বিড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ও প্রতিদিন রাতে আসে সন্তানের খোঁজে। সবাই যখন ঘুমিয়ে পড়ে ও তখন সন্তর্পণে দুরু দুরু বুকে বহুতল আবাসিক ভবনের সব ফ্ল্যাটের করিডরে এখানে-ওখানে ওর সন্তানকে খুঁজে বেড়ায়। খুব মৃদুস্বরে হয়তো সন্তানকে ডাকে। একতলা থেকে চৌদ্দতলা পর্যন্ত খুঁজে খুঁজে যখন ক্লান্ত হয়ে যায়, তখন আশাহত হয়ে পেছনের সরু সিঁড়ি বেয়ে টলতে টলতে চলে যায়। রাত জেগে প্রায়ই কম্পিউটারের কাজ করার সময় ওর ডাক শুনতে পাই। ওই ডাক যেন শুধু ডাক নয়, ওর বুকফাটা বিলাপ। জানালা খুললে দেখি, ও নিষ্পলক চোখে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ও আর কেউ নয়, সন্তান হারানো এক বিড়াল ছানার মা।আমি যখন ১২ নম্বর রিং রোডের জি-৬, ভাড়া করা ফ্ল্যাটে উঠি, ওর বয়স তখন তিন মাস। দেখতে নেহাত মন্দ ছিল না। চঞ্চল আর ভীরু পায়ে মায়ের পেছনে পেছনে ফ্ল্যাটগুলোর এখানে-ওখানে ঘুরে বেড়াত। ক্লান্ত হলে করিডরের একপাশে শুয়ে পড়ত। কখনো যদি দরজা খুলতাম, আমার ঘরে ঢুকতে চেয়েও ভয়ে ঢুকত না। ওর চঞ্চল চোখের দিকে তাকিয়ে থাকতাম। আমার অজান্তে ধীরে ধীরে ওর প্রতি কেমন যেন একটা মায়া জন্মাল। আমি ওকে পটু বলে ডাকতাম। আমার স্ত্রী ও কন্যা ওকে পছন্দ করত না। তাই ওকে ঘরে ঠাঁই দেওয়ার চিন্তাভাবনা আর মাথায় রইল না।মাঝেমধ্যে ক্ষুধা আর অবসন্ন দেহে পটু আমার দরজার একপাশে বসে থাকত। কখনো দুপুরে আবার কখনো বা রাতে ও যখন আমার দরজায় আসত, ওর জন্য আমার খাবার থেকে রেখে দেওয়া মাছ অথবা মাংসের টুকরো দরজার সামনে পরিচ্ছন্ন পলিথিনে রেখে দিলে গোগ্রাসে খেতে শুরু করত; ও যে সারা দিন খায়নি, এটা বুঝতে পারতাম। খেতে খেতে ও যখন ভয়ার্ত চোখে এদিক-ওদিক তাকাত, আমার বুঝতে বাকি থাকত না অনেক বেগ পেতে হয়েছে ওকে আমার দরজা পর্যন্ত আসতে। হয়তো বা জীবনের ঝুঁকি নিয়ে ও এখানে এসেছে।ভবনের করিডর ঝাড়ু দেওয়ার জন্য যে দুজন মহিলাকর্মী ছিলেন। তাঁদের মধ্যে একজনকে দেখলেই পটু চোখের নিমেষে পালিয়ে যেত। তাঁকে খুব ভয় পেত। মহিলার আচরণ খুবই রুক্ষ ছিল। প্রায়ই ওই মহিলা পটুকে লাঠি নিয়ে তেড়ে আসতেন। একদিন পটুর ছবি তুলছিলাম, তাই দেখে ওই মহিলা তেলেবেগুনে জ্বলে উঠলেন। আমার সামনে বিড়াল ছানাটিকে লাঠি ছুড়ে মারলেন, লাগল ওর পেটে। কাতরাতে কাতরাতে ও চলে গেল। আমি ছুটে গেলাম মহিলার কাছে। জিজ্ঞেস করলাম, ওকে মারলেন কেন? জবাবে তিনি আমাকে রূঢ়ভাবে জানিয়ে দিলেন, আজ তো বেঁচে গেল বিড়ালছানাটি; কিন্তু পরবর্তী সময়ে আর বাঁচবে না। রাগে আমার গা কাঁপছিল।আমাদের বাসা ছাড়ার সময় হয়ে এল। ঠিক করলাম, ওকে পেলে সঙ্গে নিয়ে যাব। ওর কোনো ক্ষতি হয়েছে এমন আশঙ্কায় মনটা আমার ভারী হয়ে এল। কাজের ফাঁকে ফাঁকে জানালায় গিয়ে দাঁড়াই, ও আর আসে না। আশপাশে অনেক খোঁজাখুঁজি করলাম; কিন্তু কোথাও ওর দেখা পেলাম না। যে লোকটি এসব ফ্ল্যাটের ময়লা নিয়ে যায, একদিন তাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি বিড়াল ছানাটিকে দেখেছ?’ কিছুক্ষণ চুপ করে থেকে লোকটি বলল, ‘স্যার! হাত-পা বাঁধা অবস্থায় ওর মৃতদেহটা জেনারেটরের ঘরের সামনে পড়েছিল। পরে আমি ওটাকে ডাস্টবিনে ফেলে আসি।’ ক্ষুধার জ্বালায় ও ভবনটির এখানে-ওখানে ছুটে বেড়াত। হয়তো ক্ষুধার্ত হওয়াটাই ওর অপরাধ। তাই এত নির্মমভাবে ওকে মরতে হলো। ওর জন্য কারও সামান্যটুকু দুঃখ হয়নি আর না হওয়ারই কথা। কারণ ও পশু। ওর নির্মম মৃত্যুর কথা যখন কাউকে বলে মনটা হালকা করতে চেয়েছি, হো হো করে একগাল হাসি হেসে পাশ কেটে চলে গেছে অনেকেই। বারবার ওর ক্ষুধার্ত চোখের নিষ্পলক চাহনী এখনো চোখের সামনে ভাসে।শহীদুর, বনশ্রী, ঢাকা।