সব বিড়াল পোষ মানে না। কিছু বিড়াল এমন বেয়াড়া হয় যে, সুযোগ পেলেই পালিয়ে যায়। আবার কিছু বিড়াল পথ ভুলে হারিয়েও যায়। কুকুরের ক্ষেত্রেও একই কথা বলা যায়।
জাপানে হারিয়ে যাওয়া ও ঠিকানাহীন দলছুট বিড়াল-কুকুরের সংখ্যা বেশি বেড়ে গেলে হত্যা করা হয়। তবে কিছু সংগঠন এভাবে বিড়াল-কুকুর হত্যার পক্ষপাতী না। মানুষকে আরও সচেতন করে তুলতে কিটেন ক্যাফে স্যাংচুয়ারি নামে একটি সংগঠন গতকাল রোববার জাপানের দুটি শহরের মধ্যে ক্যাট ক্যাফে ট্রেনে ভ্রমণের আয়োজন করে। এসব ট্রেনে বিড়ালপ্রেমীরা সংগঠনটির উদ্ধার করা কিছু বিড়ালের সঙ্গ উপভোগের সুযোগ পান। ট্রেনগুলোর মধ্যে বিড়ালগুলোর ছিল অবাধ যাতায়াত।
জাপানের গিফু প্রিফেকচারের ওগাকি শহরের ইয়োরো স্টেশন থেকে প্রথম ক্যাট ক্যাফে ট্রেনটি গতকাল সকাল সাড়ে ১০টায় যাত্রা শুরু করে। বেলা ১টায় এটি একই প্রিফেকচারের ইকেদা শহরের ইকেনো স্টেশনে পৌঁছায়। ইকেদা থেকে আরেকটি ট্রেন বেলা ১১টা ২০ মিনিটে ছেড়ে ওগাকি শহরে পৌঁছায় বেলা ২টা ৫০ মিনিটে। প্রতিটি ট্রেনে ছিল ৪০ জন যাত্রীর ভ্রমণের সুযোগ। ভ্রমণের সময় যাত্রীদের পরিবেশন করা হয় দুপুরের খাবার, মিষ্টি আর ইয়োরো রেলওয়েতে পুরো দিন ভ্রমণের টিকিট।
গত আগস্ট মাসের শুরুতে কিটেন ক্যাফে স্যাংচুয়ারি ঘোষণা দেয়, ইয়োরো রেলওয়ের সহযোগিতায় তারা ক্যাট ক্যাফে ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। গত ৭ আগস্ট অগ্রিম টিকিট বিক্রি শুরু করে ইয়োরো কর্তৃপক্ষ। ৪ সেপ্টেম্বর পর্যন্ত অথবা টিকিট শেষ না হওয়া পর্যন্ত বুকিংয়ের সুযোগ ছিল। কিন্তু এক দিনেই সব টিকিট বিক্রি হয়ে যায়। টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ আয়োজক সংগঠনটি বিড়াল উদ্ধারে ব্যয় করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্যাট ক্যাফে ট্রেনে ভ্রমণ করা মিকিকো হায়াশি নামের এক যাত্রী বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষকে আরও সচেতন করে তোলা সম্ভব। এতে করে বেয়াড়া বিড়াল হত্যা আরও কমে আসবে। দুই বেয়াড়া বিড়াল তাঁর বাড়িতেও রয়েছে বলে জানান মিকিকো।
জাপানে শুধু বিড়ালের সংখ্যাই প্রায় ৯৮ লাখ। এই বিপুল সংখ্যার কারণেই দেশটিতে দলছুট বিড়াল-কুকুরের দেখভাল করতে বিভিন্ন কেন্দ্র গড়ে উঠেছে। ২০০৪ সালে এসব কেন্দ্রে জমা পড়া বিড়ালের সংখ্যা ছিল ২ লাখ ৩৭ হাজার ২৪৬টি। এ ছাড়া হত্যা করা হয় ২ লাখ ৩৮ হাজার ৯২৯টি। তবে পরবর্তী এক যুগে এ সংখ্যা যথেষ্ট কমে এসেছে। ২০১৬ সালে বিভিন্ন কেন্দ্রে জমা পড়ে ৭২ হাজার ৬২৪ বিড়াল। এ বছর হত্যা করা হয় ৪৫ হাজার ৫৭৪টি। মানুষ সচেতন হওয়ায় সংখ্যাটা কমে এসেছে বলে মনে করছেন অনেকে।