কক্সবাজার সদর, রামু, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তত তিন হাজার চুল্লিতে এখন বনের গাছ দিয়ে পোড়ানো হচ্ছে তামাকপাতা। এতে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি বিষাক্ত ধোঁয়ায় ভারী হচ্ছে বাতাস। অথচ এসব দেখার যেন কেউ নেই।
গত ২৭ এপ্রিল রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, নারী-শিশুদের দিয়ে খেতের তামাকপাতা কাটানো হচ্ছে। আবার সেই পাতা চুল্লিতে পোড়ানোর কাজেও ব্যবহার করা হচ্ছে তাঁদের। এ সময় অসংখ্য চুল্লিতে বনাঞ্চলের গাছপালা পোড়াতে দেখা গেছে। অর্ধ শতাধিক চুল্লির আশপাশে বিপুল পরিমাণ গাছ মজুদ রাখা হয়েছে।
রামু উপজেলার চাকমারকূল গ্রামের চাষি আবুল মনজুর (৫৪) বলেন, তামাকপাতা কাটার জন্য পুরুষশ্রমিক পাওয়া যায় না। তাই নারী ও শিশুদের নিয়োগ দেওয়া হয়েছে।
তবে একজন নারীশ্রমিক বলেন, পুরুষেরা তামাকপাতা কাটলে দৈনিক মজুরি হিসেবে ৩৫০ টাকা করে দিতে হয়। আর নারী-শিশুদের দিতে হয় ১০০ থেকে ১৫০ টাকা। যদিও নারী-শিশুরা পুরুষের সমান কাজ করেন।
রামু ও নাইক্ষ্যংছড়ির কয়েকটি চুল্লিতে দেখা গেছে, শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা নারী ও শিশুদের। তাঁদের বেতন দিতে হয় ৮০ থেকে ১০০ টাকা। এদিকে বহু চুল্লি শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির অঙিনায় স্থাপন করায় তামাকের বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে স্বাস্থ্যহানি ঘটাচ্ছে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, কক্সবাজার ও বান্দরবান জেলার সদর, রামু, উখিয়া, চকরিয়া, পেকুয়া, নাইক্ষ্যংছড়িসহ সাতটি উপজেলায় বর্তমানে ১৩ হাজার একরের বেশি ফসলি জমিতে তামাকের চাষ হচ্ছে। এর মধ্যে অন্তত সাত হাজার একর জমি হচ্ছে খাস ও বনভূমি। উৎপাদিত তামাকপাতা পোড়ানোর জন্য শুধু সদর, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন হাজারের বেশি চুল্লি তৈরি করা হয়েছে। এসব চুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে স্থানীয় বাসিন্দাদের ক্ষতি করছে। বিষাক্ত রস মিশে নদীর পানি দূষিত হয়ে মারা যাচ্ছে মাছ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, তামাক পোড়ানোর জন্য গত বছরের চেয়ে এবার রামু ও নাইক্ষ্যংছড়িতে দ্বিগুণ চুল্লি স্থাপন করা হয়েছে। বনের লাখ লাখ মণ কাঠ পুড়িয়ে এই চুল্লিতে তামাক পোড়ানো হলেও বনকর্মীরা এ নিয়ে উদাসীন।
এ প্রসঙ্গে রামুর বাঁকখালী বন রেঞ্জ কর্মকর্তা সহিদুল হক বলেন, বন বিভাগের জমি থেকে তামাক চাষ উচ্ছেদ করা হলেও প্রভাবশালীরা জড়িত বলে চুল্লি উচ্ছেদ করা যাচ্ছে না। তামাকচুল্লিতে বনাঞ্চলের গাছপালা যেন পোড়ানো না হয় সে ব্যাপারে বনকর্মীরা সজাগ রয়েছেন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ইটভাটার মতো তামাকচুল্লি তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা দরকার। কিন্তু এ ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। তাই চুল্লি উচ্ছেদ করা যাচ্ছে না।
কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত জানান, এক জরিপে দেখাা গেছে, চাষ এলাকায় বর্তমানে ৭০ ভাগ নারী শিশু তামাকখেত ও চুল্লিতে কাজ করছেন। এর মধ্যে ৪৩ শতাংশ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় নারী-পুরুষ ও শিশুরা আলসার, ক্যানসার, হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তামাক চাষ করে চাষিরা যা আয় করছেন, স্বাস্থ্যহানির কারণে তার সাতগুণ অর্থ অপচয় হচ্ছে।