বিড়ম্বনার মধ্যেও জমজমাট ঈদবাজার
সকাল নেই, সন্ধ্যা নেই—আকাশ মুখ ভার করে বারবার। ভাদ্রের হঠাৎ বৃষ্টিতে স্নাত হয় এ নগর, তাতে ঈদের বাজারে শুরু হয়ছোটাছুটি, হুড়োহুড়ি। ছন্দপতন ঘটে কেনাকাটায়। প্রকৃতির এ ঝামেলার সঙ্গে আছে ছিনতাইয়ের ভয়। আছে লোডশেডিংয়ের ভোগান্তি। তা ছাড়া নগরের মানুষের নিত্যসঙ্গী যানজট তো লেগেই আছে। কোনো বিপণিকেন্দ্রের আশপাশে ঘেঁষার সুযোগ নেই। বিপণিকেন্দ্রের পাশের মূল সড়কেও যানজট লেগে থাকে সারাক্ষণ। বৃষ্টির কারণে রিকশা, অটোরিকশার স্বল্পতাও দেখা দেয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো যায় না।তবুও জমজমাট ঈদের বাজার। জমেছে বিকিকিনি। সবখানে ভিড়। ভিড় বিপণিকেন্দ্র, পথঘাট আর ফুটপাতেও। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই ছুটছেন। পছন্দের পোশাকটির জন্য ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোরদের ভিড় আস্তে আস্তে পরিণত হচ্ছে জনসমুদ্রে। তাই নগরের বিপণিবিতান (নিউমার্কেট), জহুর হকার্স মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, আখতারুজ্জামান সেন্টার, আমিন সেন্টার, লাকি প্লাজা, আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, চট্টগ্রাম শপিং কমপ্লেক্সসহ সব বিপণিকেন্দ্র এখন সরগরম। রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি মো. সালামত আলী বলেন, ‘এখন বাজারে চাঙা ভাব। বাড়ছে দিন দিন ক্রেতাদের ভিড়। রাত দুইটা আড়াইটা পর্যন্ত মার্কেট খোলা থাকে।’ মধ্যবিত্তের ঈদবাজার: রিয়াজউদ্দিন বাজার, হকার্স মার্কেট, লাকি প্লাজা, শপিং কমপ্লেক্স, ভিআইপি টাওয়ার ইত্যাদিতে মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ভিড় বেশি। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে—শাড়ি, শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ ও শিশুর পোশাকের দাম মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের মধ্যেই থাকে। যার জন্য এখানে মধ্য আয়ের লোকজন বেশি ভিড় করে।রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক আবুল কাশেম বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারের বেশির ভাগ ক্রেতা মধ্যবিত্ত। তবে এখানে উচ্চবিত্ত শ্রেণীর দামি পোশাকও পাওয়া যায়। যে কারণে আমরা সব ধরনের ক্রেতা পাই।’নিম্নবিত্তের বাজার: নিম্নআয়ের লোকজনের ভিড় সবচেয়ে বেশি নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রের সামনের ফুটপাত ও সড়কে বসা ভ্রাম্যমাণ দোকানে। এখানেও ভিড় কম নয়। নগরের স্টেশন রোড, বিপণিবিতান, হকার্স মার্কেটের সামনের ফুটপাতে চৌকি বিছিয়ে বসেছেন বিক্রেতারা। এ ছাড়া আগ্রাবাদ, ষোলশহর দুই নম্বর গেটের বিভিন্ন ফুটপাতেও ঈদের নতুন জামাকাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।এখানে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। গত রোববার সকালে ফুটপাত থেকে একটি শার্ট কেনেন মো. সাইফুল নামে এক শ্রমিক। তিনি বলেন, ‘১০০ টাকা দিয়ে আমি শার্ট কিনেছি। মার্কেটে গিয়ে কেনার সামর্থ্য নেই। এটা দেখে ভালো মনে হলো তাই কিনে ফেললাম।’ফুটপাতের পাশাপাশি নিম্নআয়ের লোকজনের অন্যতম ভরসা নগরের জহুর হকার্স মার্কেট। এখানেও তারা ভিড় করেন প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র কেনার জন্য। পূজার বাজারও চলছে: সরজমিনে দেখা যায়, ঈদবাজারের পাশাপাশি এবার হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজার কেনাকাটাও করছেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঈদের এক মাস পরই আসবে দুর্গাপূজা। তাই পূজার কেনাকাটাও সেরে নিচ্ছেন কেউ কেউ। তাঁদের শঙ্কা, ঈদের বাজারে আসা নতুন নতুন ডিজাইনের পণ্য শেষ হয়ে যেতে পারে। এ ছাড়া ঈদ উপলক্ষে সপ্তাহখানেক বন্ধও থাকবে বিপণিকেন্দ্র। তাই হিন্দু সম্প্রদায়ের লোকজনও কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ প্রসঙ্গে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি সালামত আলী বলেন, ‘ঈদের পাশাপাশি পূজার বাজারও করছেন লোকজন। যে কারণে মার্কেটে লোকজনের ভিড়ও বেড়ে গেছে।’