বিস্ময়কর জেলিফিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের মাঝখানে চিড় ধরে, আবার সেটা সম্পূর্ণ জোড়া লেগে যায়। অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়; তারপর টিস্যুগুলো আবার জন্মায় এবং ওই অংশ অবিকল আগের মতো রূপ নেয়। শরীর পুনর্গঠনের এই বিস্ময়কর ক্ষমতার অধিকারী অমেরুদণ্ডী প্রাণীটি সমুদ্রবাসী। নাম মুন জেলিফিশ।
পিঠে চারটা পাতার মতো ঢাকনা। তাতে কর্ষিকার সরু ঝালর। ক্রমাগত শরীর পুনর্গঠন করে বলে এই জেলিফিশের বয়স বোঝা কঠিন। প্লস ওয়ান সাময়িকীতে প্রাণীটিকে নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
চীনের শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিদ্যার ছাত্র জিনরু হে ২০১১ সালে সাগর থেকে একটি পুরুষ মুন জেলিফিশ সংগ্রহ করে গবেষণাগারে লালন-পালন শুরু করেন। ১৮ মাস পরে প্রাণীটি বৃদ্ধ বয়সে পৌঁছে মরে যায়। জিনরু সেই মরদেহটি নতুন পাত্রে নিয়ে নতুন পানিতে রেখে দেন এবং সতর্ক পর্যবেক্ষণ অব্যাহত রাখেন।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুন জেলিফিশ থাকলেও জিনরুর এলাকা চীনের পূর্বাঞ্চলে এই প্রাণীর উপস্থিতি কম। তাই তিনি এ বিষয়ে বাড়তি কৌতূহল নিয়ে বিস্ময়কর কিছুর প্রত্যাশা করছিলেন। একসময় সে রকমই ঘটল। তিন মাস পর সেই মরদেহ থেকে নতুন করে প্রত্যঙ্গ গজাতে শুরু করল। জিনরু বলেন, মুন জেলিফিশের জীবনচক্র মোটেও সহজ কিছু নয়। এটা অনেকটা জালের মতো।
গবেষকেরা বলেন, জেলিফিশের নিষিক্ত ডিম সাধারণত শূককীটে পরিণত হয়। আর তা থেকেই প্রত্যঙ্গ গঠিত হয়। প্রাণীটির জীবনচক্র অনেকটা প্রজাপতির সঙ্গে তুলনীয়।
রূপান্তরের জন্য বিভিন্ন জাতের জেলিফিশ বেশ আগে থেকেই সুপরিচিত। ১৯৯০-এর দশকে একদল ইতালীয় গবেষক দেখতে পান, কলমের আগার মতো ছোট্ট জেলিফিশ টুরিটোপসিস ডোরনি শরীর পুনর্গঠন করতে পারে। তখন এটিকে ‘অমর জেলিফিশ’ নামও দেওয়া হয়।
মুন জেলিফিশের শরীর পুনর্গঠনের ধরন খুঁটিয়ে দেখছেন বিজ্ঞানীরা। তাঁদের আশা, প্রাণীটির এই কৌশল অনুসরণ করে মানুষের ক্যানসার চিকিৎসায় নতুন অগ্রগতি হতে পারে। ইতালির লিস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্তিফানো পিরানো বলেন, ক্যানসার কোষের কার্যক্রমের সঙ্গে মুন জেলিফিশের শরীর পুনর্গঠনের প্রক্রিয়ার মিল রয়েছে। ক্যানসার কোষও এ রকম অনিয়ন্ত্রিতভাবে ছড়ায়। জেলিফিশের নতুন কোষগুলোর বিকাশের নিশ্চয়ই কোনো শৃঙ্খলা রয়েছে। সেটা চিহ্নিত করতে পারলে গবেষকেরা হয়তো মানুষের ক্যানসার কোষ বিস্তারের রহস্যটাও ধরতে পারবেন।