বিষমুক্ত সবজিতে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলায় সবজির পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিয়মুক্ত সবজি চাষ করছেন কৃষকেরা। তাতে তাঁরা লাভবান হচ্ছেন।সরেজমিনে দেখাগেছে, দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের কৃষক ছিদ্দিকুর রহমান তাঁর বেগুনখেতে কীটনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ দিয়ে পোকা দমন করছেন। এতে তাঁর কীটনাশকের খরচ বেঁচে গেছে। তিনি ২২ শতাংশ জমিতে বেগুন চাষ করে চলতি বছর প্রায় এক লাখ ১০ হাজার আয় করেছেন। এতে সার, বীজ, শ্রমিকের মজুরিসহ তাঁর প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তাঁর লাভ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা।ছিদ্দিকুর রহমান জানান, উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায় তাঁকে এভাবে সবজি চাষে উৎসাহিত করেছেন। এ ছাড়া ফেনী থেকে কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সুনীল চন্দ্র ধর একাধিকবার তাঁর সবজিখেত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।ছিদ্দিকুর রহমানের জমির পাশেই একই পদ্ধতিতে আরেক কৃষক জামাল উদ্দিন আট শতাংশ জমিতে বেগুন চাষ করেছেন। তিনি জানান, তাঁর খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। বেগুন বিক্রি করেছেন ৫০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে তাঁর লাভ হয়েছে ৩০ হাজার টাকা। পাশাপাশি আরও অনেকে একই পদ্ধতিতে বেগুন চাষ করে লাভবান হয়েছেন।ছিদ্দিকুর রহমান জানান, খেতের বেগুন তুলে তাঁদের বাজারে নিতে হয়নি। ব্যাপারীরা গ্রাম থেকেই পাইকারি দরে বেগুন কিনে নিয়ে গেছেন। এতে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। কারণ, এতে উৎপাদন খরচ কম, কষ্ট করে বাজারে নিতে হয় না। এ ছাড়া বিষমুক্ত খাবার নিজেও খেয়েছেন দেশবাসীকেও খাইয়েছেন।একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের কৃষক মফিজুর রহমান ৩২ শতাংশ জমিতে চিচিঙ্গা চাষ করেছেন। তিনিও একই প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হয়েছেন। ইতিমধ্যে মফিজুর রহমান খেতের চিচিঙ্গা বিক্রি করতে শুরু করেছেন। প্রতিদিন সকালে খেতের পাশেই ব্যাপারী হাজির হন। প্রতি কেজি চিচিঙ্গা পাইকারি ৩৫ টাকায় বিক্রি করছেন। ইতিমধ্যে তাঁর পুঁজি উঠে গেছে। তিনি জানান, বিগত মৌসুমে তিনি চিচিঙ্গা চাষ করে সপ্তাহে দুবার করে কীটনাশক ব্যবহার করতেন। এখন পোকা দমনে কীটনাশক ব্যবহার হয় না। এ প্রযুক্তি জাদুর মতো কাজ করছে।দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায় জানান, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করার কাজ অব্যাহত থাকবে। পরিবেশবান্ধব এ প্রযুক্তি সম্প্রসারণে তাঁদের প্রচেষ্টা থাকবে।সুনীল চন্দ্র ধর বলেন, কীটনাশক ব্যবহার না করে বিষমুক্ত সবজি উৎপাদন করে কৃষকেরা লাভবান হচ্ছেন। তা দেখে অন্য কৃষকেরাও অনুপ্রাণিত হচ্ছেন।