বিসিএসের কারিগরি ক্যাডারের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাতন্ত্রের প্রথম শ্রেণীর (ক্যাডার) কর্মকর্তা হতে চান অনেকে। তাই যখনই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) বাংলাদেশ সিভিলসার্ভিস (বিসিএস) পরীক্ষার জন্য বিজ্ঞাপন দেয়, তখন আগ্রহী ও যোগ্য তরুণ-তরুণীরা হুমড়ি খেয়ে পড়েন। সঙ্গে চালিয়ে যান চেষ্টাও। কারণ, প্রতিবছর শূন্যপদের বিপরীতে অসংখ্য আবেদন জমা পড়ে। পরিসংখ্যানে দেখা যায়, ২৮তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ছিল এক হাজার ৭২০। আর যোগ্য আবেদনকারী ছিলেন এক লাখ ১৫ হাজার ১৬৪। ঠিক একইভাবে ২৯তম বিসিএসে শূন্যপদ এক হাজার ৫৮১। আবেদনকারীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৯৪২। আসন্ন ৩০তম বিসিএস পরীক্ষায় যাঁরা অংশ নেবেন, তাঁদেরও পড়তে হবে আরও বড় প্রতিযোগিতায়। কারণ, এবারের আবেদনকারীর সংখ্যা অনেক বেড়েছে। আর শূন্যপদ দুই হাজার ৫৭২। সরকারের প্রথম শ্রেণীর (ক্যাডার) নির্বাচন হয় সাধারণ ও প্রফেশনাল বা কারিগরি ক্যাডার দুটি ভিন্ন ভাগে। বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, সাধারণ ক্যাডারের চেয়ে পেশাগত/কারিগরি ক্যাডারে শূন্যপদের সংখ্যা বেশি থাকে। ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনে দেখা যায়, সাধারণ ক্যাডারের শূন্যপদ ৮৩১টি আর পেশাগত/কারিগরি ক্যাডারের জন্য শূন্য রয়েছে এক হাজার ৭৪১টি পদ। কারিগরি ক্যাডারপিএসসি-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে সরকারি কাজের জন্য ১২টি ভিন্ন পেশাগত/কারিগরি ক্যাডার রয়েছে। ক্যাডারগুলো হচ্ছে বিসিএস—কৃষি, মৎস্য, খাদ্য, স্বাস্থ্য, তথ্য, সড়ক ও জনপথ, রেলওয়ে প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, পরিসংখ্যান, পশুসম্পদ ও শিক্ষা ক্যাডার। প্রতিটি বিসিএস পরীক্ষায়ই সাধারণ ক্যাডারের চেয়ে কারিগরি ক্যাডারে শূন্যপদ বেশি থাকে। তাই যাঁরা এ ক্যাডারের জন্য আবেদনের যোগ্যতা রাখেন, তাঁরা আবেদন করতে ভুলবেন না। তবে কারিগরি ক্যাডারে আবেদনের জন্য আপনাকে ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা থাকতে হবে।ক্যাডারের বৈশিষ্ট্যকারিগরি ক্যাডারের সদস্যদের বেশির ভাগ ক্ষেত্রেই কাজ করতে হয় মাঠপর্যায়ে। যেমন আপনি যদি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জন্য নির্বাচিত হন, আপনাকে সহকারী সার্জন অথবা উপজেলা/থানা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কাজ করতে হবে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল হামিদ (অষ্টম বিসিএস) বলেন, চাকরির নীতিমালা, সরকারের হয়ে দেশের সাধারণ মানুষকে চিকিৎসা দিতে অনেক চিকিৎসকেরই প্রথম পছন্দ থাকে স্বাস্থ্য ক্যাডারের প্রতি। আবার চাকরির নিরাপত্তার ব্যাপারটিও এখানে তুলনামূলক বেশি। স্বাস্থ্য