বিস্মৃতিতে ঢাকা পড়েছে কধুরখীল বধ্যভূমি
অক্টোবর, ১৯৭১। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দেশজুড়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে মুক্তিবাহিনী। ৩১ অক্টোবর বোয়ালখালীর কধুরখীলের নাপিতেরঘাটায় মুক্তিবাহিনীর সদস্যরা রাজাকারদের ওপর আক্রমণ চালায়। এতে আটজন রাজাকার মারা যায়। এ খবর দ্রুত পৌঁছে যায় উপজেলা সদরে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে। ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। বিকেল আনুমানিক তিনটায় পাকিস্তানি হানাদার বাহিনীর অর্ধশত সদস্য ও রাজাকার বাহিনী কধুরখীল গ্রামে হানা দিয়ে ব্যাপক তাণ্ডবলীলা চালায়। এলাকাবাসী দলবেঁধে পালাতে থাকেন। অনেকেই কর্ণফুলী নদী পেরিয়ে রাউজান ও রাঙ্গুনিয়ায় চলে যান। গ্রামের উত্তর ও দক্ষিণপাড়া থেকে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা স্থানীয় ১৩ জনকে ধরে ফেলে। তাঁদের কধুরখীল দুর্গাবাড়িসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি উঁচু টিলায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করা হয়। গুলিবিদ্ধ সবাই মাটিতে লুটিয়ে পড়েন। রক্তের স্রোত বয়ে যায়। মৃত্যু নিশ্চিত করে পাকিস্তানি বাহিনী লাশগুলো ফেলে দেয় পাশের ডোবায়। লতাপাতা ও কচুরিপানা দিয়ে লাশগুলো ঢেকে দেয়। সেই হত্যাযজ্ঞ থেকে ভাগ্যক্রমে বেঁচে যান অমূল্যরঞ্জন বর্ধন। গুলিবিদ্ধ রক্তাক্ত শরীর নিয়ে তিনি দীর্ঘপথ পাড়ি দিয়ে নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। সেখান থেকে তাঁকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালের গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় রাজাকাররা তাঁকে কালুরঘাটে আটক করে। রাজাকার কমান্ডার এজাহার মিয়ার (দেশ স্বাধীনের পর চেয়ারম্যান নির্বাচিত) সহায়তায় মৃত্যুর দুয়ার থেকে দ্বিতীয়বার ফিরে আসেন তিনি। পুরো গ্রাম তখন পুরুষশূন্য। ওই রাতে খবর আসে পরদিন সকালে গ্রামটি পুড়িয়ে দেওয়া হবে। এ সংবাদ পেয়ে এলাকার আবালবৃদ্ধবনিতা ভোর রাতে গ্রাম ছেড়ে চৌধুরীহাট হয়ে কর্ণফুলীর ওপারে রাউজান থানার লাম্বুরহাটে আশ্রয় নেন। মুক্তিবাহিনীর সদস্যরা লাম্বুরহাট থেকে অমূল্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ডান চোখ, ডান হাত ও উরুতে গুলির আঘাতের দুঃসহ বেদনা নিয়ে সেদিন মেডিকেলে ভর্তি হন। ১৯৭১-এর সেই দুঃসহ স্মৃতি নিয়ে অনাদর-অবহেলায় দিন কেটেছিল অমূল্যরঞ্জন বর্ধনের। ৩৯ বছর ধরে রোগশোকে কষ্ট শিকার করে এ বছরের ৭ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।ওই দিন পাকিস্তানি হানাদার বাহিনী ও এ দেশীয় দোসরদের নৃশংস হত্যাকাণ্ডে শহীদ হন প্রবীণ শিক্ষক বঙ্কিমচন্দ্র আইচ, রতিরঞ্জন মজুমদার, নিরঞ্জন দাশগুপ্ত, তিনকড়ি দাশগুপ্ত, সুধীর চৌধুরী, যতীন্দ্র দেওয়ানজী, রবীন্দ্র লাল দে, ভগবানচন্দ্র চৌধুরী, দীপক চৌধুরী, লেদু দাশগুপ্ত, চন্দন দাশগুপ্ত ও সমীর চৌধুরী। গণহত্যার সেই স্থানটি এখন চেনার উপায় নেই। অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে বধ্যভূমিটি। আগাছা ঝোপ-জঙ্গলে ঢাকা পড়েছে স্থানটি। বধ্যভূমির চারদিকে কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুর্গাবাড়ীর প্রাচীর দিয়ে ঘেরা। বোঝার উপায় নেই, এখানে একটি বধ্যভূমি রয়েছে।মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরাম বোয়ালখালীর সাধারণ সম্পাদক মো. হারুণ মিয়া বলেন, দেশ স্বাধীনের পর স্থানীয় জনসাধারণ নিজ উদ্যোগে সেই বধ্যভূমিতে কাঠের তৈরি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। পরে সেটি ভেঙে পাকা করা হলেও স্বাধীনতার ৩৯ বছরে সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি কোনো সরকার। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে বধ্যভূমিটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।