
বিড়ালটির নাম ব্রাউজার। যুক্তরাষ্ট্রের একটি গণগ্রন্থাগারে ছয় বছর বসবাস করেছে সে। এখন প্রাণীটির ঠিকানা হবে অন্য কোথাও। কারণ টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ নগর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাপারটা অবশ্য খুব সহজ ছিল না। কারণ, ব্রাউজারের বিরোধী যেমন আছে, তেমনি অনুরাগী-সমর্থকের সংখ্যাও কম নয়। তাই সে ওই গণগ্রন্থাগারে থাকতে পারবে কি না, সেটা রীতিমতো ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত করতে হয়েছে। শেষমেশ ঠিক হয়েছে, ৩০ দিনের মধ্যে বিড়ালটির জন্য নতুন আবাস খুঁজে বের করতে হবে।
নগর পরিষদের সদস্য এলজি ক্লেমেন্টস ১৪ জুন ওই বিড়াল নিয়ে সমস্যা নিরসনের লক্ষ্যে বৈঠক ডাকেন। এরপরই বিষয়টি ভোটাভুটিতে গড়ায়।
মেয়র রন হোয়াইট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সিটি হলের কোনো কর্মী পোষা বিড়াল নিয়ে অফিসে প্রবেশ করতে পারেন না। তাই গণগ্রন্থাগারেও বিড়াল রাখার সুযোগ নেই। তবে ব্রাউজারকে নিয়ে এত দিন কোনো আপত্তি ওঠেনি।
অবশ্য ব্রাউজারের সমর্থকেরা এখনই হাল ছাড়ছেন না। পরিষদের সাবেক সদস্য অ্যালান প্রাইস বলেছেন, বিড়ালটির পুনর্বহাল চেয়ে তাঁরা একটি আবেদন করবেন। শিশুরা বিড়ালটিকে খুব ভালোবাসে। ও তো শুধু একটা বিড়াল নয়, সবার আপনজনের মতো। ছয় বছর ধরে গ্রন্থাগারে বসবাস করছে সে। ফেসবুকে ব্রাউজারের নিজস্ব পেজ পর্যন্ত রয়েছে। তার বন্ধু ও সমর্থকেরা আগামী নভেম্বরে একটি পিটিশন করবেন। প্রয়োজনে এ বিষয়ে আবার ভোটাভুটির দাবি জানানো হবে।
ফ্রেন্ডস অব দ্য হোয়াইট সেটলমেন্ট পাবলিক লাইব্রেরির প্রেসিডেন্ট লিলিয়ান ব্ল্যাকবার্ন বলেন, তাঁরা বিড়ালটির ভালোর জন্য যেকোনো উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছেন।