বিশ্বেসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নারীরা
বর্তমান বিশ্বে সেরা সব প্রযুক্তি প্রতিষ্ঠানের অনেকগুলোতেই শীর্ষ ব্যক্তি হিসেবে কাজ করছেন নারীরা। নারী হিসেবে নয়, বরং যোগ্যতা দিয়ে শীর্ষপদে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এসব শীর্ষ কর্তা। এ তালিকাটাও ধীরে ধীরে বড় হচ্ছে। এর মধ্যে নির্বাচিত প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নারীদের নিয়ে এ আয়োজন।

শেরিল স্যান্ডবার্গ
প্রধান পরিচলন কর্মকর্তা, ফেসবুক
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী হিসেবে পরিচিত শেরিল স্যান্ডবার্গ বর্তমানে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও)। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্ম নেওয়া শেরিল এর আগে বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগলের গ্লোবাল অনলাইন সেলস অ্যান্ড অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করা শেরিল গুগলে কাজ করারও আগে ছিলেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারির চিফ অব স্টাফ হিসেবে। বর্তমানে বিশ্বসেরা এ সামাজিক যোগাযোগ সাইটের বিক্রয়, বিপণন, ব্যবসায় উন্নয়ন, মানবসম্পদ, যোগাযোগসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনিই পরিচালনা করেন।

উরসুলা বার্নস
প্রধান নির্বাহী ও চেয়ারওমেন, জেরক্স করপোরেশন
আফ্রিকান-আমেরিকান নারী প্রধান নির্বাহী এবং সফল প্রতিষ্ঠান প্রধান উরসুলা বার্নস। বিশ্বের অন্যতম ডকুমেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জেরক্স করপোরেশনের প্রধান নির্বাহী এবং চেয়ারওমেন হিসেবে আছেন বার্নস। ১৯৫৮ সালে জন্ম নেওয়া উরসুলা যন্ত্রকৌশল স্নাতক ও স্নাতকোত্তর করেছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অব এনইউসি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। জেরক্সের সঙ্গে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করার পর স্নাতকোত্তর শেষে পুরোপুরি ভাবে যোগ দেন। একেবারে শুরু থেকে যোগ দেওয়ার পর জেরক্সের বিভিন্ন পদে কাজ করেছেন উরসুলা। ২০০০ সালে এ প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সে সময়ে প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা আরেক নারী প্রধান নির্বাহী অ্যানি মুলচের সঙ্গে একসঙ্গে কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যান প্রতিষ্ঠানকে।

মার্গারেট কুসিং উইথম্যান
প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রেসিডেন্ট ও চেয়ারওমেন, হিউল্যাট-প্যাকার্ড (এইচপি)
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান হিউল্যাট-প্যাকার্ডের (এইচপি) চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী মার্গারেট কুসিং উইথম্যান। ১৯৫৬ সালে জন্ম নেওয়া উইথম্যানের কাজের ক্ষেত্রটা বেশ সাফল্যময়। প্রিন্সটন ইউনিভার্সিটি ও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন তিনি। এইচপির আগে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন দ্য ওয়ার্ল্ড ডিজনি, ড্রিম ওয়ার্কসসহ বিশ্বসেরা বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ই-কমার্স সাইট ইবে প্রধান নির্বাহী হিসেবে নিজের কৃতিত্ব দেখান। মাত্র ৩০ জন কর্মী এবং চার মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান ই-বেকে ১০ বছরে তিনি ১৫ হাজার কর্মী এবং আট বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানে রূপান্তরিত করেন।

ভার্জিনিয়া রোমেট্টি
প্রধান নির্বাহী ও চেয়ারওমেন, আইবিএম
শতবর্ষী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএমের প্রথম নারী প্রধান নির্বাহী ভার্জিনিয়া রোমেট্টি। যিনি রোমেট্টি নামেই বেশ পরিচিত। আইবিএমের সর্বোচ্চ নির্বাহী পদে যোগ দেওয়ার আগে রোমেট্টি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোমেট্টির পুরো নাম ভার্জিনিয়া জিনি এম রোমেট্টি। নর্থ ওয়েস্ট্যান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা রোমেট্টি আইবিএমে যোগ দেন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে।

