বিস্ময়ে জাগে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভ্যুদয় সংগীত অঙ্গন, চট্টগ্রাম আয়োজিত রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গানের অনুষ্ঠানে সংগঠনের শিল্পীদের পরিবেশনা
অভ্যুদয় সংগীত অঙ্গন, চট্টগ্রাম আয়োজিত রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গানের অনুষ্ঠানে সংগঠনের শিল্পীদের পরিবেশনা

নানা লেখায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনুসন্ধান করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতির রূপ, রস ও গন্ধ নিয়ে নতুনতর উপলব্ধির কথা ছড়িয়ে আছে গীতবিতান–এর পাতায় পাতায়। প্রকৃতি পর্যায়ের এই গানগুলো এখনো শ্রোতাদের আবেগে নতুন মাত্রা তৈরি করে। অভ্যুদয় সংগীত অঙ্গন, চট্টগ্রাম আয়োজিত রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের ২২টি গান দিয়ে সাজানো সংগীত আসরে দর্শকেরা আরও একবার সেই গভীর উপলব্ধিরই মুখোমুখি হলো।
সংগঠনটির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ২০ এপ্রিল সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আয়েজন করা হয়েছিল এই আসরের। শিরোনাম ছিল, ‘বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান’।
সন্ধ্যা সাতটায় রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা। প্রবীর পালের সঞ্চালনায় শুরুতে বক্তব্য দেন অভ্যুদয় সংগীত অঙ্গনের সাধারণ সম্পাদক সুমন বসাক। এরপর চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন মঞ্চে বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘শুদ্ধ সংগীত ও সুস্থ সংস্কৃতি বাঙালি জাতিসত্তার প্রাণ। রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গান শুনে শ্রোতারা এখনো প্রকৃতির সঙ্গে নিজেকে যুক্ত করে ভাবতে পারে।’
কথামালা শেষে সমবেত কণ্ঠে ‘বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে’ গানটি দিয়ে শুরু হয় সংগীত আসর। এরপর কখনো একক, কখনো দ্বৈত আর কখনো সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন শিল্পীরা। প্রকৃতি পর্যায়ের বিভিন্ন গানের মধ্যে ছিল—‘পূর্ণ চাঁদের মায়ায়’, ‘মধ্য দিনের বিজন বাতায়নে’, ‘আজি ঝড়ের রাতে তোমার’, ‘ওই মালতি লতা দোলে’, ‘একি মায়া’, ‘আকাশ আমায় ভরল আলোয়’, ‘ওরা অকারণে চঞ্চল’ সহ বেশ কিছু গান।
গান পরিবেশন করেন প্রাচী চক্রবর্তী, বৃষ্টি বড়ুয়া, পুনম দাশ, শ্রাবণী চৌধুরী, সুদেষ্ণা নন্দী, সেঁজুতি দে, বনানী দত্ত, অনন্যা আইচ, পিয়া দাশ, সুশান্ত শর্মা, রিপা পালিতসহ ৩১ জন সংগীতশিল্পী। গানের মাঝে মাঝে ছিল রবীন্দ্র রচনাবলী থেকে পাঠের আয়োজন। ভারতের ত্রিপুরা রাজ্যের আবৃত্তিশিল্পী মনীষা পাল চৌধুরীর আবৃত্তি মুগ্ধ করেছে দর্শকদের। পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও সংগীত পরিচালনায় ছিলেন শ্রেয়সী রায়।
অনুষ্ঠানে বেহালা বাজান রিকি বসাক, কি-বোর্ড হিল্লোল রায় এবং তবলা বাজান সানি দে ও প্রান্ত আচার্য। সব শেষে শিল্পীরা পরিবেশন করেন ‘আকাশ ভরা সূর্য-তারা’ গানটি। সমবেত সুর লহরিতে মেতে ওঠে শ্রোতারাও। আর এই গানটির মাধ্যমেই শেষ হয় রবীন্দ্র সুধা পানের এই আয়োজন।