
তখন ছিল অবরোধের সময়। বাসের অগ্রিম কাটিয়া রাখা টিকেটটি হঠাৎ বাতিল হইয়াছে। এদিকে ক্যাম্পাস হইতে পরীক্ষার ডাক আসিয়াছে। না ফিরিলেই নয়। পরদিন হইতে পুনরায় অবরোধ। অগত্যা চার বন্ধু অটোরিকশায় চড়িয়া বসিলাম। বগুড়া হইতে সিরাজগঞ্জ আসা গেল। এবার বাসের ছাদ ছাড়া গতি নাই। জীবনে প্রথমবার ছাদে চাপিলাম—রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা। বঙ্গবন্ধু সেতু পার হইতেই বাস নিশ্চল দাঁড়াইয়া পড়িল। এমনই দীর্ঘ সে যানজট যে এক চুল নড়িবার সাধ্য কাহার! বিরক্তি সীমা ছাড়াইয়া গেল। জলবিয়োগ করিতে নামিয়া বন্ধু সাইয়িদ ‘তাজা খবর’ আনিল। কিয়ৎক্ষণ পরেই স্টেশনে ট্রেন আসিতেছে। সকলকে সচকিত করিয়া চারজন নামিয়া পড়িলাম। ছুটিলাম। ট্রেন আসিল। প্লাটফর্মসুদ্ধ লোক যেন ঝাঁপিয়া পড়িল। জীবন বাজি রাখিয়া ট্রেনে চড়িলাম—তা-ও জীবনে প্রথমবার! খানিক বাদেই বিপত্তিটা বাঁধিল। টিকেট নাই বলিয়া টিটি মহাশয় বড্ড যন্ত্রণা আরম্ভ করিলেন। বুঝাইলাম, আরে মহাশয় পড়িমরি করিয়া আসিয়া ট্রেন চাপিলাম, টিকেট কাটার সুযোগ পাইলাম কখন...? কিন্তু তিনি কিছুতেই কোনো কিছু বুঝিতে চাহিলেন না। আমরাও ফের বাঁকিয়া বসিলাম। “জরিমানা হইবে কিন্তু।” “হোক” “বটে? তোমাদের পুলিশে দিব।” “দেখা যাইবে” টিটি চলিয়া গেল। আমরা ভাবিতে লাগিলাম। কমলাপুরের আগে বিমানবন্দর স্টেশনে ট্রেন ধীর করিল। দরজা-জানালা দিয়া চার বন্ধু লাফাইয়া পড়িলাম। বাক্স-প্যাটরা শূন্যে ডিগবাজি খাইল, হাত-পা কয়েক জায়গায় ছড়িয়া গেল। তাহা হউক, টিটিকে কাঁচকলা দেখানো তো সম্পন্ন হইল! মাইল খানিক হাঁটিবার পর অটোরিকশা মিলিল। অবশেষে হলে ফিরিলাম এবং আসা মাত্রই কানে আসিল যে পরীক্ষার তারিখ পুনরায় পিছানো হইয়াছে! সারা পথ জুড়িয়া এমন যুদ্ধ করিয়া আসিয়া যদি শুনি এমন খবর, তখন কি মাথার চুল ছিঁড়িতে ইচ্ছা করে না? নাহ্ থাক, এই সর্বনাশটা অন্তত আর নাইবা করিলাম।
রাহাত মাহফুজ
সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।