বিষণ্ন সৈকতে জেগে আছে ‘সমুদ্র বিলাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন মৌসুম শেষ। সেন্ট মার্টিন দ্বীপে নেই কোনো পর্যটক। জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটি ঘাটের চিরচেনা কোলাহলও নেই। দ্বীপের পশ্চিম সৈকতে অবস্থিত ‘সমুদ্র বিলাস’ বাড়িটিকে ঘিরে পর্যটন মৌসুমে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকত। কিন্তু এখন সেই বাড়িটি বিষণ্ন সৈকতে জেগে আছে একা। বাড়ির মালিক হুমায়ূন আহমেদ এখানে আর আসবেন না, পূর্ণিমার জোয়ারে ভেসে যাওয়া সৈকত দেখবেন না এটা বিশ্বাস করতে পারছেন না সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দারাও। দ্বীপের অনেকেই মনে করেন, হুমায়ূন আহমেদের কারণেই পর্যটকদের নজরে পড়েছে এই দ্বীপ। তাঁর লেখা দারুচিনি দ্বীপসহ বেশ কয়েকটি উপন্যাস পড়ে দলে দলে তরুণেরা ছুটে এসেছেন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে। পর্যটন মৌসুমে প্রায় প্রতিদিনই হুমায়ূনের বাড়ি সমুদ্র বিলাসের সামনে ছোটখাটো ভিড় দেখা যায়। হুমায়ূনের উপন্যাসের নামে তৈরি করা কটেজগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তোলেন পর্যটকেরা। দ্বীপের জেটিঘাট থেকে রিকশাভ্যানে মাত্র ১৫ মিনিট গেলেই অবকাশ পয়েন্টে পৌঁছানো যায়। দ্বীপের এই অংশের সৈকতেই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাড়ি ‘সমুদ্র বিলাস’। জানা যায়, ১৯৯৩ সালের ১৬ মার্চ সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা জোলেখা খাতুনের কাছ থেকে ২০ হাজার টাকায় ২২ শতক জমি কিনেছিলেন হুমায়ূন আহমেদ। ১৯৯৪ সালে তিনি এখানে একটি বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িটি নির্মাণের কয়েক বছর পরেই ভেঙে পড়ে। বর্তমানে দারুচিনি দ্বীপ, কোথাও কেউ নেই, আমার আছে জল, হিমুর মধ্য দুপুর, মিসির আলী আপনি কোথায়, শ্রাবণ মেঘের দিন নামের ছয়টি কটেজ ও শঙ্খনীল কারাগার নামের একটি রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে হুমায়ূনের জায়গায়। ওই এলাকার নাম রাখা হয়েছে নুহাশ পয়েন্ট। সেন্ট মার্টিনের সমুদ্র বিলাসের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) মো. শফিক ও মো. উসমান বলেন, ‘এ দ্বীপে হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে যখন একটি বাঁশের বেড়ার টিনশেড বাড়ি নির্মাণ করেন তখন কোনো কটেজ ছিল না। সর্বশেষ ২০১১ সালের ১৮ ডিসেম্বর নাট্য পরিচালক মাসুদ রানা, দুই সন্তান নিষাদ ও নিনিত এবং স্ত্রী শাওনকে নিয়ে হুমায়ূন আহমেদ এসেছিলেন। বর্তমানে ওই বাড়িটি লিজ নিয়েছেন ব্যবসায়ী আবদুর রহমান ও চিত্রনায়ক ফেরদৌস।’ এ প্রসঙ্গে ব্যবসায়ী আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাড়িটির বাণিজ্যিক দিক বিবেচনা করে সমুদ্র বিলাস আনন্দ আশ্রম নামে ইজারা নিয়েছিলাম। কিন্তু স্যার এভাবে চলে যাওয়ায় আমাদের মন ভেঙে গেছে। সবার সম্মতি থাকলে হুমায়ূন আহমেদ স্মরণে এখানে একটি জাদুঘর স্থাপন করা হবে।’ দ্বীপের পান্না রিসোর্টের মালিক মোল্লা বশির আহমদ বলেন, ‘হুমায়ূন আহমদের বই পড়েই জানতে পারি দেশে সেন্ট মার্টিন নামে একটি প্রবাল দ্বীপ আছে। সেখানে তিনি একটি বাড়ি নির্মাণ করেছেন। পরে আমিও ১৯৯৮ সালে কিছু জমি কিনে দ্বীপে একটি কটেজ নির্মাণ করি। এভাবে ঢাকার অনেকেই সেন্ট মার্টিনে রিসোর্ট গড়ে তুলেছেন। হুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় একটা এলাকা কীভাবে বদলে গেল সেন্ট মার্টিনে এলে তা বোঝা যায়।’সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নূরুল আমিন বলেন, ‘এ দ্বীপের প্রতিটি মানুষ ড. হুমায়ূন আহমেদের কাছে কৃতজ্ঞ। তাঁর কারণেই দেশে-বিদেশের পযর্টকদের কাছে নারিকেল জিঞ্জিরা সম্পর্কে আগ্রহ জন্মেছে।’