বিয়ে নিয়ে আয়োজন
গীতাঞ্জলিহালকা আলো-আঁধারির মধ্যেই একে একে তিন জোড়া বর-কনে হাজির মঞ্চে। তিন জুটির তিন ধরনের সাজ। এক বরের পরনে শেরওয়ানি আর চুড়িদার। কাতানের ওড়না জড়ানো কনের খোলা চুল। আর হাত, কান, গলা ও নাকে ভারী গয়নার ব্যবহার। পরের জুটির বর-কনে দুজনের মাথাতেই টোপর। বরের পরনে শেরওয়ানি আর বাহারি নকশার ধুতি। নীল ওড়না জড়ানো কনের লাল টুকটুকে পোশাক। এর পরের জুটির বর শার্ট, প্যান্ট-কোট আর টাইতে পুরোদস্তুর ফরমাল। তার হাতে হাত রেখে হেঁটে আসা কনে পরেছেন সাদা গাউন। গলায় হালকা গয়না আর চুলে জড়ানো ওড়না। বিয়েবাড়ি আসবে আর খাবার থাকবে না তাই কি হয়! আর তাই, বর-কনের পর পরই একদল ওয়েটার হেঁটে আসেন মঞ্চে। একেকজনের হাতে লোভনীয় সব খাবার। মাছ, আস্ত খাসি, কেক বা ডেজার্ট। ওয়েটারের পর আসেন রান্নার দায়িত্বে থাকা দুই শেফ। সব মিলিয়ে সম্পূর্ণ এক বিয়ের আয়োজন দেখতে পেলেন আগত অতিথিরা। আর বিয়ে নিয়ে চোখধাঁধানো এই আয়োজনটি করেছিল যৌথভাবে হোটেল ওয়েস্টিন ঢাকা এবং গীতাঞ্জলি। দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘গীতাঞ্জলি ওয়েডিং ফেস্টিভ্যাল ২০১২’ অনুষ্ঠানের গ্র্যান্ড গালা নাইটের এই শো অনুষ্ঠিত হয় গুলশানের হোটেল ওয়েস্টিনে ১০ নভেম্বর। গীতাঞ্জলি ঢাকার স্বত্বাধিকারী সোহানা রউফ চৌধুরী বলেন, ‘আমরা চেয়েছি বিয়ে নিয়ে নতুন ধরনের একটি আয়োজন করতে। আলাদা কিছু উপহার দিতে।’ফ্যাশান শোর দ্বিতীয় কিউতে উঠে আসে বিয়ের সাজের চমৎকার সব পোশাক। সিল্ক শাড়িজুড়ে বাহারি কাজ, নানা ধরনের পাথর, চুমকি বা পাইপিং দিয়ে নকশা করা লেহেঙ্গা। শাড়ির সঙ্গে মিলিয়ে পিঠখোলা স্লিভলেস ব্লাউজ। কানে ও গলায় পাথরের ভারি গহনা। অন্ধকারের ভেতর দিয়ে হঠাৎ দর্শকদের পেছন থেকে হেটে আসেন বরের সাজে নতুনত্ব আনা একদল পুরুষ মডেল। মখমলের ফুলহাতা ফতুঞ্জি কাটের পোশাকের সঙ্গে ধুতি পাজামা। পায়ে নাগরা আর মাথায় লাল পাগড়ি। গলায় ভারী মালা। শোয়ের শেষের দিকে ছিল ভিন্নধর্মী একটি আয়োজন। ধোঁয়া ছড়ানো মঞ্চে উঠে আসে একদল সাদা পরি। তবে তারা নারী নয়, পুরুষ। কৃত্রিম সাদা ডানায় ভর করে তারা নেমে আসে মঞ্চে। এরপর বাঁশের তৈরি বাহনে চড়ে সাদা পোশাকে নেমে আসেন নারী মডেলরা। শোর সবশেষ আকর্ষণ ছিল মিস ইন্ডিয়া ২০১২ অংকিতা শোরে। লাল কমলার মিশেলে তৈরি লেহেঙ্গা পরে মঞ্চে হেঁটে আসেন তিনি। সঙ্গে মিলিয়ে পাতলা ওড়না এবং গয়না। মাথায় টিকলি। তিনি বলেন, ‘এবারই প্রথম বাংলাদেশে এসেছি। ভালো লাগাটা শুরু হয়েছে বিমানবন্দরে নেমেই। অনেক ভালো লাগছে এখানকার মানুষদের। আর খাবারের কথা না বললেই নয়। এ দেশের পোশাকও অনেক চমৎকার, নানা ধরনের দারুণ সব ডিজাইন।’এর আগে এখানে দর্শকেরা ঘুরে দেখেছেন বিয়ের আয়োজনের নানা কিছু নিয়ে স্টল। পোশাক, বিয়ের ছবি, খাবার ইত্যাদি সুবিধা দেওয়া নানা প্রতিষ্ঠান স্টল দেয় এখানে।পন্ডস দ্য লাস্টরাস রানওয়ে৯ নভেম্বর, শুক্রবার। অন্যসব দিনগুলোর মতো খুব সাদামাটা একটা দিন হতে পারত সেদিন। কিন্তু ‘পন্ডস দ্য লাস্টরাস রানওয়ে’ ফ্যাশন শোটি সেদিনের সন্ধ্যাকে উৎসবের রঙে রঙিন করে রেখেছিল।শীত আসছে। উৎসবের আমেজ এখন ঘরে ঘরে। এ সময় বিয়ের আয়োজন অন্য সময়ের থেকে বেশি। বিয়েকে ঘিরে বর-কনের ঘরে সাজসাজ রব ওঠে। তাই পুরো ফ্যাশন শোটিই ছিল বিয়েকে কেন্দ্র করে। সেদিন সন্ধ্যা নামতেই ঢাকার গুলশানের অভিজাত হোটেলটিতে ঢল নেমেছিল মানুষের। হলে যখন তিল ঠাঁই আর নাহিরে, তখনই আলো-আঁধারির মঞ্চ উজ্জ্বল আলোয় ভেসে শুরু হলো ফ্যাশন শো। পন্ডস ও ইনফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্টের যৌথ আয়োজনে এই শোর আরও একটি লক্ষ ছিল; তারা চেয়েছিল উঠতি প্রতিভাবান ফ্যাশন ডিজাইনারদের অনুপ্রাণিত করতে। ফ্যাশন ডিজাইনারাও তাঁদের সর্বোচ্চ সৃষ্টিশীলতায় তৈরি করেছিলেন মনোমুগ্ধকর সব পোশাক। বাছাই করা যেসব ডিজাইনার তাঁদের পোশাক প্রদর্শন করেছিলেন, তাঁরা হলেন চমন চৌধুরী, সানাহ শরীফ, সাবাহ শাফিন, শাহরিনা হক, মুশাররাত বিদিতা ও নওরীন ফারিযা। রাজকীয়তা আর জাঁকজমকের মিশেলে ডিজাইনাররা তৈরি করেছিলেন তাঁদের পোশাক। পুরো ফ্যাশন শোটিতে বৈচিত্র্য আনতে আয়োজন করা হয় সুফিগানের। মোস্তাক আলী খানের দরাজ গলার গানের সঙ্গে তাল মিলিয়ে চলে পুরো ফ্যাশন শো। অজান্তেই রাত বাড়তে থাকে। বাড়তে থাকে পোশাকের সম্ভার। সুরলহরি সেই সন্ধ্যাকে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর করে চলে।