বিষ থেকে মুক্তি নেই ক্রেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাদের রাসায়নিক পদার্থের বিষ থেকে মুক্তি মিলছে না। ভ্রাম্যমাণ আদালত বারবার অভিযান চালানোর পরও কিছু বিক্রেতা পণ্য তাজা দেখানোর জন্য ফরমালিন নামের এই বিষ ব্যবহার করে যাচ্ছেন। বিষ মেশানোর এই তালিকায় রয়েছে নামীদামি অভিজাত সুপার স্টোর বা চেইন শপগুলোও। এর ফলে মানবদেহে ক্যানসারসহ নানা রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসন, সিটি করপোরেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বিএসটিআইয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিভিন্ন পণ্যে বিষ মেশানোর প্রমাণ মিলেছে। পরীক্ষায় জানা গেছে, চট্টগ্রামে মাছ, ফল, সবজিসহ বিভিন্ন পণ্যে ফরমালিন কিংবা ইউরিয়া জাতীয় রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। পণ্য তাজা রাখতেই এসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এ প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণের উপপরিচালক জুবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, কাঁচা মরিচেও ফরমালিন ব্যবহার করা হচ্ছে। মানুষ যাবে কোথায়! তবে অভিযানের কারণে মানুষ জানতে পারছে। ফলে তারা সচেতন হচ্ছে। তিনি বলেন, বিক্রেতাদের নিজেদের নৈতিকতার মান উন্নত করতে হবে। নাহলে এই পরিস্থিতি থেকে সহজে নিস্তার পাওয়া যাবে না। জুবায়ের আহমেদ আরও বলেন, ‘একশ্রেণীর বিক্রেতা আম, আপেল, মরিচ, মাছ, সবজিতে ফরমালিন মেশাচ্ছেন। পাশাপাশি কোনো কোনো বিক্রেতা দোকানের বাসি, পচা মিষ্টি এবং মরা মুরগি বিক্রি করছেন। এঁদের বিরুদ্ধেও আমরা অভিযান জোরদার করেছি।’জানা গেছে, গত ১৬ জুলাই ভ্রাম্যমাণ আদালত কোতোয়ালি মোড় এলাকার অভিজাত চেইন সুপার শপ স্বপ্নতে অভিযান চালান। ওখানে লইট্যা মাছ ও টমেটোতে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়। ওই দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৩ জুলাই নগরের আরও দুটি অভিজাত সুপার শপকে ফরমালিন মেশানোর কারণে জরিমানা করা হয়। এগুলো হলো, জিইসি মোড়ের ওয়েলমার্ট ও প্রবর্তক মোড়ের আগোরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম জয়নাল আবেদীন আদালত পরিচালনা করেন। ওয়েলমার্টে আঙুরে এবং আগোরাতে চেরি ফলে ফরমালিন পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ফরমালিনযুক্ত চেরি ফল ধ্বংস করা হয়।এর আগে নগরের অভিজাত ব্যক্তিদের বাজার হিসেবে পরিচিত কাজীর দেউড়ি বাজারের সব দোকানে লইট্যা মাছে ফরমালিন পাওয়া যায়। চকবাজারেও পৃথক অভিযানে লইট্যা মাছে ফরমালিন পেয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নগরের ফলমন্ডি ও ফিরিঙ্গিবাজারের বিভিন্ন ফলের আড়তে অভিযান চালিয়ে আমে ফরমালিন মেশানোর অস্তিত্ব পাওয়া যায়। ফিশারিঘাটে বিভিন্ন মাছেও ফরমালিন পাওয়া গেছে। এমনকি মুড়ি ও খেজুরেও ইউরিয়া মেশানোর অভিযোগ রয়েছে।ফলে মাছ কিংবা ফল খাওয়াও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষ মেশানো এসব খাবার খেলে নানা রকম অসুখ হওয়ার আশঙ্কার কথা বলছেন চিকিৎসকেরা। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ফরমালিন কিংবা বিষাক্ত রাসায়নিক পদার্থযুক্ত খাদ্য দীর্ঘমেয়াদে খাওয়ার কারণে মানবদেহে ক্যানসারসহ প্রাণঘাতী রোগের আশঙ্কা থেকে যায়। বিশেষ করে শিশুদের বেশি ক্ষতি হতে পারে। এর ফলে কিডনি ও লিভার ইনফেকশনও হতে পারে।’