বিস্ময়জাগানিয়া মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ-আমেরিকা, এমনকি সিঙ্গাপুরে গেলেও একধরনের অস্বস্তি কাজ করে। বড্ড বেশি ছিমছাম, সাজানো-গোছানো। সবকিছু যেন নিয়মকানুনে বাঁধা। সে দিক থেকে মিসরে একধরনের স্বস্তি পাওয়া যায়। মনে হয়, ‘আমাদের মতোই তো।’ কায়রো এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ইমিগ্রেশন কর্মকর্তারা আধ ঘণ্টা দাঁড় করিয়ে রেখে হঠাৎ করে বলতে পারেন—আচ্ছা, ঠিক আছে, যান। ট্যাক্সি নিলে মাঝরাস্তায় নিয়ে ভাড়া দ্বিগুণ চাইতে পারে। আর আছে যানজট। রাস্তায় তাকালে দেখা যায় নানা ধরনের গাড়ি, কোনটা কত পুরোনো সেটা নিয়ে প্রতিযোগিতা হতে পারে। কোনো কোনোটি আবার নানা জায়গায় ধাক্কা খাওয়া। আবার এর পাশেই চলছে ঝকঝকে বিএমডব্লিউ বা মার্সিডিজ।দেশেই আছি—এ রকম এক আমেজ নিয়ে পৌঁছালাম হোটেলে। কায়রো শহরের মধ্য দিয়ে বয়ে গেছে নীল নদ। মিসরকে বলা হয় নীল নদের দান। নীলের দুই তীর কংক্রিট দিয়ে আটকানো। পাশেই বসার ব্যবস্থা। এখানে বসেও ঘণ্টার পর ঘণ্টা কাটানো যায়। আর এখানে বসলেই দেশে আছি বলে মনে হওয়ার যে আমেজ, তা নিমিষে দূর হয়ে যায়। নদী দখল না করে কীভাবে নদীকে ব্যবহার করে উন্নতি করতে হয়, তা জানতে মিসর গেলেই চলে।পর্যটন মিসরের আয়ের একটি বড় উৎস। পর্যটকদের জন্য রয়েছে নানা ব্যবস্থা। গড়ে উঠেছে অসংখ্য ট্যুর অপারেটর প্রতিষ্ঠান। তাদের হাতে নিজেকে ছেড়ে দিলে খানিকটা নিশ্চিন্ত। তবে এ জন্য পকেটের জোর থাকতে হয়। আমাদের গাইড দিনা, মিসরের মেয়ে। বিরতিহীন কথা বলার প্রতিযোগিতায় নিঃসন্দেহে সে প্রথম হবে। অবস্থা এমনই হলো, কয়েক সেকেন্ড কথা শুনলে আমরা বিচলিত হতাম, দিনার কি কিছু হলো তাহলে?দিনা আমাদের প্রথমেই নিয়ে গেল পিরামিড দেখাতে। এটাই মিসরের সবচেয়ে আকর্ষণীয় স্থান। কায়রো থেকে গাড়িতে যেতে আধ ঘণ্টার বেশি লাগে না গিজায় যেতে। এখানে আছে পিরামিড, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বিস্ময়জাগানিয়া স্থাপত্য। এখানে আছে বড় তিনটি পিরামিড, পাশাপাশি। টিকিট কেটে পিরামিডের পাশে যেতে হয়। পাশে বললাম কারণ, এখন আর এর চূড়ায় যেতে দেওয়া হয় না, ভেতরেও যাওয়ার আর উপায় নেই। নিদর্শনের ক্ষতি হয় বলে এ ব্যবস্থা।গাইড দুটো জিনিস মুখস্থের মতো বলে। যেমন, কোনো কিছুর বয়স জানতে চাইলে তারা চার থেকে পাঁচ হাজারের নিচে কোনো কথাই বলে না। আর অনেক কিছুর বিস্তারিত বিবরণ দিয়ে বলবে, এটি আসলে রেপ্লিকা, মূলটি রয়েছে বিশ্বের কোনো না কোনো জাদুঘরে। দেশটির ওপর যখনই আক্রমণ হয়েছে, বিজয়ীরা যাওয়ার সময় কিছু না কিছু নিজের মতো করে নিয়ে গেছে। যেমন, অনেক বড় ও ভারী বলে স্ফিংস নিয়ে যেতে পারেনি, কিন্তু নাকটা ভেঙে নিয়ে গেছে তারা। স্ফিংসে পরে যাওয়া যাবে। এখন পিরামিডেই না হয় থাকি। প্রাচীন মিসরের ফারাও রাজবংশ পিরামিডের মূল নির্মাতা। মূলত এগুলো তৈরি হয়েছিল মিসরীয় রাজাদের সমাধি হিসেবে। প্রথম দর্শনে যেটা মনে হয় তা হলো, কীভাবে সম্ভব। প্রায় ৩০ লাখ পাথর দিয়ে বানানো। এক একটির ওজন নয় টনের বেশি। এই পাথর একটার পর একটা কীভাবে বসানো হয়েছে সেটিই বড় বিস্ময়। এখানে পাশাপাশি তিনটি বড় পিরামিড রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত খুফুর পিরামিড। বাকি দুটো হলো খাপ্রে ও মেনকুরে। সবচেয়ে প্রাচীন খুফুর পিরামিড তৈরি হয়েছিল সাড়ে চার হাজার বছর আগে। পিরামিডের চারপাশে ঘুর ঘুর করা ছাড়া আর কোনো উপায় নেই। চারদিকে পর্যটকে ভর্তি। ভেতরটা দেখতে না পারার দুঃখ মেটাতে হয় পাথর ছুঁয়ে দেখে। তবে একটু দূরে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো। গাইড দিনা এমন এক