাতে চায়। আমরা সে রকম আটটি সংবাদ পাঠাই। স্পার্ক নিউজ তাদের সম্পাদকীয় বোর্ডের বিবেচনায় ৪০টি দেশের ৪০টি পত্রিকার বিশেষ সংবাদের তালিকা করে।
আমাদের পাঠানো লেখাগুলো থেকে নির্বাচিত হয় রাজশাহীর বই পড়ানোর পুরোধা পলান সরকারকে নিয়ে করা একটি প্রতিবেদন। তাঁকে নিয়ে আমরা ২০০৭ সালে ‘ছুটির দিনে’র প্রচ্ছদ প্রতিবেদন করেছিলাম। প্রতিবেদনটি তখনই সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। নানা প্রতিষ্ঠান স্বীকৃতি দিতে শুরু করে পলান সরকারকে। ২০১১ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে সম্মানিত করে। অনুষ্ঠানস্থল থেকে সেই পদক নিয়ে তিনি সরাসরি প্রথম আলোর কার্যালয়ে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে যান। সেই ঘটনা এখনো আমাদের অশেষ অনুপ্রেরণার উত্স।

পলান সরকারের উদ্দীপনামূলক কাজটির প্রতি বিদেশের পত্রিকাগুলোর আগ্রহ ছিল লক্ষ করার মতো। আমরা জানতে পেরেছি, এবারের নির্বাচিত ৪০টি দেশের মধ্যে প্রায় ১০টি দেশের প্রধান কাগজে পলান সরকারকে নিয়ে করা প্রতিবেদনটি তাঁর বড় ছবিসহ প্রকাশিত হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর প্যারিসে এএফপির প্রধান কার্যালয়ের সেমিনার হলে আলোচনার বিরতিতে হন্ডুরাসের এল হেরাল্ডো পত্রিকার জ্যেষ্ঠ সম্পাদক নিজের পরিচয় দিলেন। এরপর তাঁর মুঠোফোন থেকে তাঁদের পত্রিকার ওয়েবসাইটে গিয়ে দেখালেন ছবিসহ পলান সরকারের সংবাদটি। গভীর আবেগে আপ্লুত হলাম। আরও চমত্কৃত হলাম তখন, যখন তিনি ইঙ্গিত করে বোঝাতে লাগলেন যে পলান সরকারের কাহিনি পড়ে তাঁর শরীর শিহরিত হয়ে উঠেছিল।
ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে প্যারিস ও লা হার্ভেতে গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর তিন দিনজুড়ে বড় বড় অনুষ্ঠান করা হয়। ২২টির মতো পত্রিকার সম্পাদক এবং জ্যেষ্ঠ সম্পাদক বা কর্মকর্তারা অনুষ্ঠানগুলোয় অংশ নেন। আমরা এক দিনের জন্য প্যারিসে একটি বৈঠক করি। সেখানে এক বছরের কাজের মূল্যায়ন করা হয়। আগামী বছর কী পরিকল্পনা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়।
প্যারিসে সারা দিনব্যাপী আলোচনায় আমরা একমত হই যে ২০১৫ সালে আরও ১০টি পত্রিকাকে যুক্ত করে নিজেদের সংখ্যা আমরা নিয়ে যাব ৫০-এ। আগামী বছরে একই সঙ্গে টেলিভিশনকেও যুক্ত করা হবে। অর্থাৎ, একই মত ও পথের বিশ্বের ৫০টি বড় দৈনিক কাগজ হিসেবে আমরা একসঙ্গে যুক্ত থাকব। সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, সারা বিশ্বের সামনে সংকটের সমাধান করা সফল ঘটনা এবং ব্যক্তি ও মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা উদ্যোগের খবর তুলে ধরে বিশ্ববাসীকে আমরা একসঙ্গে উত্সাহিত করতে চাই। বিশ্বের কোটি কোটি মানুষকে আমরা দেখাতে চাই, গোটা বিশ্বে ইতিবাচক ধারার সাংবাদিকতা সৃষ্টির উদ্যোগ নেওয়া সম্ভব।
বাকি দুই দিন আমরা প্যারিস থেকে ট্রেনে করে দুই ঘণ্টার ভ্রমণ শেষে লা হার্ভে শহরে উপস্থিত হই। সেখানে একসঙ্গে আবারও নানা কর্মকাণ্ডের অংশ হিসেবে বিভিন্ন আলোচনায় অংশ নিই। তার মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠানটি ছিল লা হার্ভে মিউনিসিপ্যাল ভবনে, সন্ধ্যাবেলায়। অনুষ্ঠানটি ছিল প্রায় তিন ঘণ্টাব্যাপী। শুরুতেই সম্পাদকদের মঞ্চে উঠতে হলো। প্রত্যেককেই দিতে হলো দুটি করে
প্রশ্নের উত্তর।

