‘আমরা ছোটরা খেলছিলাম। হঠাৎ চিত্কার শুনে বেরিয়ে দেখি মণি আম্মা পাঁচিলের ওপর দাঁড়িয়ে চিত্কার করছেন। বড় খালু উনাকে নিয়ে এলেন, আমাদের ভেতরে পাঠিয়ে দিলেন। পর্দার ফাঁক দিয়ে দেখলাম বড় খালু ও আম্মারা লাশ নিয়ে আসছেন। বড় খালুর গোলাপি পাঞ্জাবি লাল হয়ে গেছে। দেখলাম আমার বাবার নিথর দেহ, রক্তের নহর বয়ে যাচ্ছে। মণি আম্মা আমাকে ডেকে বললেন—তোর আব্বা আর খালুকে শেষবারের মতো দেখে নে আর কখনো দেখবি না।’ মুক্তিযুদ্ধের শহীদ গোলাম মোস্তফার মেয়ে কুহু বলছিলেন সেই দিনটির কথা যেদিন পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করেছিলেন তাঁর বাবা চিকিৎসক গোলাম মোস্তফা ও খালু কাজী আলী ইমামকে। তখন কুহুর বয়স ছিল সাড়ে তিন বছর। ২৯ মার্চ চট্টগ্রামের দামপাড়া ওয়াসা এলাকায় দুজন শহীদ হন। ষাটোর্ধ্ব মণি ইমাম ৩৮ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন সেই দুঃসহ স্মৃতি—‘২৯ মার্চ পাকিস্তানি সেনারা দামপাড়া পুলিশ লাইন দখল করে। ওই সময় আমাদের হাইলেভেল সড়কের বাড়িতে অনেক মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছিলেন। তাঁদের খাওয়া-থাকা সব করতে হতো। ওই দিন বাড়িতে পানি ছিল না। আমার স্বামী কাজী আলী ইমাম ও বোনের স্বামী গোলাম মোস্তফা পানি আনতে বের হন। পাকসেনারা তাঁদের গুলি করে হত্যা করে।’ পঁচিশে মার্চ হানাদারদের বর্বরতার পর থেকে দামপাড়ার পুলিশ লাইন থেকে বেরিয়ে এসে বাঙালি পুলিশেরা মণি ইমামদের বাড়িতে আশ্রয় নেন। অনেকে প্রাণ বাঁচাতে ছুটে আসেন। তখন জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা এই পুলিশদের আশ্রয় দেন। বাড়ির সামনে টিনের ঘরে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতেন মণি ইমামের স্বামী কাজী আলী ইমাম। সে সময় ওই বাড়িতে ছিলেন মণি ইমামের বোন রওশন আরা মোস্তফা ও তাঁর স্বামী চিকিৎসক একেএম গোলাম মোস্তফা। মণি ইমাম জানান, সেদিন কাজী আলী ইমাম ও গোলাম মোস্তফার লাশ নিয়ে যেতে বাড়িতে এসেছিল পাকিস্তানি সেনারা। সবার বাধার কারণে তারা ফিরে যায়। যাওয়ার সময় বলে যায়, লাশ দাফন না করে সামনের নালায় ফেলে দিতে। শহীদ হওয়ার তিন দিন পর রাতে লুকিয়ে লাশ দুটি দাফন করা হয়। ‘আমার শাশুড়ি চিকন পাড়ের সাদা শাড়ি পরতেন। সেই শাড়ির পাড় ছিঁড়ে কাফনের কাপড় বানানো হয়। বাড়ির বাগানে গোপনে তাঁদের দাফন করা হয়।’ বলেন তিনি। কুহু বলেন, ‘আমি কখনো ভুলতে পারব না দিনটির কথা। খালুর মেয়ে ছিল না বলে আমাকে দত্তক নিতে চেয়েছিলেন। দিনটির কথা আমি জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে বের হওয়া মুক্তিযুদ্ধের শহীদ চিকিৎসক স্মারকগ্রন্থে লিখেছি। আমার মা রওশন আরা মারা গেছেন। নিজহাতে স্বামীর লাশ দাফন করেছেন, জানি না কী কষ্ট নিয়ে তিনি দিন কাটিয়েছেন।’মণি ইমাম বলেন সেই সুখের দিনগুলোর কথা—‘স্বামী আলী ইমামের সঙ্গে মঞ্চনাটক করতাম। স্টেট ব্যাংকের কর্মকর্তা হওয়ায় পাকিস্তানবিরোধী নাটকে অভিনয় করতে পারতেন না। তবুও লুকিয়ে নাটক পরিচালনা করতেন, আমাদের বাড়িতে মহড়া দিতেন।’আলী ইমামের ছোট ছেলে কাজী পারভেজ ইমাম অভিযোগ করে বলেন, ‘আমার বাবা মুক্তিযুদ্ধের শহীদ। অথচ বাবার কবর কেউ দেখতে আসেননি। কিন্তু মুক্তিযুদ্ধের পর বাবার নামে দুই টাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্মারক ডাকটিকিট ছাপানো হয়েছে।’ জানা যায়, আলী ইমামের মৃত্যুর পর তাঁর দুই ছেলে যুদ্ধে যান। শোকে মণি ইমাম অসুস্থ হয়ে পড়েন। এ সময় ‘আলী ইমামের সেপ্টেম্বর মাসে স্বাভাবিক মৃত্যু হয়েছে’ লেখা কাগজে কেউ একজন সই নেন। পরে ব্যাংক থেকে তাঁর সব টাকা তুলে নেন। ফলে ব্যাংক থেকে আলী ইমামের পরিবার কিছুই পায়নি। কাজী পারভেজ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সামনে শহীদ মিনারের স্মৃতিফলকে আমার বাবার নাম আছে। সরকার শহীদ পরিবারকে আর্থিক সাহায্য দিয়েছে। কিন্তু আমরা এক আনাও পাইনি।’মণি ইমাম বলেন, ‘পাকিস্তানি সেনারা ঘরে আগুন দিয়েছে, বাঙালিদের অত্যাচার করেছে— আমি তার প্রত্যক্ষদর্শী। আমার স্বামী শহীদ হয়েছেন। স্বাধীনতার পর সংসার চালাতে ভীষণ কষ্ট হয়েছে। এ জন্য বাওয়া স্কুলে শিক্ষকতা করতাম। নন্দনকাননে এতিমখানার ছেলেদের আরবি পড়াতাম। এভাবে দুই সন্তানকে মানুষ করেছি। কিন্তু আমার এত কষ্ট করার কথা ছিল না।’ কাজী পারভেজ আরও বলেন, ‘দেশ স্বাধীন হবে, যুদ্ধ থেকে ফিরে এসে মাকে দেখব কখনো ভাবিনি। আমার মা ২৬ বছর বয়সে বিধবা হয়েছেন—আমাদের জন্য, দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। বাবার লেখা গল্প নিয়ে, সেদিনের ঘটনা নিয়ে অনেকে নাটক বানিয়েছেন, আয় করেছেন, আর আমরা কিছুই পাইনি। আজ আমাদের সহানুভূতির কোনো প্রয়োজন নেই। শুধু আমার মায়ের সম্মান চাই, শহীদ পরিবারের স্বীকৃতি চাই।’