বিষয়টিকে নারীর চোখ দিয়ে দেখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাফ নূর
সাদাফ নূর

নারীর প্রতি সহিংসতা বিষয়ে প্রথম আলোর মুখোমুখি হয়েছিলেন গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি সাদাফ নূর। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো: নারী নির্যাতন কেন বাড়ছে?
সাদাফ: এই প্রশ্নে মনে হলো যেন অতীতে নারী নির্যাতন কম ছিল। সংখ্যার মাপজোকে মনে হতে পারে সাম্প্রতিককালে নারীর প্রতি সহিংসতার হার বেড়েছে। কিন্তু নারীর প্রতি সহিংসতা নানা মাত্রায়, নানা চেহারায় সব সমাজেই আছে, ছিল। গণমাধ্যমে নারীর প্রতি সহিংসতার খবর অবাধভাবে প্রকাশিত হচ্ছে, যা অতীতে অনেকাংশে অনুচ্চারিত থেকেছে। সেই বিচারে, সাদা চোখে আমাদের মনে হতেই পারে, নারীর প্রতি সহিংসতার হার বেড়েছে। পরিসংখ্যান দিয়ে নারীর প্রতি সহিংসতা বুঝতে চাওয়ার একটা সংকট আছে।
প্রথম আলো: সমাজের কোন স্তরের নারীরা বেশি নির্যাতিত হচ্ছে? চট্টগ্রামের প্রেক্ষাপটটা একটু বলবেন?
সাদাফ: যুদ্ধক্ষেত্র, নিজের বাড়ি, কলকারখানা, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, বাস-টেম্পো, বাজার, মেলা, ভার্চ্যুয়াল জগৎ, এমনকি হাসপাতালেও নারী নিরাপদ নয়। কোনো বয়সের, কোনো শ্রেণির, কোনো স্তরের নারীরাই আজ নিরাপদ নয়। চট্টগ্রামকে আলাদা করে এই প্রসঙ্গে আলোচনা করা মুশকিল। আমি আসলে আলাদাভাবে দেখতেও চাই না। তবে ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে অবশ্যই বলতে হবে, পাহাড়ে নারী নির্যাতনের ঘটনা বারবার উহ্য থেকে গেছে।

প্রথম আলো: শারীরিক নির্যাতনের বাইরেও নারীকে কোন কোন ধরনের নির্যাতন ভোগ করতে হয়?
সাদাফ: নারীকে কোন কোন ধরনের নির্যাতন ভোগ করতে হয়—এটার সহজ কোনো উত্তর নেই। কোন আচরণটি সহিংসতামূলক তা সমাজ, শ্রেণি, আইন, রাষ্ট্র নির্ধারণ করে দেয়। পুরুষকেন্দ্রিক সমাজের চোখে তাই নারীর নির্যাতনের অভিজ্ঞতা হারিয়ে যায়, গুরুত্বহীন হয়ে পড়ে। নির্যাতন ভোগ করেও যেন নির্যাতন শেষ হয় না। নির্যাতিত নারীকেই প্রমাণ করতে হয় সে নির্যাতিত। যেমন, মধ্যবিত্ত কিংবা ধনী নারীর গার্হস্থ্য নিপীড়ন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত অনুচ্চারিত থেকেছে। এ ক্ষেত্রে পারিবারিক গোপনীয়তার দোহাই দিয়ে নারীকে ঘরের কথা ঘরে রাখতে নারীকে শিক্ষা দেওয়া হয়।
প্রথম আলো: নারী নির্যাতন বন্ধের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে?
সাদাফ: পথে–ঘাটে নারীর প্রতি যৌন হয়রানিমূলক শব্দ দিয়ে আক্রমণ করাকে আমরা ‘ইভ টিজিং’ বলে আখ্যা দিই। এভাবে আমরা কিন্তু এই নিপীড়নকে একভাবে লঘু করে তুলি। কিন্তু নারীর জীবনে এ ধরনের হয়রানির প্রভাব অনেক ভয়ংকর হয়। কোনটি নির্যাতন, কোনটি নির্যাতন নয়, এই বিভাজনের চাইতে গুরুত্বপূর্ণ হলো সব নারীর প্রতি যেকোনো ধরনের নির্যাতনকে নারীর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই বিচার করা। পাশাপাশি প্রতিরোধেরও রাস্তা খুঁজে বের করা।