বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বয়স তখন আট বছর। আমার এক মামাতো ভাই ছিল। নাম রকিব। আমার চেয়ে এক বছরের বড়। আমরা একসঙ্গে অনেক দুষ্টামি করতাম সেই সময়। একবার আমাদের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি হচ্ছে। কিন্তু, সামনে পরীক্ষা। সংগত কারণেই অনুষ্ঠানটি আমাদের দেখতে দেওয়া হচ্ছে না। সবাই মজা করে ড্রয়িং রুমে ইত্যাদি দেখছে, আমরা মুখ গোমড়া করে বই নিয়ে বসে আছি। এমন সময় রকিব আমাকে বুদ্ধি দিল, ‘চল, বাসার মেইন সুইচ অফ করে দিই, যাতে কেউ ইত্যাদি দেখতে না পারে।’ আমি তার বুদ্ধিতে চমৎকৃত হলাম। বললাম, ‘শাবাশ, চলো যাই।’ দুজন সাহস করে একটা চেয়ার নিয়ে, চেয়ারের ওপর উঠে মেইন সুইচ অফ করে দিলাম। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল।লোডশেডিং উপলক্ষে আমরাও সাময়িক ছুটি পেলাম। যাই হোক, মোটামুটি এক ঘণ্টা পার করে দুজন আবারও গেলাম সুইচ অন করার জন্য। আমি চেয়ারের ওপর উঠে মেইন সুইচ অন করে দিলাম। পুরো বাড়ি আলোকিত হওয়ার কথা ছিল, কিন্তু কিছুই হলো না। রকিব অধৈর্য গলায় বলল, ‘কী হলো? চালু কর।’ আমি ঢোঁক গিলে সুইচটা বেশ কয়েকবার অন-অফ করলাম। কিন্তু কোনো কাজ হলো না। রকিবকে বললাম, ‘হচ্ছে না তো!’ রকিব ভয় পাওয়া গলায় বলল, ‘বলিস কী? দেখি নেমে আয়।’ রকিব নিজে উঠেও কয়েকবার চেষ্টা করল। কিন্তু সেই আগের অবস্থা। এ সময় আব্বা এসে উপস্থিত, ধমক দিয়ে বললেন, ‘কী রে? এখানে তোদের কী?’ আমি তখন বেশ ভয় পেয়েছি, আমতা আমতা করে সব ঘটনা বলে দিলাম। আব্বা নিজেও কয়েকবার চেষ্টা করলেন, কিন্তু বদ সুইচটা অন করার পরেও লাইট জ্বলল না! আব্বা তখন হুংকার দিলেন আমাদের দিকে তাকিয়ে, ‘তবে রে হারামজাদা, আজকে তোদের বদমাইশি ছোটাব।’ বলেই খপ করে দুজনের কান ধরে ড্রয়িংরুমে নিয়ে এলেন। কাজের ছেলেটিকে পাঠালেন মিস্ত্রি আনতে। আর আমাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হলো, যতক্ষণ না বিদ্যুতের লাইন ঠিক হবে, ততক্ষণ আমাদের একজনকে অপরজনের কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কান ধরে দাঁড়িয়ে আছি। মেজাজ খুবই খারাপ। এমন সময় চারদিক আলোকিত করে বাতি জ্বলে উঠল। সবাই বেশ হতভম্ব। আমিও অবাক। একজন বলল, ‘এটা কী হলো?’ কেউ উত্তর দিল না। আব্বা তখন গলা খাঁকারি দিয়ে বললেন, ‘ইয়ে...সত্যি বোধ হয় লোডশেডিং চলছিল, এই তোরা কান ছাড়, যা পড়তে যা।’  ইফতিপশ্চিম হাজীপাড়া, রামপুরা, ঢাকা।