বিষণ্নতায় মগজের ক্ষয়!

দিনের পর দিন বিষাদগ্রস্ত হয়ে থাকলে আমাদের মগজও ক্ষয়ে যেতে পারে। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন স্থায়ী বিষাদগ্রস্ততায় মস্তিষ্কের স্মৃতি ও আবেগের সঙ্গে সম্পৃক্ত অংশ হিপোক্যাম্পাস ছোট হয়ে যেতে পারে। গবেষণার এই ফল থেকে কিশোর-কিশোরীদের বিষাদগ্রস্ততার মনো-চিকিৎসার ওপর জোর দিয়েছেন বিজ্ঞানীরা।
সিডনি বিশ্ববিদ্যালয়ের ব্রেইন অ্যান্ড মাইন্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক এবং গবেষক দলের অন্যতম সদস্য ইয়ান হিক্কি বলেন,‘একজন ব্যক্তি যত বেশি বার বিষাদগ্রস্ততার পর্ব পার করবেন তাঁর হিপোক্যাম্পাসের আকার তত বেশি ছোট হতে থাকবে।’
তবে, চিকিৎসা করানোর মাধ্যমে এটা রোধ করা যায় এবং মস্তিষ্ক আগের অবস্থায় ফিরে আসতে পারে।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, এই গবেষণার জন্য বিভিন্ন দেশের ১৫টি প্রতিষ্ঠানের গবেষকেরা ৮ হাজার ৯২৭ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা চালান। এর মধ্যে ১ হাজার ৭২৮ জনই ব্যাপক বিষাদগ্রস্ততায় আক্রান্ত। গবেষকেরা দেখতে পেয়েছেন যে, বিষাদগ্রস্ত স্বেচ্ছাসেবকদের ৬৫ ভাগই নিয়মিত বিষণ্নতার রোগী এবং এদের মস্তিষ্কের হিপোক্যাম্পাসের আকৃতি তুলনামূলকভাবে ছোট।
অধ্যাপক হিক্কি বলেন,‘চিকিৎসা না করালে নিয়মিত বিষাদগ্রস্ততায় হিপোক্যাম্পাসের বেশি ক্ষতি হতে থাকবে। এই অসুস্থতা বারবার ফিরে আসতে থাকার কারণেই মস্তিষ্কের এই ক্ষতি হয়।’
গবেষণার ফল বিশ্লেষণ করে মনোবিজ্ঞানীরা বলছেন, কিশোর-কিশোরী বা কমবয়সীদের মধ্যে এমন বিষাদগ্রস্ততা দেখা গেলে দ্রুত তার চিকিৎসা করানো প্রয়োজন। এ ক্ষেত্রে বিষণ্নতা দূর করার ওষুধ একটা ভূমিকা পালন করতে পারে। কিন্তু অস্ট্রেলীয় গবেষক হিক্কি মনে করিয়ে দিয়েছেন যে, বিষাদগ্রস্ততার চিকিৎসা বলতে কেবল ওষুধই বোঝায় না, সামাজিক সক্রিয়তা এখানে খুবই গুরুত্বপূর্ণ।’