বিসিএস: ক্যাডারের পাশাপাশি চাকরি মিলবে নন-ক্যাডারেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেরই আগ্রহ আছেসরকারি চাকরিতে যোগ দেওয়ার।এ জন্যই আগ্রহীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দেন, আবার অংশ নেন প্রথম শ্রেণীর নন-ক্যাডার চাকরির পরীক্ষাগুলোতেও।তবে এখন থেকে এত কষ্ট করার দরকার নেই।শুধু বিসিএস পরীক্ষা দিয়েই নন-ক্যাডার চাকরি মিলবে।তবে এ জন্য লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায়ই উত্তীর্ণ হতে হবে।সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএস পরীক্ষা থেকেই মেধাক্রম অনুসারে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সরকারি কর্মকমিশন সেভাবেই ২৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করেছে। ২৯ ও ৩০তম বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে। পিএসসি সচিবালয় সূত্রে জানা যায়, সংস্থাপন মন্ত্রণালয় ১০ মে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০-এর প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যথেকে ক্যাডার সার্ভিসের নির্ধারিত শূন্যপদ পূরণের জন্য মেধাক্রম অনুসারে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার বিধিগত বাধা দূর হলো। প্রতিবছর এই পরীক্ষায় ৮ থেকে ১০ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হন। কিন্তু ক্যাডার সার্ভিসে নিয়োগ পান মাত্র দুই থেকে আড়াই হাজার জন। নন-ক্যাডার চাকরির সুযোগ আসায় অন্তত চাকরির একটা সুযোগ পাওয়া যাবে।পিএসসি এ জন্যই এ ধরনের উদ্যোগ নেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রণালয়গুলো থেকে প্রথম শ্রেণীর শূন্যপদের সংখ্যা জানতে চাওয়া হবে। মোট পদের অর্ধেক পদে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রার্থীদের কাছ থেকে তাঁদের পছন্দের ক্রম চাওয়া হবে। প্রজ্ঞাপনে বলা হয়, নন-ক্যাডার শূন্যপদের ৫০ শতাংশ পদ এভাবে পূরণ করা হবে। বিধিমালায় বলা হয়, নন-ক্যাডারে নিয়োগ পেতে আগ্রহীদের কাছ থেকে একটি নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হবে। এই দরখাস্তের ভিত্তিতে পিএসসি মেধাক্রম অনুযায়ী তালিকা করবে। পরবর্তী বিসিএস পরীক্ষার চূড়ান্ত তালিকা প্রকাশের আগ পর্যন্ত তা কার্যকর থাকবে। কাজের খবর প্রতিবেদক