ক্যাডারের মতোই কৃষি ক্যাডার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা/প্রশিক্ষক বা বৈজ্ঞানিক কর্মকর্তা, মৎস্য ক্যাডার উপজেলা মৎস্য কর্মকর্তা, খাদ্য ক্যাডারকে সহকারী রক্ষণ প্রকৌশলী/সহকারী পরিচালক, তথ্য ক্যাডারের ক্ষেত্রে সহকারী বেতার প্রকৌশলী/প্রকৌশলী (সিভিল) সড়ক ও জনপদের ক্ষেত্রে সহকারী প্রকৌশলী (সিভিল/যান্ত্রিক) হিসেবে কাজ করতে হবে। রেলওয়ে প্রকৌশল, জনস্বাস্থ্য ও গণপূর্ত বিভাগের ক্যাডারদেরও সহকারী প্রকৌশলী হিসেবে মাঠপর্যায়ে কাজ করতে হবে। যাঁরা শিক্ষা ক্যাডারে যাবেন, তাঁরা সরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে কাজ করতে পারবেন। সখীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কাজ করছেন প্রণব কর্মকার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্যসম্পদে পড়েছেন তিনি। ২২তম বিসিএসের মাধ্যমে যোগ দেন নিজের পছন্দের চাকরিতে। উপজেলা পর্যায়ে কাজ করতে কেমন লাগে, প্রশ্নের উত্তরে বলেন, ‘সবচেয়ে ভালো লাগে যে আমি আমার বিষয়-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করছি। তা ছাড়া এই পেশায় থেকে আমি সরাসরি দেশের সাধারণ কৃষিজীবীদের সঙ্গে মিশতে পারছি। অবদান রাখতে পারছি দেশের মৎস্য খাতের উন্নয়নে। এসব কারণেই এ ক্যাডারটি আমার ভালো লাগে।’নিয়োগ-প্রক্রিয়াসাধারণ ক্যাডারের মতো প্রায় একই প্রক্রিয়ার মাধ্যমে কারিগরি ক্যাডারে কর্মকর্তা নির্বাচন করা হয়। প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষার মাধ্যমেই আপনাকে আসতে হবে কারিগরি ক্যাডারের ক্ষেত্রেও। প্রিলিমিনারি পরীক্ষা সাধারণ ক্যাডারের প্রার্থীদের সঙ্গে একই প্রশ্নপত্রে হবে কারিগরি ক্যাডারের জন্য। কেউ চাইলে একই সঙ্গে সাধারণ ও কারিগরি ক্যাডারে অংশ নিতে পারবেন। এ জন্য প্রিলিমিনারি পর্বে অতিরিক্ত কোনো পরীক্ষাও দিতে হবে না। শুধু প্রাথমিক আবেদনপত্রে পছন্দের ক্যাডারটি তুলে দিলেই হবে। তবে প্রিলিমিনারি পরীক্ষায় নির্বাচিত হলেও লিখিত পরীক্ষার ক্ষেত্রে বেশ পার্থক্য রয়েছে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০০ নম্বরের ওপর। প্রার্থীদের সংশ্লিষ্ট পদের প্রাসঙ্গিক বিষয়ে ২০০ নম্বরসহ মোট ৯০০ নম্বরের আবশ্যিক পত্রে লিখিত পরীক্ষা দিতে হবে। কোনো প্রার্থী সাধারণ ও কারিগরি ক্যাডারের পরীক্ষা দিতে চাইলে তাঁকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত ৯০০-সহ সংশ্লিষ্ট পদের প্রাসঙ্গিক বিষয়ের ২০০ নম্বরের অর্থাৎ এক হাজার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। কারিগরি ক্যাডারে কলেজ/বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান সরাসরি ব্যবহারের সুযোগ রয়েছে। আর এ ক্যাডারে প্রতিবছরই শূন্যপদের সংখ্যা বেশি থাকে। আবার চাইলে আপনি পারবেন একসঙ্গে দুটি ক্যাডারে পরীক্ষা দিতে।