বিসদৃশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে করে চট্টগ্রামে যাচ্ছি ঢাকা থেকে। সিট পেয়েছি পেছনে। দীর্ঘ বাসযাত্রার জন্য পাশের সিটে বসা যাত্রীকে নানা কারণে বিসদৃশ মনে হলো। মানুষটা যখন আমার পাশের সিটে এসে বসলেন, তখনই মনে হলো তাঁর মধ্যে কোনো বিসদৃশ ব্যাপার রয়েছে। গায়ে আধময়লা কাপড়, মাঝবয়সী, স্বাস্থ্যবান মানুষটা বাস ছাড়ার আধঘণ্টা যেতেই একের পর এক সিগারেট ধরাতে শুরু করলেন। তার ওপর কিছুক্ষণ পরপর তিনি মাছের দৃষ্টিতে অপলক আমার দিকে তাকিয়ে থাকেন। তাকানোর ধরন দেখে মনে হতে পারে, আমার ভেতরে কোথাও সমস্যা রয়েছে। প্রথমে মনে হয়েছিল বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছেন। পরে লক্ষ করলাম, বাইরে নয়, আমার দিকেই তাকিয়ে আছেন। ব্যাপারটিতে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি থাকে। সিগারেটের ধোঁয়া আমার অসহ্য বোধ হয়। সে সঙ্গে মাছ-দৃষ্টির অস্বস্তি মিশে ছোটখাটো মানসিক অত্যাচারের ভেতর বাসযাত্রা দীর্ঘ মনে হতে থাকে। এর মধ্যে একবার সিগারেট ধরাতে মানা করায় তা বন্ধ হয়েছে; তবে সিগারেটের অত্যাচার পুষিয়ে দিতে কিছুক্ষণ পরপর উচ্চাঙ্গে গলা কেশে জানালায় মুখ বাড়িয়ে থুতু ফেলতে শুরু করলেন।মাঝপথে বাস থামল রেস্টুরেন্টের সামনে যাত্রাবিরতির জন্য। অনেকের সঙ্গে নিচে নামলাম। সঙ্গের ব্যাগটি সিটের ওপর রেখে আসতে ভরসা না পেয়ে সঙ্গে নিয়ে নামলাম। রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার দিয়ে বসে আছি। দেখি, পাশের সিটের যাত্রী রেস্টুরেন্টে ঢুকছেন। চারদিকে এত খালি টেবিল দেখেও আমার টেবিলে এসে বসলেন। মুখে খাবারের অর্ডার না দিয়ে মেনুতে আঙুল তুলে বয়কে দেখিয়ে সে খাবারটি আনতে ইশারা করলেন। তারপর খাবার আসার মাঝখানের সময়টুকু দায়িত্ব নিয়ে তিনি আবারও নিষ্পলক আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তাঁর দিকে ভালোমতো তাকালাম। মনে হলো কিছু একটা তিনি বলতে চান। তাই জিজ্ঞেস করলাম, ‘কিছু বলবেন?’তাতে ভাবলেশহীন দৃষ্টিতে কোনো ভাবের সঞ্চার হলো না। বিরক্তমুখে দ্রুত খাওয়া সেরে বাসে উঠে বসলাম। বাস ছাড়ার সময় সবাই বাসে উঠে বসে আছে, অথচ আমার পাশের যাত্রীটির ওঠার কোনো খবর নেই।বাস ছেড়ে দেওয়ার পর দেখা গেল, আমার পাশের সিটের যাত্রী হাতে স্বাস্থ্যবান একটি ব্যাগ নিয়ে ধীরে-সুস্থে সিটের দিকে এগিয়ে আসছেন।মানুষটার হাতে ধরা ব্যাগটির দিকে তাকিয়ে আমার সামান্য ধাক্কার মতো লাগল। হাতে ধরা এ ব্যাগটি আমার ব্যাগ। রেস্টুরেন্টে ব্যাগটিসহ আমি ঢুকেছিলাম; তবে বের হওয়ার সময় মনে করে সেটি আর সঙ্গে নিইনি। মানুষটা ব্যাগ আমার হাতে দিয়ে পাশে নিজের সিটে বসলেন। কৃতজ্ঞতায় ধন্যবাদ দিতে গিয়ে আমার কথা জড়িয়ে গেল। তার উত্তরে তিনি হাসিমুখে কিছু একটা বলতে চাইলেন। তাতে চেহারা আরও বিসদৃশ হলো। মুখ দিয়ে সামান্য ঘড়ঘড় শব্দ বের হলো।আমি হঠাৎ করে বুঝতে পারি, পাশে বসা এই মানুষটা কথা বলতে পারবেন না। কারণ, তিনি বাক্প্রতিবন্ধী। তাঁর বাক্প্রতিবন্ধকতাই এতক্ষণ আমার কাছে বিসদৃশ লেগেছিল।তানভীর হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।