প্রথম আলো এবং আমাদের উদ্দেশে প্রশ্ন ছিল: এক. কেন আমরা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হলাম; দুই. এ কাজের সঙ্গে আমরা যুক্ত থাকব কি না? আমরা বলেছি, বাংলাদেশে আমরা এই ধারাতেই ছিলাম, এই ধারাতেই থাকব। আমাদের ইতিবাচক সাংবাদিকতার এই ধারা আমরা অব্যাহত রাখব। অনুষ্ঠানটিতে দর্শক-শ্রোতা ছিলেন হলভর্তি। বাংলাদেশ ও প্রথম আলোর কথা শুনে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

২৩ সেপ্টেম্বর প্রথম দিনের অনুষ্ঠানে আমাদের সংবর্ধনা জানানো হয় প্যারিসের মেয়রের অফিস উতেল দে ভিলে। ডেপুটি মেয়র থেকে শুরু করে সেখানকার গণ্যমান্য ব্যক্তিরা তাতে উপস্থিত হয়েছিলেন। সেখানেও আমাদের আলোচনা চলে একই ধারায়। সে সন্ধ্যায় সাড়ে ছয়শ বছরের বেশি পুরোনো ঐতিহ্যবাহী ভবনটির সামনে বিশাল দুটি ব্যানারে প্রথম আলোর উপস্থিতি ছিল জ্বলজ্বলে। একইভাবে লা হার্ভের মিউনিসিপ্যাল হলের প্রবেশমুখে প্রথম আলোসহ অন্য পত্রিকাগুলোর বড় ছবি ঝোলানো হয়। তাতে প্রথম আলোর শনিবারের ‘ছুটির দিনে’র সেই সংখ্যার প্রথম পৃষ্ঠাটি প্রদর্শিত হয় খুব ভালোভাবে। বহু লোক তা দেখেন। প্রথম আলো সম্পর্কে অনেকেই আমাকে নানা প্রশ্ন করেন, নানা কিছু জানতে চান। এসব আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলোর পরিচয় পৌঁছে যায় বিশ্বের ১০ কোটি পাঠকের কাছে। প্রথম আলোর নাম এবং সেই সূত্রে পলান সরকারের খবরের মধ্য দিয়ে বাংলাদেশের অনুপ্রেরণাময় উদ্যোগের কথা আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়ার ঘটনাটি আমাদের দারুণ উত্সাহিত করেছে।
শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রতি সপ্তাহের বিশেষ দিনগুলোয় আমরা বিশেষ প্রস্তুতি নিয়ে দেশের মানুষের সফলতার কাহিনি, বিশেষ কারও জীবনসংগ্রামের ঘটনা, তার প্রভাব ইত্যাদি প্রথম আলোয় তুলে ধরব। প্রথম আলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এটি এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সমাজের অনেক মানুষও এই প্রচেষ্টার আমাদের সঙ্গে এসে যোগ দেন, আমাদের উত্সাহিত করেন।

ছাপা পত্রিকা হিসেবে প্রথম আলো যেমন দেশের সবচেয়ে বেশি পঠিত পত্রিকা (প্রতিদিন ৫১ লাখের বেশি পাঠক), তেমনি সারা বিশ্বের ২১০টি দেশে অনলাইনের মাধ্যমেও (প্রতিদিন সাত লাখ পাঠক) সর্বাধিক সংখ্যক বাঙালি পাঠকের প্রিয় পত্রিকা এটি। দেশে-বিদেশে মোবাইলের মাধ্যমে এখন এটি পড়ছেন প্রায় দুই লাখ পাঠক। গত ১৫ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের কাতার থেকে প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক প্রথম আলো। ছাপানো সে পত্রিকা চলে যাচ্ছে বাহরাইনেও। এর পাশাপাশি ইমপ্যাক্ট জার্নালিজম ডের মাধ্যমে বাংলাদেশের নাম, প্রথম আলোর নাম পৌঁছে গেল বিশ্বের ১০ কোটি পাঠকের কাছে। এ আমাদের জন্য এক বিরাট অনুপ্রেরণা সঞ্চার করার মতো ঘটনা।
আমরা তাই বলতে পারি, ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে প্রথম আলোর মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক ঘটনার খবর পৌঁছে যাওয়া, বাংলাদেশের ইতিবাচক সাংবাদিকতার দৃষ্টান্ত পৌঁছে যাওয়া শুধু প্রথম আলোর নয়, আমাদের সাংবাদিকতার জন্যও এক বড় অর্জন।