বিয়ে উৎসবে মানুষের ঢল
দুপুরের পর থেকে মানুষের ঢল নেমেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বিয়ে উৎসবের স্টলগুলোতে ভিড় জমিয়েছেন বিয়ের নানা আয়োজনের তথ্যের জন্য উৎসুক দর্শনার্থীরা। মেকআপের প্যাকেজগুলো, হলুদ-বিয়ে-সংবর্ধনা মিলিয়ে ছবি তোলার খরচ, পালকির খরচ—জানতে উৎসুক মানুষ ভিড় করেছেন পন্ডস-নকশা বিয়ে উৎসবে।
বিয়ে উৎসবে সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান কিউবেলা, রেড বিউটি পারলার অ্যান্ড স্পা, ক্লিওপেট্রা বিউটি স্যালন ও হারমনি স্পা তাদের বউ সাজানোর নমুনা দর্শনার্থীদের দেখাতে কনের মডেল সাজিয়ে এনেছিলেন। উৎসুক নারী-পুরুষেরা ছবি তুলেছেন সেসব মডেল কনের সঙ্গে। প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে অনেকে জানতে চেয়েছেন এই সাজের খরচ সম্পর্কে।

বিয়ে উৎসবে আগত দর্শনার্থীদের সবচেয়ে আগ্রহ ছিল বিয়ের ছবি ও ভিডিও ধারণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে। সেসব স্টলে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থীর ভিড়। বিয়ের পরে বিয়ে স্মৃতিকে ধরে রাখতে ছবি ও ভিডিওর যেকোনো বিকল্প নেই, সে কথা এখন আর মানুষকে বলে দিতে হয় না।

বিকেলে একজন কনেকে একটি খোলা পালকিতে তুলে নিয়ে পুরো উৎসব প্রাঙ্গণ ঘুরতে দেখা গেছে বিয়েতে পালকি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানকে। মেলায় আগত প্রায় সব নারী দর্শকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এই পালকি। তাঁদের পালকির ভেতরে বসে মুঠোফোনের ক্যামেরায় ছবি তুলে নিতে দেখা গেছে। এ ছাড়া সারা উৎসব প্রাঙ্গণ ছিল সেলফি শিকারিদের দখলে।

প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশনের স্টলেও ছিল চোখে পড়ার মতো ভিড়। বিয়ে উৎসবে আসা দর্শনার্থীরা এই মেলা থেকে প্রথম আলোর ‘বর্ণিল বিয়ে’ ম্যাগাজিনটি সংগ্রহ করছেন। নকশার রান্নার বইগুলোও ভালো বিক্রি হচ্ছে।
উৎসবটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল টোয়েন্টিফোর।

আরও পড়ুন...