-ঈদের দিনে বিয়ের অভিজ্ঞতা খুব কম মানুষের জীবনেই আসে।
-সে না হয় বুঝলাম, কিন্তু ঈদের দিন বরযাত্রী পাব কোথায়? সবাই তো ঈদের খুশি নিয়েই ব্যস্ত থাকবে।
-তুমি চুপ কর। বয়স তো প্রায় ৫০ ছুঁই ছুঁই করছে। পারলে না তো নিজের জন্য কোনো মেয়ে জোগাড় করতে। নিজের সর্বনাশ তো করেছ, এখন এসেছ ভাতিজাকে দলে ভেড়াতে। অপদার্থ কোথাকার, হুহ।
-বাঁধন, তোর বিয়ে কালই হবে। ঈদের দিনই হবে। কোনো সমস্যা?
দাদু সেই আমলের জাঁদরেল দারোগা। ভাঙা থানায় কাইজ্জা বাঁধলে এখনো এসআই ফারুখের নাম বললেই সব ঠান্ডা হয়ে যায়।
-কীরে কথা বলছিস না কেন? হুংকার দিয়ে উঠলেন দাদু। আমি আতুমাতু করে বললাম,
-না।
-না মানে?
-হ্যাঁ।
-সুজাত।
-জী আব্বা।
-কনের বাড়ি ফোন কর। জানিয়ে দাও আমরা কালই আসছি। কালই বিয়ে।
আমাদের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাইল চল্লিশের মতো হবে। চাচু পাঁচটি মাইক্রোবাস ভাড়া করেছেন। গাড়িগুলো বাড়ির সামনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বরযাত্রীর জন্য যাদের বলা হয়েছে এখনো তাদের কারও দেখা নেই। আমি শেরওয়ানি-পাগড়ি পড়ে রুমাল হাতে বসে আছি। চাচা সেল-ফোন কানে ধরে ব্যস্তভাবে বারান্দায় পাইচারী করছেন। দাদু নামাজ সেরে বেড়িয়ে এসে বললেন,
-লোকজন সব কই? সুজাত কই, সুজাত। চাচা মুখ কাঁচুমাচু করে বললেন,
-কেউ এখনো আসে নি। আপনার কথা মতো পাঁচটি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। দেরি দেখে ড্রাইভাররা সব গাড়িতে বসে ঘুমাচ্ছে।
মাগরিবের আজান হয়ে গেছে। তখনো বরযাত্রীর কোনো খবর নেই। কেবল হারু চাচা এসেছেন। ভদ্রলোকের বয়স প্রায় দাদুর সমান। হয়তো বয়সজনিত কারণে উনি কথা একটু বেশি বলেন। স্বভাবতই তিনি এ গল্প ও গল্প বলতে শুরু করলেন। কেউ যে তার গল্প শুনছে না বরং বিরক্ত হচ্ছে সেদিকে ওনার কোনো দৃষ্টি নেই। মানুষ দেখলেই উনি এই মহৎ কাজটি করতে শুরু করেন। হারু চাচা তার তিন নম্বর গল্পটি শুরু করলেন,
-একটা মজার গল্প বলি শোনো, আমার শ্যালক সিদ্দিকের বিয়ের বরযাত্রী যাচ্ছি। শ্রাবণ মাস। ঝুম বৃষ্টি।
-রাখো তোমার গপ্প। খেঁকিয়ে উঠলেন দাদু। সুজাত, লোকজন এখনো আসছে না কেন?
-আসবে আব্বা। একটু ধৈর্য ধরেন।
হারু চাচা দাদুর ধমকটি একটু হজম করে নিয়ে আবার শুরু করলেন,
-ফুলবাড়িয়া গ্রামের মতি মিয়ার মেয়ের সঙ্গে বিয়ে। তোমার চাচির মুখে শুনেছি মেয়ে নাকি অত্যন্ত সুন্দরী। তবে চারিত্রিক একটু সমস্যা আছে। কিন্তু সিদ্দিক তোমার চাচির বারণ মানবে না। ওই মেয়েকেই তার চাই। জগতে সৌন্দর্যের যে কত ক্ষমতা আল্লাহপাক দিছেন! রাত তখন ১২ টা। মধ্য মাঠে বরযাত্রী চলছে। হঠাৎ শুরু হলো বৃষ্টি। কোথাও আশ্রয় নাই। কাঁদা পানিতে একাকার অবস্থা।
-চুপ। আর একটা কথা বললে কিন্তু হাজতে ভরে দেব। কবি আসছে গল্প বলতে, হুহ। সুজাত, বরযাত্রীর খবর কী? এশার আজান শুরু হয়েছে। এখনো তাদের খবর নাই কেন?
-আমি বলেছিলাম না আব্বা। ঈদের দিনে বিয়ে মুশকিল হবে। যাকেই ফোন দিই বলে বেড়াতে গেছে, পথে আছে, আসছে।
-আসুক, সব কটাকে হাজতে ভরব।
রাত তখন সারে ১২ টা। বরযাত্রী কনের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। চারদিকে মধ্য রাতের ঘন অন্ধকার। সুজাত চাচা বলল,
-আমার মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। এখন ডাকাডাকি করাটা ঠিক হবে কি? দাদু গর্জে উঠে বললেন,
-তাহলে কী করব? ভোর হওয়া পর্যন্ত বর কোলে নিয়ে বসে থাকব? গাধা কোথাকার? চল গিয়ে দেখি।
এগিয়ে দেখি, বাড়ির প্রবেশ পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে মাঝারি একটি গেট। আমরা গেটের সামনে দাঁড়াতেই লাইটগুলো সব জ্বলে উঠল। হই-চই শব্দে ভেতর থেকে বাচ্চা ছেলে-মেয়েরা আওয়াজ তুলল,
বর আসছে, বর আসছে।