বিষয়ের নাম উন্নয়ন অধ্যয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে তখন সন্ধ্যা ছয়টা। রিকশা ভাড়া মিটিয়ে আশিক ছুটছেন কলা ভবনের দিকে। সাড়ে ছয়টায় ক্লাস। এই সন্ধ্যায় ক্লাস! প্রশ্ন করতেই আশিকের উত্তর, ‘ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করছি।’ অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বর্তমানে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন আশিক মাহবুব। ‘পড়াতে পড়াতে একসময় মনে হলো, কাজের ফাঁকে নিজের পড়াশোনাটাও তো চালিয়ে নেওয়া সম্ভব। তখনই মাথায় এল ডেভেলপমেন্ট স্টাডিজের কথা। অর্থনীতির সঙ্গে উন্নয়নের একটা যোগসূত্র আছে, তাই বিষয়টি নিয়ে বরাবরই আগ্রহ ছিল। সেই স্বপ্নপূরণের লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজে ভর্তি হওয়া।’ জানালেন আশিক।পথে দেখা প্রিয়াঙ্কার সঙ্গে। এখন তিনি ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী। প্রশ্ন করি, ‘কেন পড়ছেন এই বিষয়ে?’ উত্তরটা আসে বেশ জোরালোভাবে, ‘পড়তে পড়তেই জড়িয়ে যাই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। আর এখন যেহেতু ইউএনডিপিতে আছি, তাই পেশাগত প্রয়োজনেই ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়নে মাস্টার্স করাটা জরুরি বলে মনে করেছি। বিশেষ করে, উন্নয়ন ধারণার সঙ্গে যদি প্রযুক্তির মিশেল ঘটানো যায়, তাহলে সেই উন্নয়ন হবে টেকসই ও সুষম।’ডেভেলপমেন্ট স্টাডিজ কীডেভেলপমেন্ট স্টাডিজ হলো উন্নয়নবিষয়ক পাঠ বা অধ্যয়ন। মূলত সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে পড়ানো হলেও বহু বিষয়ের সমন্বয়ে গঠিত একটি বিষয় হলো এটি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক—প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন বিষয়ে এখানে পাঠদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মাহবুব উল্লাহর মতে, উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক উন্নয়ন বোঝায় না, বরং তা হতে পারে সাংস্কৃতিক উন্নয়ন বা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। এই উন্নয়নের বিষয়টা হলো প্রায়োগিক। সমস্যা চিহ্নিত করে তার সমাধানের দিকনির্দেশনা দেওয়ার বিষয়টি ডেভেলপমেন্ট স্টাডিজের মূল আলোচ্য। তাই আমাদের স্লোগান হলো ‘নলেজিং ফর ডেভেলপমেন্ট’।কেন পড়বেনস্বাধীনতার সুবর্ণজয়ন্তী অর্থাত্ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ সরকার। সে জন্য প্রয়োজন উচ্চমাত্রায় প্রবৃদ্ধি অর্জন। তবে এই প্রবৃদ্ধি অর্জন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়। শিক্ষা, স্বাস্থ্যসহ জীবনমানের উন্নয়ন এবং মানুষের সক্ষমতার বিকাশই হলো প্রকৃত উন্নয়ন। আর সেই উন্নয়নের পাঠ নিতে সুদূর যুক্তরাজ্য থেকে সাম জোহান বারাল এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়তে। আর এ দেশে পড়ে এ দেশেই কাজ করার ইচ্ছা স্পেন থেকে পড়তে আসা সুসানা হারভাম আভিগাসের। তিনি বলেন, উন্নয়নসম্পর্কিত বিষয়ে কাজ করার অবারিত সুযোগ আছে বাংলাদেশে। আন্তর্জাতিক গবেষক ও অর্থনীতিবিদদের কাছে উন্নয়নের একটি টেস্ট কেস হলো বাংলাদেশ। তাই উন্নয়ন অধ্যয়ন বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। বিশেষ করে, দেশি-বিদেশি তত্ত্ব আর উদাহরণের আলোকে বাংলাদেশের জন্য একটি সঠিক উন্নয়ননীতি তৈরি করাও এখন সময়ের দাবি। আর এই কাজটি করার যথার্থ ব্যক্তিরা হলেন উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থীরা।কোথায় পড়বেনসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পড়ানো হয়। এ ছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। নিয়মিত শিক্ষার্থী ছাড়াও চাকরিজীবীরা পড়ছেন এ বিষয়ে।পড়ানোর ধরন/পঠন-পদ্ধতিযেসব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ানো হয়, সেগুলোর বেশির ভাগেই মাস্টার্স প্রোগ্রাম চালু আছে। তবে প্রতিষ্ঠানভেদে ৩৯, ৪৫ ও ৬৪ ক্রেডিটে এ কোর্স পড়ানো হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময় থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা প্রয়োজন অনুসারে কোর্স বাড়িয়ে বা কমিয়ে নির্ধারিত ক্রেডিটটি সম্পন্ন করতে পারেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্সের পাশাপাশি চার বছর মেয়াদি সম্মান কোর্স চালু করেছে। এ ছাড়া এমফিল, পিএইচডি ও সার্টিফিকেট কোর্স করারও সুযোগ রয়েছে এ বিষয়ে।পড়ার যোগ্যতাউন্নয়ন অধ্যয়নে পড়তে হলে প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট সময়ে ‘খ’ এবং ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হবে। আর সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে ভর্তি হতে চাইলে চার বছরের স্নাতক শেষে অবতীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষায়। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানভেদে তিন বা চার বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।খরচসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ স্বভাবতই কিছুটা কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করতে দুই বছরে খরচ পড়বে ৪২ হাজার টাকা। বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়েও ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ার সুযোগ রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে দেড় বছরে লাগবে এক লাখ ৯০ হাজার টাকা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুই লাখ ২৫ হাজার টাকা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খরচ পড়বে দুই লাখ ১০ হাজার টাকা।কর্মক্ষেত্রে সুযোগবিশ্বায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কর্মের ব্যাপ্তি ও পরিধি। মানুষ ছুটছে উন্নয়নের পেছনে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়নবিষয়ক কাজ করার জন্য আছে প্রচুর এনজিও, আইএনজিও, আন্তর্জাতিক সংস্থা, পরামর্শক প্রতিষ্ঠান ও পরিকল্পনা কমিশনের মতো জায়গা।যোগাযোগডেভেলপমেন্ট স্টাডিজে পড়তে চাইলে এ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি পেতে পারেন সংশ্লিষ্ট বিভাগের নোটিশ বোর্ড থেকে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আপনি এসব তথ্য সংগ্রহ করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পর্কে জানতে লগ ইন করতে পারেন এই ঠিকানায় www.deustud_udhaka.ac.bd| এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জন্য www.nsu.ac.edu এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জন্য www.bracu.ac.bd ঠিকানায় খোঁজ করা যেতে পারে। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ফরম ছাড়া শুরু হয়েছে। ফরমের মূল্য ৮০০ টাকা। আগ্রহী শিক্ষার্থীদের ২০ মার্চের মধ্যে ফরম সংগ্রহ করে ২৭ মার্চের মধ্যে জমা দিতে হবে ওই বিভাগেই। মোট আসনসংখ্যা ৩২ এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।