লিলা ত্রিতিকোভ
নির্বাহী পরিচালক, উইকিমিডিয়া ফাউন্ডেশন
ইন্টারনেটে জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লিলা ত্রিতিকোভ। মুক্ত সোর্স প্রযুক্তিতে ১৫ বছরের বেশি সময় ধরে শীর্ষ পদে কাজ করছেন লিলা। উইকিমিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি ক্যালিফোর্নিয়ার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সুগারসিআরএমের প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এ ছাড়া সান মাইক্রোসিস্টেমে মুক্ত সোর্স প্রকল্পের প্রধান হিসেবেও কাজ করেন।
১৯৭৮ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্ম লিলার। তিনি মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ব্রিকলে থেকে কম্পিউটার বিজ্ঞান ও আর্ট বিষয়ে পড়াশোনা শেষে মেশিন লার্নিং বিষয়ে গবেষণায় যুক্ত হন। গবেষণা আর ইন্টেলিজেন্ট ডেটা ম্যাপিং ও ডায়নামিক ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন বিষয়ে অনেক পেটেন্ট রয়েছে লিলা ত্রিতিকোভের। ২০১২ সালে বিজনেস সার্ভিসে সেরা নারী নির্বাহী হয়ে স্টিভ অ্যাওয়ার্ড পান তিনি।

মেলিন্ডা গেটস
সহপ্রতিষ্ঠাতা ও কো-চেয়ার, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
বিশ্বে সেরা ধনকুবের ও বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সহধর্মিণী মেলিন্ডা গেটস। তবে মানবহিতৈষী এবং বিজনেসওম্যান হিসেবেও তিনি বেশ পরিচিত। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালে বিল গেটস ও মেলিন্ডা গেটসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ ২৬ বিলিয়ন ডলার দান করেছে। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করা মেলিন্ডার পুরো নাম মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তাঁর বাবা রেমন্ড জোসেফ ফ্রেঞ্চ জুনিয়র ছিলেন প্রকৌশলী এবং মা অ্যালেইন অ্যাগনেস অ্যামারল্যান্ড গৃহিণী। এ দম্পতির চার সন্তানের মধ্যে দ্বিতীয় মেলিন্ডা সেন্ট মনিটা ক্যাথলিক বিদ্যালয়ের সেরা ছাত্রী নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিউক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক এবং ডিউক ফুকুয়া স্কুল অব বিজনেস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে বিল গেটসের সঙ্গে বিয়ের আগে থেকে মাইক্রোসফটে ক্যারিয়ার শুরু করেন মেলিন্ডা। মাইক্রোসফটের পাবলিশার, মাইক্রোসফট বব, এনকার্টা এবং এক্সপিডিয়া প্রকল্পে কাজ করেছেন তিনি। তিনি মাইক্রোসফট থেকে ইনফরমেশন প্রোডাক্ট বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে অবসর নেন।

সুসান ওজস্কি
প্রধান নির্বাহী, ইউটিউব
গুগলের মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও দেখার সাইট ইউটিউবের প্রধান নির্বাহী সুসান ওজস্কি। এ পদে যোগ দেওয়ার আগে দীর্ঘদিন ধরে সুসান গুগলের অ্যাডস ও কমার্স বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুসান ওজস্কির জন্ম ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায়। পুরো নাম সুসান ডি ওডস্কি। বাবা স্ট্যানলি ওজস্কি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পদার্থবিদ্যার অধ্যাপক এবং মা এস্থার ওজস্কিও একজন শিক্ষাবিদ। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে অর্থনীতি বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে স্নাতকোত্তর করেন তিনি। পরবর্তী সময়ে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রিও অর্জন করেন সুসান।

মারিসা মেয়ার
প্রধান নির্বাহী, ইয়াহু
ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার যোগ দিয়েই প্রযুক্তিবিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। ১৯৭৫ সালের ৩০ মে জন্ম নেওয়া মারিসার সিম্বোলিক সিস্টেমের ওপর স্নাতক ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ওপর স্নাতকোত্তর করেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। ১৯৯৯ সালে যোগ দেন বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগলে। তিনি প্রথম নারী প্রকৌশলী হিসেবে গুগলে যোগ দেন। পরে কাজ করেন জ্যেষ্ঠ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে। গুগলের সার্চ ইঞ্জিন, মূল পাতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি তিনি কাজ করেন গুগলের ম্যাপিং সার্ভিসেও। কাজের পাশাপাশি তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করছেন। এর মধ্যে রয়েছে কুপার-হিউইট, ন্যাশনাল ডিজাইন মিউজিয়াম, সান-ফ্রান্সিসকো মিউজিয়াম অব মর্ডান আর্ট, ওয়ালমার্ট ইত্যাদি।

