বিয়েতে কি পালকি থাকবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পালকিতে বসে ছবি তুলছেন এক তরুণী। ছবি: খালেদ সরকার
পালকিতে বসে ছবি তুলছেন এক তরুণী। ছবি: খালেদ সরকার

হারমোনি মিলনায়তনে সানাই বাজছে। সানাইয়ের সেই সুর ছড়িয়ে পড়ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিল্কিওয়ে হয়ে চারপাশে। মিল্কিওয়েতে রাখা তিন ধরনের পালকির একটির ভেতরে ঢুকে পড়েন নুসরাত। বাইরে থেকে মোবাইল ফোনে স্ত্রীর ছবি তোলেন দন্তচিকিৎসক মেহেদী। ছয় মাস হলো তাঁদের আক্‌দ হয়েছে। শিগগিরই বিয়ের অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে কি পালকির ব্যবস্থা থাকবে?

আজ মঙ্গলবার ‘পন্ডস-নকশা বিয়ে উৎসব-২০১৬’-এর দ্বিতীয় দিনে মিল্কিওয়েতে দেখা মেলে নুসরাত-মেহেদী দম্পতির। সেখানে তাঁদের সঙ্গে কথা হয়।
বিয়ের অনুষ্ঠানে কোন সৌন্দর্য বিশেষজ্ঞের হাতে সাজতে চান—জানতে চাইলে নুসরাত বলেন, ‘এখনো ঠিক করিনি। সেটা বোঝার জন্যই এই উৎসবে এসেছি। উৎসব ঘুরে গিয়ে পরিকল্পনা করব।’

সানাইয়ের সুর আকর্ষণ করেছে—এরকম এক জুটি সায়েম ও নওশিন। একজন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অন্যজন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। দুজনেরই পড়াশোনা শেষের দিকে। পড়া শেষ হলেই বিয়ে।

পালকিতে বসিয়ে মায়ের ছবি তুলছে এক শিশু। ছবি: খালেদ সরকার
পালকিতে বসিয়ে মায়ের ছবি তুলছে এক শিশু। ছবি: খালেদ সরকার

নওশিনের ইচ্ছে দেশের বাইরে মধুচন্দ্রিমায় যাওয়া। কিন্তু উৎসবে এসে ভাবনায় পড়ে গেছেন তিনি। এখন তাঁর মূল্যায়ন—দেশেই তো বেড়ানোর ভালো জায়গা আছে। বিভিন্ন ভ্রমণ-প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও প্যাকেজগুলোও বেশ ভালো।

উৎসবে আসা আরও কয়েক জুটির সঙ্গে কথা বলে জানা যায়, এই উৎসব তাঁদের বিয়ের আয়োজনকে সহজ করে দিয়েছে। উৎসবে এসে তাঁদের পরিকল্পনায় নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে।

আলভি ও নওশিন নামের এই জুটি জানালেন, বিয়ের সাজে আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। তাঁরা ছোটবেলা থেকে যেসব সাজ দেখে বড় হয়েছেন, সেসব সাজ এখন সেকেলে হয়ে গেছে।

উৎসবে সকাল থেকে সানাই বাজাচ্ছেন শিল্পী মতুর্জা কবীর। তিনি ছায়ানটে বাঁশি শেখান। আর সমীর কাউয়াল শোনাচ্ছেন কাওয়ালি।

ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠানের অ্যালবাম দেখছে এক জুটি। ছবি: খালেদ সরকার
ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠানের অ্যালবাম দেখছে এক জুটি। ছবি: খালেদ সরকার

উৎসবটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর।

পন্ডস-নকশা বিয়ে উৎসবের আয়োজক প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা ও ইউনিলিভারের প্রসাধনসামগ্রী পন্ডস।

আজ উৎসবের শেষ দিন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই উৎসব সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে থাকছে গান, প্রশ্নোত্তর, ফটোসেশনসহ নানা আয়োজন। রাতে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো থাকছে।

বিয়ের উৎসবের শেষ দিন
বিয়ের উৎসবের শেষ দিন