বিয়ন্দোর ফুটবল কারিকুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুটবল নিয়ে কারিকুরি দেখিয়ে জনপ্রিয়তা পেয়েছেন ইতালিয়ান তরুণী লরা বিয়ন্দো। দেখে মনে হবে ফুটবলকে তিনি যেন বশ মানিয়েছেন। এই বশ মানানো ফুটবল নিয়েই গড়ছেন একের পর এক বিশ্ব রেকর্ড। এই যেমন ৪ নভেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লন্ডন কার্যালয়ে গড়লেন নতুন আরেকটি রেকর্ড। পুরো এক মিনিট ধরে নানা কৌশলে পায়ে আটকে রাখলেন বল। এতেই তিনি একজন নারী হিসেবে দখলে নিয়েছেন এক মিনিট ধরে পায়ে বল নিয়ন্ত্রণে রাখার নতুন রেকর্ড। নিজের কীর্তি গড়ার মুহূর্তটুকু তিনি ফেসবুকে ভক্তদের দেখিয়েছেন সরাসরি।
নতুন রেকর্ডের স্বীকৃতি হাতে পেয়েই ফেসবুকে এই তরুণী লিখেছেন, ‘হ্যাঁ, আমি পেরেছি; আমার আগের চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে। এখন নতুন রেকর্ড গড়ার পালা।’ শুধু এতটুকু বলেই থামেননি এই তরুণী। ভক্তদের কাছে জানতে চেয়েছেন, তাঁকে নতুন কোন রেকর্ডের মালিক দেখতে চান তাঁরা।
লরা বিয়ন্দো ১০ বছর বয়সেই যোগ দেন তরুণদের ফুটবল ক্লাব ওয়েস্টন এফসিতে। এ সময় বিভিন্ন কৌশল রপ্ত করেন লরা। ফোরোনি ও বার্দোলিনো—এ দুই দলের হয়েই খেলেছেন ইতালির ​িলগে। ভাইও ফুটবল খেলতেন। এ সুবাদে ভাইয়ের কাছেও সহযোগিতা পেয়েছেন। ফ্রিস্টাইলের রেকর্ডে নতুন এক রূপ দিয়েছেন লরা। পুরস্কার পেয়েছেন ফ্রিস্টাইলের নানা প্রতিযোগিতায়। ফুটবল পায়ে নিয়ে এমন নৈপুণ্য দেখানোর জন্য তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় এই ইতালিয়ান তরুণী।
তিনি বর্তমানে ফ্রিস্টাইল ফুটবল ফেডারেশনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। সেই সঙ্গে সংগঠনটির লন্ডনের প্রধান কার্যালয়ে নারীদের ফ্রিস্টাইল ফুটবলের প্রধান প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও লরা বিয়ন্দো ডটকম অবলম্বনে
এস এম নজিবুল্লাহ চৌধুরী