পারিসা তাবরিজ
গুগলের রাজকন্যা
‘পারিসা তাবরিজ সিকিউরিটি প্রিন্সেস’ একটা ভিজিটিং কার্ডে এমনই লেখা আছে। কারও কাজের
পদবিতে ‘প্রিন্সেস’ শব্দটা নতুনই। ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার গুগল ক্রোমের নিরাপত্তার বিষয় দেখভাল করার জন্য যে দলটা আছে, সেটার নেতৃত্ব দিচ্ছেন পারিসা তাবরিজ। প্রাতিষ্ঠানিক পদবি তথ্য নিরাপত্তা প্রকৌশলী (ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার) হলেও গুগল পরিবার থেকেই তাঁকে ভালোবেসে বলা হয় সিকিউরিটি প্রিন্সেস। ভিজিটিং কার্ডেও তাই এই পদবি। ৩১ বছর বয়সী পারিসার দলের সবাই সাদা টুপি হ্যাকার (হোয়াইট হ্যাট হ্যাকার)। মানে হচ্ছে, এই হ্যাকাররা কোনো অবৈধ বা অনৈতিক কোনো হ্যাকিংয়ে যুক্ত নন। আর এই দলের কাজই হচ্ছে গুগল ক্রোমের নিরাপত্তা নিশ্চিত করা। কোটি কোটি মানুষ যেখানে ব্রাউজার ব্যবহার করেন, সে ক্ষেত্রে অনৈতিক কাজে যুক্ত হ্যাকারদের আক্রমণ প্রতিহত থেকে বাঁচাতে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন পারিসা ও তাঁর দল। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া তাবরিজের বাবা একজন চিকিৎসক ও মা পেশায় সেবিকা। বাবা, মা আর দুই ভাই অন্যান্য নানা বিষয়ে দক্ষ হলেও কম্পিউটার বিষয়ে ছিলেন পুরোই অজ্ঞ। এমন পরিবারেই বেড়ে ওঠা পারিসা ২০০৭ সালে গুগলে যোগ দেন। একজন নারী হিসেবে সে সময়ে গুগলে কাজ করা বা শীর্ষ পদে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সহজ না হলেও এটিকে ভালোভাবে সামলে এগিয়ে চলছেন তিনি।

সাফরা এ. ক্যাটজ
প্রধান নির্বাহী কর্মকর্তা, ওরাকল করপোরেশন
ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাফরা এ ক্যাটজ। একই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পূর্বে প্রধান আর্থিক কর্মকর্তা এবং কো-প্রেসিডেন্ট ছিলেন তিনি। ১৯৬১ সালে জন্মগ্রহণ করা সাফরা ইউনিভার্সিটি অব পেনসেলভেনিয়া থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া ল স্কুল থেকে আইন বিষয়ে জুরিস ডক্টোরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে ব্যাংকার হিসেবে কাজ শুরু করলেও পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে যুক্ত হয়ে যান তিনি। ১৯৯৯ সালে ওরাকলে যোগ দেওয়া সাফরা স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে নিয়মিত ক্লাস নেন এবং ২০০৮ সাল থেকে এইচএসবিসি গ্রুপের পরিচালক হিসেবে যুক্ত আছেন। সফল হিসেবে পেয়েছেন নানা স্বীকৃতি ও পুরস্কার।

মিচেল বেকার
এক্সিকিউটিভ চেয়ারওমেন, মজিলা ফাউন্ডেশন
অলাভজনক তথ্যপ্রযুক্তি সংস্থা মজিলা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ চেয়ারওমেন মিচেল বেকার। এ ফাউন্ডেশনের জনপ্রিয় নানা পণ্যের মধ্যে আছে মজিলা ফায়ারফক্স নামের ব্রাউজার। এ ছাড়া রয়েছে ই-মেইল সেবা থান্ডারবার্ড। চেয়ারওম্যানের দায়িত্ব নেওয়ার আগে ২০০৫ সালে মিচেল মজিলা ফাউন্ডেশনের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান মজিলা করপোরেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। পেশায় আইনজীবী মিচেল ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও কাজ করছেন। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন মিচেল। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ১৯৭৯ সালে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল থেকে পরবর্তী সময়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর পরই তিনি করপোরেট এবং মেধাস্বত্ব বিষয়ে ফেনউইচ অ্যান্ড ওয়েস্ট নামের একটি আইন প্রতিষ্ঠানে কাজ করেন। মজিলা ফাউন্ডেশনের আগে তিনি সান মাইক্রোসিস্টেমসেও আইন বিষয়ে কাজ করেন।
তথ্যসূত্র: ফোর্বস, উইকিপিডিয়া