দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অভাবিত ফলাফল পাওয়া গেছে। এতে নির্বাচিত সভাপতি অংসুইছাইন মারমা এবং সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা দুইজনই অবাঙালি এবং চিৎমরম ইউনিয়নের বাসিন্দা। বিশেষ করে অংসুইছাইনের কাছে মাত্র এক ভোটের ব্যবধানে হেরে যান গত এক যুগ ধরে সভাপতির দায়িত্ব পালন করা মফিজুল হক। বিজয়ী সাধারণ সম্পাদক নিজেও তাঁর বিজয়ের ব্যাপারে সন্দিহান ছিলেন। সংশ্লিষ্ট প্রার্থী ও একাধিক কাউন্সিলর জানান, ভোটদাতা ১৬২ জন কাউন্সিলরের মধ্যে মাত্র ৪৫ জন অবাঙালি। অন্য ১১৭ জনই বাঙালি। এর মধ্যে সভাপতি-সম্পাদক দুজন বাঙালিই পরাজিত হওয়ার মতো ফলাফল বিস্ময়কর। সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মফিজুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অংসুইছাইন মারমা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান থোয়াইচিং মারমা, আনোয়ারুল ইসলাম চৌধুরী ও মো. সফিউল আলম।কাউন্সিলর আবুল কাশেম জানান, ভোট গ্রহণের শুরুতে কাউন্সিলর ছাড়া মিলনায়তনের ভেতরে বাইরের কোনো লোককে ঢুকতে দেওয়া হয়নি। কাউন্সিলররা সাদা কাগজে পছন্দের প্রার্থীর নাম লিখে বাক্সে ফেলেন। ভোটগ্রহণ শেষে প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে দেখা যায় ৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অংসুইছাইন মারমা। তাঁর কাছে মাত্র এক ভোটে হেরে যান গত এক যুগ ধরে সভাপতির দায়িত্ব পালন করা মফিজুল হক। ৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন থোয়াইচিং মারমা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম চৌধুরী পান ৬৩ ভোট। অপর প্রার্থী মো. সফিউল আলম পান ১৪ ভোট। ফলাফল ঘোষণার পর উপস্থিত পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক হতবাক হয়ে যান। সম্মেলনের শুরুতে সব পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও ফলাফল ঘোষণার পর পরিস্থিতি পাল্টে যায়। বিজয়ীপক্ষ খুশি হলেও তারা কোনোরকম আনন্দ মিছিল করেনি। কিছুটা উত্তেজনারও সৃষ্টি হয় এ সময়। সার্বিক পরিস্থিতি সামাল দিতে পুলিশকে তৎপর থাকতে দেখা যায়। বিজয়ী সভাপতি অংসুইছাইন মারমা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজুল হককে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। ভবিষ্যতে সব কাজ তাঁর পরামর্শ নিয়েই করব।’ তিনি আরও বলেন, ‘কাউন্সিলররা কথা দিয়ে কথা রেখেছেন। নতুন নেতৃত্ব আসায় উপজেলা আওয়ামী লীগ গতিশীল হবে।’ ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরেপেক্ষ হয়েছে উল্লেখ করলেও সাবেক সভাপতি মফিজুল হক বলেন, ‘কাউন্সিলরদের টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। এ ছাড়া, অংসুইছাইন গত ছয় মাস সাংগঠনিক কোনো বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করেননি। এখনোতো পরামর্শ নেওয়ার প্রশ্নই আসে না।’মফিজুল হকের মতে, রাঙামাটি জেলার মধ্যে কাপ্তাই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এই কাউন্সিলের পর অবস্থান আগের মতো মজবুত থাকবে না। এখন থেকে আওয়ামী লীগকে ভোট দেওয়া ছাড়া আর কোনো দলীয় কাজেও থাকতে চান না বলে জানান তিনি। নির্বাচিত সাধারণ সম্পাদক থোয়াচিং মারমা জানান, ‘আমার ধারণা ছিল বিজয়ী হবেন আনোয়ারুল ইসলাম চৌধুরী। কিন্তু মানুষ ভালোবেসে, পছন্দ করে আমাকেই নির্বাচিত করেছেন।’ তিনি জানান, সাংগঠনিক কাজে সব সময় আনোয়ারুল ইসলামসহ সবার মতামতকে গুরুত্ব দেবেন। তবে নেতৃত্বে সমতা বজায় থাকলে ভালো হতো বলেও তিনি মন্তব্য করেন।আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, ‘টাকার বিনিময়ে ভোট কিনে নেওয়া হয়েছে। টাকা ও হুজুগে পড়ে আমাদের অনেকে বেইমানি করেছে।’ নতুন কমিটির কোনো কাজে সহযোগিতা করা তাঁর পক্ষে সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কাউন্সিলর বিপ্লব মারমা বলেন, ‘আসলে এখানে পাহাড়ি-বাঙালির সংমিশ্রণ দরকার ছিল। কিন্তু মানুষ নিজ ইচ্ছায় পছন্দের প্রার্থীকে নির্বাচিত করলে কারও বলার কিছু থাকতে পারে না।’ এ প্রসঙ্গে নতুন নির্বাচিত সভাপতি অংসুইছাইন মারমা বলেন, ‘কোনো কিছুতে পক্ষপাতিত্ব করা হবে না। বরং বাঙালিরা যাতে বেশি সুবিধা পান, সে চেষ্টা থাকবে সব সময়।’ ৩০ মের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলেও তিনি জানান।প্রসঙ্গত, আওয়ামী লীগের সম্মেলন গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেদিন প্রথম অধিবেশনের পর দলীয় কোন্দলের কারণে সম্মেলন স্থগিত হয়ে যায়।