বিড়ম্বনার সেন্ট মার্টিন যাত্রা
প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যেতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন পর্যটকেরা। টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজ ও ট্রলারগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছে। গুনতে হচ্ছে নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি টাকা।এ ছাড়া জাহাজের মালিকেরা নিজস্ব ব্যবস্থায় দমদমিয়া ঘাটে অবৈধ জেটি নির্মাণ করে যাত্রী ওঠা-নামা করছে। ফলে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। অথচ শাহ পরীর দ্বীপে জেলা পরিষদের এবং স্থলবন্দরের দুটি জেটি কেউ ব্যবহার করে না। ১১ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে এসে দমদমিয়ার সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজের এসব অবৈধ জেটি দেখে ক্ষোভ প্রকাশ করেন।জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়া সারা বছর এবং কেয়ারি ডাইন, ঈগল-১, অবকাশ ক্রুজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও এফভি সোনারগাঁও জাহাজ শুধু ডিসেম্বর-মার্চ মাস পর্যন্ত চলাচলের অনুমতি দিয়েছে। এগুলোর অধিকাংশ পুরোনো জাহাজ। তার ওপর এসব জাহাজেও অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া গেছে।১৬ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাঝখানে এফভি সোনারগাঁও জাহাজের দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। রাত নয়টার দিকে জাহাজের একটি ইঞ্জিন চালু হলে আবার যাত্রা শুরু করে। কিন্তু রাতের আঁধারে জাহাজটি পথ হারিয়ে বদর মোকাম নামের একটি ডুবোচরে আটকা পড়ে। পরের দিন ১৭ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে জোয়ার এলে জাহাজটি চর থেকে ভেসে ওঠে। এ সময় টেকনাফের উদ্দেশে রওনা দিলে পর্যাপ্ত পরিমাণে তেল না থাকায় যাত্রীদের আবার দুর্ভোগে পড়তে হয়। পরে সকাল সাতটায় জেটিতে ভিড়ে জাহাজ। জাহাজটি আটকে থাকার সময়ে উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা সার্বক্ষণিক পর্যটকদের পাশে ছিলেন। ফলে বড় অঘটন থেকে রক্ষা পেয়েছেন পর্যটকেরা।আটকে পড়া পযর্টকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাগরে সারা রাত ভয়ে নির্ঘুম ছিলাম। বেড়াতে এসে এ ধরনের পরিস্থিতির শিকার হব সেটা কোনো দিন ভাবিনি।’৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিন থেকে ছাড়ার সময় জাহাজটির ত্রুটি দেখা দিলেও চালকের উদাসীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়। এ সময় জাহাজটিতে দেড় হাজারের মতো পর্যটক ছিলেন। অতিরিক্ত পর্যটক পরিবহনের ফলে জাহাজটি বিকল হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে দমদমিয়া জেটিঘাটে সেন্ট মার্টিনগামী জাহাজ এফভি শহীদ আবদুর রব সেরনিয়াবাতে উঠতে গিয়ে পযর্টকদের ভিড়ে জেটি ভেঙে দেড় শতাধিক পর্যটক ২০ থেকে ২৫ ফুট নিচে নাফ নদীর পানিতে পড়ে যান। এতে অর্ধশতাধিক শিশু-কিশোর, নারী ও পুরুষ আহত হন। এর আগেও জেটি ভেঙে পর্যটক পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে।অতিরিক্ত যাত্রী পরিবহন ও ভাড়া আদায়:গত শুক্রবার সকাল নয়টায় দমদমিয়া জেটিঘাটে গিয়ে দেখা গেছে, জনপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা নিয়ে এ রুটে চলাচলকারী ঈগল-১, সি-ট্রাক, সোনারগাঁও এবং অবকাশ ক্রুজ যাত্রী তুলছে। সোনারগাঁও দুই হাজার ৫০০ এবং অবকাশ ক্রুজে প্রায় ৯০০ পর্যটক ওঠানো হয়। অথচ সোনারগাঁওয়ের ধারণক্ষমতা ৮৪৬ এবং অবকাশ ক্রুজের ৪৩০ যাত্রী। জাহাজে উঠে চেয়ারে বসা তো দূরের কথা, ঠাসাঠাসি করে দাঁড়ানোরও জায়গা না পেয়ে অবাক হন পর্যটকেরা।ঢাকার মগবাজার থেকে ভ্রমণে আসা ফরিদুল হাসান ও সেলিম রেজা চৌধুরী জানান, তাঁরা গত বছর জনপ্রতি ৩০০ টাকায় টিকিট কেটে কেয়ারি সিন্দাবাদে করে সেন্ট মার্টিন গিয়েছিলেন। এবার সোনারগাঁও জাহাজের টিকিট কাটতে হচ্ছে ৭৫০ টাকায়। এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে চলতি ফেব্রুয়ারি মাসে দুই দফায় এফভি সোনারগাঁও, অবকাশ ক্রুজ, এলসিটি কুতুবদিয়া ও জেটির মালিকের কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের হয়রানি করা হচ্ছে কিনা, তা অনুসন্ধান করা হচ্ছে।’