
দুই বছর বয়সী এক শিশুর কথা চিন্তা করুন। শিশুটি হয়তো কেবল কথা বলা শিখেছে, চেষ্টা করছে হাঁটার। কিন্তু জেরেমি শুলার নামের বিস্ময় বালক কি করেছে জানেন? সে গল্প শুনলে আপনার মনে ‘অবাক’ ও ‘অবিশ্বাস’ শব্দ দুটোই জন্ম নেবে! কারণ দুই বছর বয়সে জেরেমি ইংরেজি ও কোরিয়ান ভাষা রপ্ত করেছিল। আর অতটুকুন বয়সেই রীতিমতো এই দুই ভাষার বইও পড়ত জেরেমি শুলার। বয়স বেড়ে যখন ছয় হলো, তার দিন কাটত তখন ক্যালকুলাস সমাধান করে।
বিস্ময় তো সবে শুরু! সেই পুঁচকে জেরেমির বয়স এখন ১২ বছর। আবারও এই বালক নতুন কাণ্ড করে বসেছে! তার বয়সীরা যখন স্কুলের গণ্ডিই পেরোতে পারেনি, জেরেমি শুলার পা রেখেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শুধু নিজেকেই নয়, বিশ্ববিদ্যালয়কেও গৌরবের সাক্ষী করেছে। স্নাতক বিষয় হিসেবে ইংরেজ বাবা ও কোরীয় মায়ের মতো জেরেমিও বেছে নিয়েছে মহাকাশ প্রকৌশল বিষয়।
বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল অনুষদের ডিন ল্যান্স কলিন্সের ভাষ্য, জেরেমি ১০ বছর বয়সেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় দারুণ ফল করে। স্যাটের পাশাপাশি গণিত ও বিজ্ঞানে সে অনেকের নজর কাড়ে। আর তাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমলে নিয়েছে জেরেমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বুদ্ধিবৃত্তিকভাবে তৈরি’।
সারল্যমাখা চেহারা আর মুখের কোণে লেগে থাকা হাসি। বুদ্ধিদীপ্ত এই বালক সম্পর্কে তার বাবা হ্যারি শুলার বলেন, ‘জন্মের পর থেকেই জেরেমি শারীরিক ও মানসিকভাবে বলিষ্ঠ।’ তারপর জেরেমির বেড়ে ওঠার এক ফিরিস্তিও হাজির করেন হ্যারি শুলার, ‘১৫ মাস বয়সেই অক্ষর চিনতে শুরু করে। পাঁচ বছর বয়সেই সে জটিল সব বই নিজে নিজেই পড়তে শুরু করে। তাই তাকে আর কিন্ডারগার্টেনে ভর্তির প্রয়োজন পড়েনি।’
আরেকটি মজার ব্যাপার হলো, এখন বিশ্ববিদ্যালয়ের পড়ালেখাও নাকি বেশ সহজ মনে হচ্ছে জেরেমির!
দ্য গার্ডিয়ান অবলম্বনে সজীব মিয়া