
কিরন উইলিয়ামসনের বয়স তখন সবে ছয়। সেই স্কুলে নাম লেখানোর বয়সেই সে আঁকিয়ে হিসেবে নাম কুড়িয়েছে। তার প্রথম চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৪ হাজার পাউন্ডে। এখন কিরনের বয়স ১৪। দুরন্ত মেধাবী এক কিশোর। এরই মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছে। পৃথিবীজোড়া তার যশ হয়েছে, ঝুলিতে জমা হয়েছে প্রায় ২০ লাখ পাউন্ড। যার সবকিছুই তার চিত্রকর্মের জন্য।
তবে কিরন কিন্তু অর্থের জন্য আঁকে না। অন্তর থেকে, নিজের আত্মতুষ্টির জন্যই সে আঁকে। বিবিসির সাক্ষাৎকারে সে বলেছে, ‘আমি আমার আত্মা বিক্রি করি না। যা ভালো লাগে তাই আঁকি এবং অনেক দৃশ্য আমি কয়েকবার করে এঁকেছি কারণ আমি আঁকতে ভালোবাসি। কোনো কিছুতে যদি হৃদয় না ছোঁয়, তা থেকে আমি সরে আসি।’
ভালোবাসার জায়গা থেকেই প্রতিদিন রংতুলি নিয়ে ইংল্যান্ডের নরফোক কাউন্টির এক গ্রাম লুধামের দৃশ্য আঁকে কিরন। কখনো কখনো ভোর তিনটার সময় গিয়ে বসে থাকে বিভিন্ন আলোয় নিজের গ্রাম দেখতে। পড়ে স্টুডিওতে বসে মন থেকে, মন দিয়ে ছবি আঁকে।

নিজের আঁকা ছবি নিয়ে প্রতিবছর নরফোকে প্রদর্শনীর ব্যবস্থা করেন কিরনের বাবা-মা কিথ ও মিশেল উইলিয়ামসন। মূলত এই দুজনই কিরনের চিত্রকর্মের ব্যবসায়িক দিক সামলান। কিরনকে কোনো ধরনের ঝামেলায় ফেলতে চান না তাঁরা। এমনকি স্যামসাং, গ্যাপ কিংবা নিনটেন্ডো থেকে বিজ্ঞাপন করার অনুরোধ এলেও তা ফিরিয়ে দেন।
সারা বিশ্ব থেকেই কিরনের বার্ষিক প্রদর্শনী দেখতে এবং ছবি কিনতে আসেন ভক্তরা। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৫ হাজার পাউন্ডে তার ছবি বিক্রি হয়েছে। তা থেকেই নিজের বাবা-মা ও ছোট বোন বিলি-জোর জন্য বাড়ি কেনা হয়েছে। পুরো পরিবারসহ সেখানেই থাকে কিরন। প্রায় আট বছর ধরে ল্যান্ডস্কেপ আঁকার পর এখন পোর্ট্রেটের দিকে ঝুঁকেছে কিরন। বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী ক্লদ মনের সঙ্গে মিল রেখে এখন তাঁকে ডাকা হয় ‘মিনি মনে’ নামে।
ডেইলি মেইল অবলম্বনে