বিষটোপে অতিথি পাখির অভ্যর্থনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ি পাহাড়ে এখন পুরোদস্তুর শীতের আমেজ। হেমন্তের মাঝামাঝি সময়ে শীত আসার লক্ষণ ফুটে উঠেছে প্রকৃতিতে। বইছে হিমেল হওয়া। ঝরে পড়ার জন্য প্রস্তুত বৃক্ষের পাতা হয়ে উঠেছে লালচে হলুদ। সন্ধ্যায় ও ভোরে দুধের সরের মতো পথের ওপর জমছে কুয়াশা। পরিবেশ অনুকূলে থাকায় উপজেলার খাল-বিলসহ বিভিন্ন স্থানে আসতে শুরু করেছে শীতের দেশের পরিযায়ী পাখি। অতিথি পাখির কলরবে এখন ঘুম ভাঙছে গ্রামবাসীর। উপজেলার উগলছড়ি ও নলবনিয়া বিলে এবার হাজার হাজার পরিযায়ী পাখি এসেছে। তবে একশ্রেণীর শিকারী এই সুযোগে বিষটোপ দিয়ে এসব পাখি মারছে। হাটে বাজারে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে পাখি। পাখিগুলো আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিল ছেড়ে চলে যাচ্ছে। শীত মৌসুমে বাঘাইছড়ির বিভিন্ন বিলে খাবারের খোঁজে পরিযায়ী পাখির আনাগোনা বেড়ে যায়। এ বছর পাখি আসার মৌসুমের শুরুতেই শিকারিদের তৎপরতা বেড়ে গেছে। উপজেলার হোটেল-রেস্তোরাঁগুলোয় পাওয়া যাচ্ছে পাখির মাংস। বিষটোপ দিয়ে ধরা পাখির মাংস খেয়ে অনেকে অসুস্থ হয়েছে বলে জানা গেছে।পাখি শিকারিরা জানান, ধানের শিষে বিষ মিশিয়ে উগলছড়ি ও নলবনিয়া বিলে রাখা হয়। মৃত পাখি বস্তায় করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন শিকারিরা।অতিথি পাখির মধ্যে পাতিহাঁস, পানকৌড়ি, বক ও মাছরাঙা ধরা পড়ছে বেশি।সরেজমিনে দেখা গেছে, পাখি মারার জন্য বিলের জমিতে ফেলে রাখা হয়েছে বিষ মাখানো ধান। জেলে ত্রিনয়ন চাকমা বলেন, কাল সন্ধ্যায় অর্ধশত শিকারি বিষ মেশানো ধান রেখে গেছেন। সেই ধান খেয়ে এক রাতে কয়েক শ অতিথি পাখি মারা গেছে। মৃত পাখিগুলো খুব ভোরে শিকারিরা নিয়ে গেছেন বলে তিনি জানান।শিকারি অরুণ লাল চাকমা বলেন, ‘আমরা প্রতিবছর ধানের শিষে বিষ দিয়ে অতিথি পাখি শিকার করি। এ বছর পাখি একটু আগে আসতে শুরু করেছে। প্রতি রাতে কয়েক হাজার পাতিহাঁসসহ নানা প্রজাতির অতিথি পাািখ মরছে। একটি মৃত হাঁস ৩০ টাকা করে বিক্রি করছি।’বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষার আন্দোলন কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সদস্য মো. আবুল ফজল প্রথম আলোকে জানান, প্রতিবছর শীত মৌসুমে অতিথি পাখি খাবারের খোঁজে এখানে আসে। কিন্তু শিকারিদের তৎপরতায় অনেক পাখি মরছে। অতিথি পাখিদের সংরক্ষণের জন্য গ্রামপর্যায়ে সভা-সেমিনারের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার উদ্যোগ নিতে হবে।বাঘাইছড়ি থানার উপপরিদশর্ক (এসআই) ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে জানান, অতিথি পাখি হত্যা বিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে শিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষ প্রয়োগ করে অতিথি পাখি শিকার করার বিষয়টি আমি শুনেছি। কোন স্থানে পাখি শিকার হচ্ছে, খোঁজখবর নিয়ে সেখানে পুলিশ পাঠানো হবে।’