বিয়েতে ঐতিহ্যবাহী মিষ্টি
বিয়ের অনুষ্ঠানে পোলাও, কোরমা এসব খাবারের পরপর মিষ্টি পরিবেশন করাটা যেন বাঙালি রীতির অংশ। আর এ মিষ্টি খাবারের আয়োজনে যদি থাকে বাঙালির ঐতিহ্যবাহী কুুমিল্লার রসমালাই, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, তাহলে তো কথাই নেই। কিন্তু এত পদের মিষ্টি একত্রে আনার জন্য কি এসব স্থানে যাওয়া সম্ভব? তাই জেনে নিন ঢাকাতেই কোথায় পাবেন এসব।‘কুমিল্লা, বগুড়া, টাঙ্গাইল—এ তিন স্থানে কিছু এজেন্ট থাকে, যারা ঢাকার বিভিন্ন স্থানে রসমালাই, দই, চমচম এসব মিষ্টিজাতীয় পণ্য সরবরাহ করে থাকে। বিয়ের আয়োজনের ক্ষেত্রে অন্তত দুই দিন কিংবা এক দিন আগে অর্ডার দিতে হয়। বিয়েতে অনেক মিষ্টির অর্ডার একসঙ্গে দেওয়া হয়ে থাকে। আগে থেকে অর্ডার না দিলে পরে বিপাকে পড়তে হয় আমাদের’—বলছিলেন ঢাকার ভাগ্যকুল মিষ্টি ভান্ডারের বিক্রেতা।কোথায় পাবেনঢাকার কিছু দোকানে আপনি পেতে পারেন ঐতিহ্যবাহী এসব মিষ্টি। ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে কিছু মিষ্টির দোকান, যেমন—আদি টাঙ্গাইল চমচম ঘর (পূর্ব রামপুরা, বাসাবো ফ্লাইওভারের নিচে), চমচম ঘর (খিলগাঁও/ধানমন্ডি), টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম (আরামবাগ), বৈশাখী সুইটস (মহাখালী), ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার (পশ্চিম রামপুরা)। এসব মিষ্টির দোকানে আপনি পেতে পারেন ঐতিহ্যবাহী টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই। এ ছাড়া আপনি যদি চান, তাহলে আপনার বাসায় গিয়ে এসব ঐতিহ্যবাহী মিষ্টি পৌঁছে দিয়ে আসবে উপহারবিডি নামের একটি প্রতিষ্ঠান। ঢাকার ধানমন্ডিতে রাপা প্লাজার বিপরীত পাশে তাদের শাখা রয়েছে। দরদামঢাকার বিভিন্ন স্থানে এসব ঐতিহ্যবাহী মিষ্টির দরদামে রয়েছে ভিন্নতা। ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানে আপনি পাবেন ঐতিহ্যবাহী কুমিল্লার রসমালাই কেজিপ্রতি ২০০-২৫০ টাকা, বগুড়ার দই কেজিপ্রতি ১৫০-২০০ টাকা, টাঙ্গাইলের চমচম কেজিপ্রতি ২০০-৩০০ টাকা। উপহারবিডিতে টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম পাবেন প্রতি কেজি ৫৮১.৭৫ টাকা।