জায়গায় নিয়ে গেল, যেখান থেকে সবগুলো পিরামিড সবচেয়ে ভালো দেখা যায়। উপরি পাওনা হচ্ছে উটের পিঠে চড়ে মরুভূমির একটু ভেতরে চলে যাওয়া। গিজাতেই রয়েছে স্ফিংস, দ্য গ্রেট স্ফিংস অব গিজা। বিভীষিকার জনকও বলা হয়। তিন হাজার খ্রিষ্ট-পূর্বাব্দে এটি তৈরি বলে জানা যায়। সিংহ ও মানুষের আকৃতির মিশ্রণ এটি। স্ফিংস প্রাচীন মিসরের মন্দির ও পিরামিডের দ্বাররক্ষক। আগেই বলেছি, বিশাল এই স্ফিংসের নাকটি ভাঙা। তার পরও এর বিশালত্ব ও শৌর্য দেখে মুগ্ধ হতে হয়। স্ফিংসের খুব কাছে এখন আর যাওয়া যায় না; খানিকটা দূর থেকে দেখতে হয়। রাতেও আরেকবার গেলাম স্ফিংসের কাছে, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। মরু থেকে যে এভাবে শীতের হাওয়া আসে, এখানে না এলে জানা হতো না। তিনটি পিরামিড আর স্ফিংস সামনে রেখে এই লাইট অ্যান্ড সাউন্ড শো করা হয়। পিরামিড ও স্ফিংসের ইতিহাস জানতে হলে এই শো একটি মাধ্যম বটে। মিসরে গেলে জাদুঘরেও যেতে হয়। জাদুঘরেই রয়েছে তুতেন খামেনের ঐশ্বর্য আর মমি। মিসর জাদুঘরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ। তা অমান্য করলে ক্যামেরা নিয়ে যেতে পারে বলেও সাবধান করে দিল। বিশেষ করে মমি যে কক্ষে আছে, সেখানে কড়াকড়ি আরোপের কথা গাইড দিনা বারবার মনে করিয়ে দিল। এখানে নয়টি মমি রয়েছে। কয়েক হাজার বছর আগের মমি, এখনো চুল ও দাঁত রয়েছে। মনে হয় যেন শান্ত হয়ে ঘুমিয়ে আছে নয়জন। দেখলাম, অনেকেই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলছে, দেখার কেউ নেই। কিছুক্ষণ পর হঠাৎ একজন এসে ‘ডিলিট ডিলিট’ করে হাজির হলেন, দু-একজনের ক্যামেরা থেকে ছবি মুছে ফেলে চলে গেলেন। তার পর আবার সেই একই অবস্থা। জাদুঘরে গিয়ে চোখ জুড়ায় তুতেন খামেনের ঐশ্বর্য দেখে। তুতেন খামেন ছিল খ্রিষ্টপূর্ব ১৩৪১ থেকে ১৩১৩ সময়ের মিসরের অষ্টাদশ রাজবংশের ফেরাউন। এই তুতেন খামেনের ঐশ্বর্য আবিষ্কৃত হয় ১৯২২ সালে। কী নেই এখানে। কফিন, বিছানা, চেয়ার এমনকি জুতাও। সবকিছুই সোনার তৈরি। এর মধ্যে একটি কক্ষ বিশেষভাবে সাজানো। এখানে আছে কফিন ও মুখোশ।কায়রোর খান-এল-খলিলি না গেলে অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। প্রাচীন এই বাজারে রয়েছে অসংখ্য গলি। সবগুলো গলিই একরকম মনে হয়। এখানে পাওয়া যায় নানা ধরনের পাথরের মূর্তি, পিরামিড, স্ফিংস, প্যাপিরাস পেইন্টিং, গয়না, হুকা ইত্যাদি। তবে এর চারপাশে ট্যুরিজম পুলিশের উপস্থিতি দেখে বোঝা গেল, হরেক রকমের মানুষের আনাগোনা এখানে। পকেট নিয়ে সাবধান থাকার পরামর্শ দিনা প্রথম থেকেই দিয়ে আসছে।আমাদের হাতে আরেকটু সময় ছিল। আড়াই শ কিলোমিটারের বেশি দূরের শহর আলেকজান্দ্রিয়া না এলে আসলেই মিসর ঘোরা অসম্পূর্ণ থেকে যেত। ভূমধ্যসাগরের তীরে এই শহরটি অত্যন্ত মনোরম। আলেকজান্ডার দ্য গ্রেটের নামানুসারে এই শহরের নামকরণ। বিশ্বের অন্যতম প্রাচীন এই শহরটি খ্রিষ্টপূর্ব ৩৩৪-এ তৈরি বলে মনে করা হয়। এখানে রয়েছে বাতিঘর, পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। দূর থেকে এখন এটি দেখতে হয়। অতিউৎসাহী কেউ নৌকায় করে এর চূড়ায় যায়। আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত আর যাওয়া হলো না। আলেকজান্দ্রিয়া গেলে এখানকার গ্রন্থাগারটি দেখে যাওয়া সবারই উচিত। বিশ্বের প্রাচীন এই গ্রন্থাগারটি কয়েকবার ধ্বংস হয়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে নতুন করে তৈরি করা হয়েছে আধুনিক এক গ্রন্থাগার। অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন এটি।সব মিলিয়ে মন জুড়ায় মিসর। প্রাচীন সভ্যতার সৌন্দর্য আর আভিজাত্য দেখতে হলে মিসরের যেন কোনো বিকল্প নেই।