বিড়াল-বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

এক বিকেলে কোথা থেকে যেন বাড়ি ফিরছিলাম আমি আর আব্বা। পথে হঠাৎ শুনি মিউ মিউ ডাক। খুঁজে দেখি ব্রিজের এক কোণে একটি সাদা বিড়ালের ছানা।
ওর দিকে তাকাতেই ডাক থামাল বটে তবে আকুতি ভরা নয়নে কী যেন একটা বলতে চাইল। ওকে দুই হাতে তুলে নিলাম।
আব্বাকে জিজ্ঞেস করলাম ওকে বাড়িতে নেব কি না? বাবা সম্মতি দিলেন। সেই দিন থেকেই ও আমাদের বাড়ির একজনের মতো। দিন কয়েকের মধ্যেই বিড়ালটার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেল। আর ও সারাক্ষণ প্রায় আমার সঙ্গেই থাকত। কোনো সময় হয়তোবা আমি বাড়ির বাগানে হাঁটতে গিয়েছি তো বিড়ালটা আমার পিছু পিছু আসত। কখনো বা ঘাসফড়িংয়ের পিছে নয়তো প্রজাপতি শিকারে ওর ব্যস্ততা দেখতাম। মাঝে মাঝে আবার ওর বীরত্বের প্রশংসা নিতে মিউ মিউ করে আমার দিকে তাকাত। আমি নিরাশ না করে উৎসাহ দিতাম। সেটা ও বুঝত। গরমের সময় জ্যোৎস্না রাতে আব্বা, আমি নয়তো বাড়ির সবাই মিলে পুকুরের পাড়ে বসে বাতাস খাচ্ছি, খানিক পর দেখব ও আমারদের গা ঘেঁষে বসে আছে। বাইরে যাব বলে বেরিয়েছি তো কোথা থেকে ডাকতে ডাকতে ছুটে আসবে। আমাকে বাড়ির শেষ সীমানা পর্যন্ত এগিয়ে দেওয়া যেন ওর মহা কর্তব্য। ও আসার ছয়-সাত মাস কাটল। তখন পৌষ মাস ছিল। বাড়ির উঠানে ধান স্তূপ করে রাখা। চলাচলের জন্য শুধুই একটা চিকন পথ আছে। রাতে আব্বার সঙ্গে বাইরে যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম। অন্যদিনের মতো বিড়ালটা আমাদের এগিয়ে দেবে এটা তো জানাই ছিল। ওকে যেন একটু বেশিই অস্থির লাগছে। একবার দৌড়ে বাইরে যাচ্ছে তো একবার বারান্দায় এসে বসছে। আব্বা আগে বের হলেন আর আমি ওনার পিছু নিয়েছি। তখনই বিড়ালটা আমাদের আগে আগে দৌড়ে বের হলো। এক ছুটে ধানের স্তূপের পাশে গিয়ে ঝপাং করে লাফিয়ে পড়ল। আমি ভাবলাম হয়তো ইঁদুর ধরেছে কিন্তু আব্বার হাতের টর্চলাইটের আলোয় দেখতে পেলাম একটি বিষধর সাপ। ফণা তুলে তখনো ফোঁস ফোঁস করছে। সাপ মারা হলো এবং সে যাত্রায় আমরা বেঁচে গেলাম। কিন্তু বাঁচতে পারেনি আমার বন্ধু সাদা বিড়ালটি। বাড়ি ফিরে দেখলাম পুকুরপাড়ের যে জায়গাটায় জ্যোৎস্না রাতে ও আমাদের গা ছুঁয়ে বসে থাকত, ঠিক সেখানেই মৃদু চাঁদের আলোয় পড়ে আছে ওর নিথর দেহ। বিষের প্রভাবে ওর নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ও চলে গেল আর আমাকে সেদিনই বুঝিয়ে দিয়ে গেল বন্ধুত্ব কী জিনিস!
ইয়াছিন আলামীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।